১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়লে অপ্রস্তুত বাঙালি তাৎক্ষণিকভাবে বিশেষ কোনো প্রতিরোধ সৃষ্টি করতে পারেনি। বিচ্ছিন্নভাবে বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত কিছু সশস্ত্র প্রতিরোধ লক্ষ করা যায়। মার্চের চতুর্থ সপ্তাহে তদানীন্তন পূর্ব পাকিস্তানে অবস্থিত ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর, পুলিশ, আনসার ও মুজাহিদ বাহিনীর বাঙালি সদস্যদের দখলদার বাহিনী আক্রমণ করলে তারা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করে এবং তাদের প্রতিরোধ করার চেষ্টা করে। এরপর শুরু হয় দীর্ঘ নয় মাসব্যাপী স্বাধীনতাযুদ্ধের চূড়ান্ত অধ্যায়। এ অধ্যায়ের প্রথম পর্বে ছিল প্রতিরোধ, যা চলে এপ্রিলের শেষ পর্যন্ত। মে-জুন-জুলাই মাস ধরে মুক্তিবাহিনী সংগঠিত হয় ও বিচ্ছিন্ন আক্রমণ শুরু করে। আগস্ট মাস থেকে নভেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত চলে গেরিলা অভিযান ও সম্মুখযুদ্ধ, আর নভেম্বরের শেষ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত ভারতীয় বাহিনীর সঙ্গে চূড়ান্ত আক্রমণ এবং শত্রুর ধ্বংস ও আত্মসমর্পণ।১৯৭১ সালের ৪ এপ্রিল সিলেট জেলার তেলিয়াপাড়ায় দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সদর দপ্তরে দেশের বিভিন্ন এলাকা থেকে সরে আসা বেশ কিছু কর্মরত বা অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন বাঙালি সামরিক অফিসার স্বাধীনতাযুদ্ধের রণনীতি ও রণকৌশল নির্ধারণের জন্য বৈঠকে মিলিত হন।কর্নেল এম এ জি ওসমানী (অবসরপ্রাপ্ত), লে. কর্নেল সালাউদ্দীন মো. রেজা, লে. কর্নেল আবদুর রব (অবসরপ্রাপ্ত), মেজর জিয়াউর রহমান, মেজর কাজী মুহাম্মদ শফিউল্লাহ্, মেজর খালেদ মোশাররফ, মেজর কাজী নুরুজ্জামান (অবসরপ্রাপ্ত), মেজর নূরুল ইসলাম, মেজর শাফায়াত জামিল, মেজর মাইনুল হোসেন চৌধুরী প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন। এ ছাড়া এই বৈঠকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) প্রধান রুস্তমজি, ব্রিগেডিয়ার ভিসি পাণ্ডে, আগরতলার জেলা ম্যাজিস্ট্রেট সায়গল এবং ব্রাহ্মণবাড়িয়ার মহকুমা প্রশাসক কাজী রকিব উদ্দিন উপস্থিত ছিলেন। বৈঠকে সবাই একমত হন যে স্বাধীন বাংলাদেশের সরকার গঠন না হলেও বাস্তবতার প্রয়োজনে মুক্তিবাহিনী গঠন করতে হবে। সভায় কর্নেল এম এ জি ওসমানীকে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি মনোনীত করা হয় এবং যুদ্ধরত মুক্তিবাহিনীকে চারটি সামরিক অঞ্চলে ভাগ করা হয়। বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে, ভারী অস্ত্রশস্ত্র আর গোলাবারুদের অভাব মেটানোর জন্য তারা অবিলম্বে ভারতের সাহায্য প্রার্থনা করবে। ভারতীয় গোয়েন্দা সংস্থার সাহায্যে এসব সিদ্ধান্ত দিল্লিতে অবস্থানরত তাজউদ্দীন আহমদকে অবহিত করা হয়।