জনতার মুখে মুখে নাম হয়ে গেল শহীদ মিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলা...আরে ইয়ে তো লোকাল ডাইলেক্ট হ্যায়’—বাংলাকে এভাবেই তুচ্ছতাচ্ছিল্য করত তত্কালীন পশ্চিম পাকিস্তানিরা। পাকিস্তানের শিক্ষার মাধ্যম হতে পারে এমন কোনো উপযুক্ত ভাষা ছিল না, ভারতের উত্তর প্রদেশের মুসলমানদের ভাষা ছিল উর্দু। সেই উর্দুকেই ধার করে নিজস্ব ভাষা করতে চাইছিল পাকিস্তানিরা।ঢাকা মেডিকেল কলেজে আমি ভর্তি হলাম ১৯৪৮ সালে। প্রায়ই দেখতাম কলেজের সামনের ইউক্যালিপটাস গাছগুলোতে সরকারের বিরুদ্ধে এবং বাংলা ভাষার পক্ষে পোস্টার লাগানো। খুঁজতে লাগলাম কারা এই পোস্টার লাগায়। একসময় সন্ধানও পেয়ে গেলাম—আলী আছগর ও সাইদ হায়দার অগ্রণী ভূমিকায় ছিলেন এ কাজের। তাঁদের সঙ্গে কাজ শুরু করলাম। ১৯৫১ সালের ৩১ জানুয়ারি ঢাকা ওয়াল লাইব্রেরিতে সর্বদলীয় সভা ছিল। আমরা সিদ্ধান্ত নিলাম, এই আন্দোলনকে এবার জঙ্গিরূপ দেব। ১৯৫১ সালে ঢাকা মেডিকেল কলেজের ছাত্রসংগঠনের নির্বাচনে সহসভাপতি হলেন গোলাম মাওলা, আমি সাধারণ সম্পাদক। গোলাম মাওলা ১৯ ফেব্রুয়ারি আমাকে বললেন, ‘ঢাকার লোক এ আন্দোলনের বিরুদ্ধে গেলে আমরা হেরে যাব।’ঢাকার মুসলমানদের ২২টি প্রধান এলাকা ছিল, বলা যেতে পারে ২২টি পঞ্চায়েত। এর প্রধান সর্দার ছিলেন মির্জা আবদুল কাদের সর্দার। অনেক বোঝানোর পর তিনি আমাদের পক্ষে থাকার সিদ্ধান্ত নিলেন। কাদের সর্দারের হুকুম শুনে গোলাম মাওলা বললেন, ‘আন্দোলনে আমরা ৫০ শতাংশ জিতে গেছি।’ ২০ তারিখের মিটিং-মিছিল সবই করলাম। দুপুরের পর সরকার ১৪৪ ধারা জারি করল। ২১ তারিখে আমতলায় ডাকা মিটিংয়ে ১৪৪ ধারা ভাঙা না ভাঙা নিয়ে তর্কবিতর্ক চলল। অবশেষে সিদ্ধান্ত নেওয়া হলো, মিছিল বের করা হবে। পুলিশের লাঠিচার্জের মধ্য দিয়ে গ্রেপ্তার করা হলো অনেককে। গোলাম মাওলা আমাকে নির্দেশ দিয়েছিলেন হোস্টেলে ফিরে যেতে। টিনের চোঙা হাতে আমি তখন ১২ নম্বর রুমে দাঁড়িয়ে। ব্যারাকে গুলি চালালো পুলিশ। ভেবেছিলাম, ফাঁকা গুলি। কিন্তু একজন চেঁচিয়ে বললেন, ‘দেখুন, পুলিশের নৃশংসতা।’ তাঁর হাতে ধরা ছিল মগজসহ খুলির কিছুটা অংশ, হাত বেয়ে রক্ত পড়ছিল। পরে জানতে পারলাম, সেটা ছিল রফিকের। ২২ তারিখে আবারও মিছিল। বর্তমানে বাহাদুর শাহ পার্কের কাছে দুজন এবং নবাবপুরে মারা গেল একজন। কিন্তু পুলিশই আজিমপুরে নিহত ব্যক্তিদের কবর দিয়েছিল লুকিয়ে।পাঁচ-ছয় হাজার লোক নিয়ে গায়েবানা নামাজ পড়া হলো ২২ তারিখেই। শহীদদের স্মৃতির উদ্দেশে স্মৃতিসৌধ নির্মাণ করার সিদ্ধান্ত নিলাম ২৩ তারিখে। সারা রাত পরিশ্রম করলাম। ৬০-৭০ জনের একেকটা দল আসে, কাজ করে, পরিশ্রান্ত হয়, চলে যায়। আবার আরেকটি দল আসে। ১১ ফুট উঁচু করার কথা ছিল, কিন্তু ১০ থেকে সোয়া ১০ ফুট উঁচু করার পরই কাজ বন্ধ করতে হলো। কারণ, ভোর হয়ে গিয়েছিল। শহীদ স্মৃতিস্তম্ভের ছবিটা এঁকেছিলেন বদরুল আলম। তিনি আমার এক বছরের সিনিয়র ছিলেন। তাঁকে সহযোগিতা করেন সাইদ হায়দার। সে রাতে ছিল তীব্র ঠান্ডা, ঝিরিঝিরি বাতাস ও গুঁড়িগুঁড়ি বৃষ্টি। সকালবেলা জনতার বিশাল ঢল নামে। দলে দলে লোক দেখতে আসে স্মৃতিস্তম্ভটি। জনতার মুখে মুখে এর নাম হয়ে গেল ‘শহীদ মিনার’। ২৪ তারিখে ভাষাশহীদ শফিউর রহমানের বাবা এটি উদ্বোধন করেন। শফিউর রহমান ২২ তারিখে নবাবপুর রোডে মারা যান। ২৬ ফেব্রুয়ারি বিকেলে ট্রাকভর্তি পুলিশ আসে বেলচা, গাইতি ও শাবল মোটা নারকেলের দড়ি। শহীদ মিনারের চারদিকে প্যাঁচ লাগিয়ে ২৫-৩০ জন পুলিশ টান দিয়ে উপড়ে ফেললো। ১৯৭১ সালেও পাকিস্তানিরা বোমা মেরে প্রথমেই উড়িয়ে দিয়েছিল দ্বিতীয়বার বানানো শহীদ মিনারটি। কিন্তু বাঙালির মন থেকে তা কখনোই ওঠানো যায়নি; বরং তা এখন মানুষের মনে, আরও দৃঢ়ভাবে স্থান করে নিয়েছে।এ প্রজন্মের মন থেকে বাংলা ভাষার প্রতি হীনমন্যতার ভাব চলে গেছে। এই ভাষাটাকে এরা ভালোবাসে। এ বিষয়টি দেখে যাচ্ছি, এটাই একটি মস্ত বড় সান্তনা।কর্নেল (অব.) এস ডি আহমদ : চিকিত্সক, ভাষাসৈনিক