জনতুষ্টিমূলক বাজেট না দেওয়ার পরামর্শ সিপিডির
নির্বাচনের বছরে সরকারের ওপর জনতুষ্টিমূলক বাজেট প্রণয়নের চাপ থাকে। বর্তমান সামষ্টিক অর্থনৈতিক অবস্থায় এ ধরনের বাজেট প্রণয়ন না করতে সরকারকে পরামর্শ দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।আজ শনিবার ধানমন্ডিতে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ পরামর্শ দিয়েছে সিপিডি। আসন্ন বাজেট সামনে রেখে সম্মেলনে বেশ কিছু প্রস্তাব তুলে ধরে তারা। সিপিডির পরামর্শ হলো, আগামী অর্থবছরের বাজেটে অর্থ কীভাবে আসবে, তা সুনির্দিষ্ট করা এবং সরকারি ব্যয় সীমিত রাখার দিকে সরকারের মনোযোগী হওয়া উচিত।সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আগামী বাজেটে আয়ের উত্সগুলো আরও সংযত করা উচিত। ব্যয়ের ক্ষেত্রে মিতব্যয়ী হতে হবে। দেশের অর্থনীতির সব ভালো সূচক আন্তর্জাতিক অর্থনীতির সঙ্গে যুক্ত উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির আসল সমস্যা হলো অভ্যন্তরীণ। আর্থিক খাতের ব্যবস্থাপনাই এ ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ। সেদিক থেকে আগামী বাজেট রক্ষণশীল, সংযত, সাবধানী, সতর্ক ও সমঝোতামূলক করতে পারলেই ভালো।সংবাদ সম্মেলনে সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান ও গবেষণা পরিচালক ফাহমিদা খাতুন বক্তব্য দেন।