১০ এপ্রিল বাংলাদেশ সরকার গঠিত হয়। শেখ মুজিবুর রহমানকে ঘোষণা করা হয় সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়ক। এই বাহিনীর নাম দেওয়া হয় বাংলাদেশ বাহিনী, যদিও মুক্তিবাহিনী নামটিই জনপ্রিয় হয়ে ওঠে। বাংলাদেশ বাহিনীকে মোট আটটি অঞ্চলে ভাগ করে একেকজন কমান্ডারকে একেক অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়।১৭ এপ্রিল বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ গঠিত হয়। কর্নেল ওসমানী মন্ত্রীর পদমর্যাদায় প্রধান সেনাপতি হিসেবে শপথ নেন। কলকাতার ৮ থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনীর সদর দপ্তর স্থাপিত হয়। এপ্রিল মাসের শেষ সপ্তাহের মধ্যে মুক্তিবাহিনীর প্রায় সব দল/ইউনিট ভারতে চলে আসে এবং পুনর্গঠিত হতে থাকে। দেশের ভেতরে প্রতিরোধ যুদ্ধ প্রায় থেমে যায়। প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করে তরুণ-যুবকদের প্রতিরোধ যুদ্ধকে নতুন মাত্রা দেওয়ার জন্য ৩০ এপ্রিল ভারতীয় সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়। ৯ মে ভারতীয় সেনাবাহিনী তাদের কার্যক্রম শুরু করে। মে মাসের তৃতীয় সপ্তাহে দুই হাজার তরুণ-যুবক নিয়ে চার সপ্তাহের প্রশিক্ষণ আরম্ভ হয়। বাংলাদেশ বাহিনীর সেক্টরগুলোর সঙ্গে সমন্বয় ও সহযোগিতার জন্য ভারতীয় বাহিনী ছয়টি সেক্টর গঠন করে। এগুলোর নাম দেওয়া হয় ইংরেজি অক্ষরের ক্রমানুসারে, অর্থাৎ এ থেকে এফ পর্যন্ত। জুন মাসে মন্ত্রিপরিষদ যুদ্ধপরিস্থিতি বিশ্লেষণ করে সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থার অধীন নতুন করে যুদ্ধাঞ্চল বা সেক্টর গঠনের সিদ্ধান্ত নেয়। বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য ও যুদ্ধের রণনীতির প্রয়োজনে বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়। প্রথমে মেজর জিয়াউর রহমান ও পরে মেজর রফিকুল ইসলাম পান চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও নোয়াখালী জেলার মহুরী নদীর পূর্বাঞ্চল নিয়ে গঠিত ১ নং সেক্টরের দায়িত্ব; প্রথমে মেজর খালেদ মোশাররফ ও পরে মেজর এ টি এম হায়দার পান ঢাকা, কুমিল্লা, ফরিদপুর ও নোয়াখালী জেলার বৃহত্তর অংশ নিয়ে গঠিত ২ নং সেক্টরের দায়িত্ব; প্রথমে মেজর কে এম শফিউল্লাহ ও পরে মেজর এ এন এম নুরউজজামান পান হবিগঞ্জ, কিশোরগঞ্জ জেলা এবং নরসিংদী ও গাজীপুর জেলার অংশবিশেষ নিয়ে গঠিত ৩ নং সেক্টরের দায়িত্ব; মেজর চিত্তরঞ্জন দত্ত পান মৌলভীবাজার ও সিলেট জেলার