জনতার কাছে আসতে টুইটারে মনমোহন
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে আত্মপ্রকাশ করছেন। এর মাধ্যমে তিনি তাঁর কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করবেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা বিবিসিকে জানান।মনমোহন সিংয়ের টুইটার অ্যাকাউন্ট হচ্ছে অ্যাট পিএমওইন্ডিয়া(@PMOIndia)। মনমোহনের যোগাযোগ কর্মকর্তাদের একটি দল এটি পরিচালনা করবে। এর ফলে টুইটারের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম জানতে পারবে জনগণ।গত সোমবার টুইটারে যোগদানের পর মোট চারবার টুইট করেন মনমোহন সিং। এবং তারই মধ্যে টুইটারের ১২ হাজারেরও বেশি সদস্য তাঁকে অনুসরণ করেন।ভারতের গণমাধ্যমগুলোর সঙ্গে দূরত্বের কারণে অনেক দিন ধরেই সমালোচিত হয়ে আসছেন মনমোহন সিং। ভারতের গণমাধ্যমগুলোতে খুব কম সময়ই সাক্ষাত্কার দিতে দেখা যায় মনমোহনকে।প্রধানমন্ত্রীর কার্যালয় একজন কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিদিন বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বিভিন্ন কাজে বছরে ৩০ থেকে ৪৫ বার বিদেশ ভ্রমণ করছেন মনমোহন। কিন্তু এসব কার্যক্রমের কোনোটিই খুব ভালোভাবে জনসমক্ষে প্রচারিত হচ্ছে না। মানুষকে এসব তথ্য জানাতে সহায়তা করবে টুইটার। বিশেষ করে তরুণ-তরণীদের খুব কাছে পৌঁছতে পারবেন মনমোহন।এর মধ্যেই দেশটির জনগণ টুইটারেই তাদের প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করেছে মনমোহনের কাছ থেকে। একজন টুইটার ব্যবহারকারী মনমোহনের কাছে জানতে চেয়েছেন, তিনি (মনমোহন) নির্বাচনী সংস্কার-সংক্রান্ত কার্যক্রম কবে থেকে শুরু করবেন।