জনতাকে সোচ্চার হতে আহবান মমতার
জনতাকে দুর্নীতি ও গোপন সমঝোতার ব্যাপারে সোচ্চার হতে আহবান জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল রোববার নিজের ফেসবুক পাতায় এই আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে ক্ষমতাসীন কংগ্রেসকে কটাক্ষ করেছেন মমতা। টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়।ভারতে রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে কংগ্রেস ও তৃণমূল বিরোধের জেরে গত শুক্রবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘খেলা এখনো শেষ হয়নি।’ এর এক দিন পরই তাঁর মন্তব্যের সত্যতা পাওয়া গেল। মমতার অভিযোগ, রাষ্ট্রপতি পদে অর্থমন্ত্রী প্রণব মুখার্জিকে প্রার্থী করার পেছনে রয়েছে টাকা, ক্ষমতা আর প্রতারণার খেলা।ভারতের ১৩তম রাষ্ট্রপতি হিসেবে মমতার পছন্দ এ পি জে আবদুল কালাম। তিনি ভেবেছিলেন, মুলায়ম সিং যাদব তাঁর সঙ্গেই আছেন। কিন্তু কংগ্রেসের সঙ্গে দরকষাকষিতে সন্তুষ্ট হয়ে প্রণবকে সমর্থন জানান মুলায়ম সিং। মায়াবতীও একই পথে হেঁটেছেন। এতে প্রণব-বিরোধিতার রাজনীতি করতে গিয়ে মমতা শরিকদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। গত শনিবার থেকে কালামের প্রার্থিতার পক্ষে তিনি ফেসবুক প্রচারণায় নামেন। ফেসবুকে এটাই তাঁর প্রথম আত্মপ্রকাশ। সেখানে করা প্রথম মন্তব্যে তিনি লিখেছেন, ‘রাষ্ট্রপতি হিসেবে ভারতের লাখ লাখ মানুষ যাঁকে দেখতে চায়, তাঁর পক্ষেই আমার সমর্থন।’গতকাল মমতা দাবি করেন, কালামের প্রার্থিতার পক্ষে ফেসবুকে তিনি ব্যাপক সাড়া পেয়েছেন। এ জন্য তিনি তাঁর সমর্থকদের ধন্যবাদও জানান।ফেসবুকে করা এবারের মন্তব্যে মমতা বলেন, রাজনীতিতে নৈতিকতা ক্ষয় হয়ে যাচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে যা হয়েছে, তা রাজনৈতিক বিষয় নয়। রাষ্ট্রপতি পদে প্রণবের প্রার্থিতা নিয়ে মুলায়েম সিং যাদবের সঙ্গে মনমোহন সিংয়ের যে সমঝোতা হয়েছে, এর পেছনে কাজ করেছে গোপন লেদদেন। এ জন্য তিনি দুর্নীতি ও গোপন সমঝোতার বিরুদ্ধে লড়াই করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।