অংশবিশেষ নিয়ে গঠিত ৪ নং সেক্টরের দায়িত্ব; মেজর মীর শওকত আলী পান সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলার অংশবিশেষ নিয়ে গঠিত ৫ নং সেক্টরের দায়িত্ব; স্কোয়াড্রন লিডার এম খাদেমুল বাশার পান রংপুর ও দিনাজপুর জেলার অংশবিশেষ নিয়ে গঠিত ৬ নং সেক্টরের দায়িত্ব; প্রথমে নাজমুল হক ও পরে মেজর কাজী নূরউজজামান পান রাজশাহী, পাবনা, বগুড়া এবং দিনাজপুর জেলার অংশবিশেষ নিয়ে গঠিত ৭ নং সেক্টরের দায়িত্ব; প্রথমে মেজর আবু ওসমান চৌধুরী ও পরে মেজর এম এ মঞ্জুর পান কুষ্টিয়া, যশোর, ফরিদপুর জেলার অংশবিশেষ নিয়ে গঠিত ৮ নং সেক্টরের দায়িত্ব; মেজর এম এ জলিল পান বরিশাল, পটুয়াখালী এবং খুলনা ও ফরিদপুর জেলার অংশবিশেষ নিয়ে গঠিত ৯ নং সেক্টরের দায়িত্ব; ভারতীয় নৌবাহিনীর কমান্ডার এম এন সামন্ত পান বাংলাদেশের জলসীমাগুলো নিয়ে গঠিত ১০ নং সেক্টর বা নৌ সেক্টরের দায়িত্ব এবং প্রথমে মেজর এম আবু তাহের ও পরে স্কোয়াড্রন লিডার এম হামিদুল্লাহ খান পান ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা নিয়ে গঠিত ১১ নং সেক্টরের দায়িত্ব। ১০ নং সেক্টর আদিতে নৌ সেক্টর ছিল না। শুরুতে মিয়ানমার সীমান্ত বরাবর উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত অঞ্চল ছিল এই সেক্টরের অধীনে। কিন্তু মিয়ানমার সরকার তৎকালীন বাংলাদেশ সরকারকে সহযোগিতা না করায় বাংলাদেশের সকল জলসীমা এই সেক্টরের অধীনে আনা হয়।১১টি সেক্টরের পাশাপাশি জুলাই ও অক্টোবর মাসে তিনটি ব্রিগেড বা ফোর্স গঠন করা হয়। ফোর্সগুলো কমান্ডারদের নামের আদ্যক্ষর অনুযায়ী পরিচিতি পায়—মেজর জিয়ার ফোর্স ‘জেড ফোর্স’, মেজর শফিউল্লাহর ফোর্স ‘এস ফোর্স’, ও মেজর খালেদ মোশাররফের ফোর্স ‘কে ফোর্স’ হিসেবে পরিচিত হয়ে ওঠে।৫৭ জন বিমান সেনা নিয়ে গঠন করা হয় ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ বিমান বাহিনী। এদের মধ্যে কেউ কেউ বেসামরিক বিমানচালকও ছিলেন। ভারত একটি ডাকোটা বিমান, একটি ওটার বিমান ও একটি এল্যুভেট-৩ হেলিকপ্টার দিয়ে বিমানবাহিনী গঠনে সাহায্য করে। ডিমাপুরে (নাগাল্যান্ড) স্থাপন করা হয় বিমানবাহিনীর সদর দপ্তর। গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকারকে নবগঠিত বিমানবাহিনীর প্রধান নিয়োগ করা হয়। পাকিস্তান বিমানবাহিনী থেকে পালিয়ে আসা বেশির ভাগ বাঙালি সদস্য সেক্টর ও ইনফেন্ট্রি রেজিমেন্টের সঙ্গে থেকে স্থলযুদ্ধে অংশগ্রহণ করেন। বাংলাদেশ নৌবাহিনী জন্ম লাভ করে ১২ অক্টোবর। দুটি ভারতীয় গানবোট নিয়ে নৌবাহিনীর যাত্রা শুরু হয়। এই গানবোট তৈরির প্রক্রিয়া শুরু হয় সেপ্টেম্বর মাস থেকে। গানবোটগুলোর নাম ছিল পলাশ ও পদ্মা। পাকিস্তান নৌবাহিনীর ৫২ জন সাবেক বাঙালি সৈনিক এই নৌবহর পরিচালনা করতেন। কয়েকজন ভারতীয় নৌবাহিনীর নাবিকও এঁদের সঙ্গে যোগ দেন। এ সময় নৌবাহিনীতে বাংলাদেশি অফিসারের অভাব থাকায় ভারতীয় নৌবাহিনীর দুজন বাঙালি অফিসার লেফটেন্যান্ট কমান্ডার কে পি রায় চৌধুরী ও লেফটেন্যান্ট সুশীলকুমার মিত্র যথাক্রমে পলাশ ও পদ্মার অধিনায়কত্ব করেন। ১০ ডিসেম্বর মিত্র বাহিনীর বিমান ভুল করে শত্রুর গানবোট ভেবে পদ্মা ও পলাশের ওপর আক্রমণ চালায় এবং সেগুলো ডুবিয়ে দেয়। পাকিস্তানি নৌবাহিনী থেকে পালিয়ে আসা বাঙালি সদস্যদের বেশির ভাগই সেক্টর ও ইনফেন্ট্রি রেজিমেন্টের সঙ্গে যুক্ত হয়ে স্থলযুদ্ধে অংশ নেন। এঁদের কেউ কেউ নেভাল কমান্ডো হিসেবে বিশেষ প্রশিক্ষণ নিয়ে দেশের ভেতরে নৌযুদ্ধ পরিচালনা করেন। বাংলাদেশ বাহিনী বা সরকারের সরাসরি নিয়ন্ত্রণের বাইরেও স্বতঃস্ফূর্ত ও বিচ্ছিন্নভাবে বেশ কিছু বাহিনী বা দল মুক্তিযুদ্ধে অংশ নেয়; যেমন, টাঙ্গাইলের কাদেরিয়া বাহিনী, বরিশালের হেমায়েত বাহিনী ও সর্বহারা পার্টি, সিরাজগঞ্জের লতিফ মির্জা বাহিনী, ঝিনাইদহের আকবর হোসেন বাহিনী, মুজিব বাহিনী ইত্যাদি।২১ নভেম্বরের আগ পর্যন্ত ফোর্স, সেক্টর ও বিচ্ছিন্ন দলগুলো তাদের নিজ নিজ পরিকল্পনা অনুযায়ী মুক্তিযুদ্ধ পরিচালনা করে। এ সময় অল্প কয়েকটি ব্যাটালিয়ন পর্যায়ের আক্রমণ ছাড়া মূলত ছোট ছোট দলের সাহায্যে গেরিলা যুদ্ধের রণকৌশল অবলম্বন করে মুক্তিযুদ্ধ পরিচালনা করা হতো। নভেম্বরের শেষের দিকে পাকিস্তানি বাহিনীর ওপর চূড়ান্ত আক্রমণের প্রয়োজনে ভারতীয় ও বাংলাদেশ বাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী গঠন করা হয়। ভারতের পূর্বাঞ্চল কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা এর কমান্ডার নিযুক্ত হন। বাংলাদেশ বাহিনীর সব ব্রিগেড ও সেক্টরকে যৌথ বাহিনীর অধীন করা হয়। ৩ ডিসেম্বর পাকিস্তান ভারতের পশ্চিমাঞ্চলে আক্রমণ করলে ভারতীয় বাহিনী পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এরপর শুরু হয় তৎকালীন পূর্ব পাকিস্তানে অবস্থিত পাকিস্তানি বাহিনীর ওপর যৌথবাহিনীর সর্বাত্মক আক্রমণ। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে বাংলাদেশের বিভিন্ন এলাকা ক্রমান্বয়ে হানাদারমুক্ত হতে থাকে। পাকিস্তানি বাহিনী মারাত্মকভাবে পর্যুদস্ত হয়ে পড়তে থাকে। অবশেষে ১৬ ডিসেম্বর ১৯৭১ তারিখ বিকেল পাঁচটায় হানাদার বাহিনীর সর্বোচ্চ নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে রাজধানীর রমনা রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে। মুহাম্মদ লুৎফুল হক: গবেষক, সাবেক সামরিক কর্মকর্তা।[email protected]