জনপ্রতিনিধিদের আয় বিবরণী বাধ্যতামূলক করার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রতিনিধিদের জন্য আয় বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক করার সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে এ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় করের হার না বাড়িয়ে পরিধি বাড়ানোর সুপারিশ করা হয়। আবার আয় বিবরণীতে কেউ সম্পদের হিসাব গোপন করলে সেই সম্পদ বাজেয়াপ্ত করারও সুপারিশ করেছে কমিটি। বৈঠক শেষে দুপুরে সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি আ হ ম মোস্তফা কামাল বলেন, দেশের অর্থনীতির যে পরিধি, তার বিপরীতে রাজস্ব আদায় হয় ৬১ হাজার কোটি টাকা। অথচ এটা হওয়া উচিত এক লাখ ২০ হাজার কোটি টাকা। সে জন্য করের হার না বাড়িয়ে পরিধি বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, ‘পরিধি বাড়াতে হলে কী কী করতে হবে, সে বিষয়েও কিছু পরামর্শ আমরা সরকারকে দিয়েছি। সাংসদ, উপজেলা চেয়ারম্যান, সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের বাধ্যতামূলকভাবে আয় বিবরণী জমা দিতে হবে। এ জন্য আইনে যে সংশোধনী আনার প্রয়োজন তা করতে হবে।’কমিটি কর আদায় আইন সহজ করার প্রস্তাব করেছে উল্লেখ করে মোস্তফা কামাল বলেন, সমাজে দুই ধরনের লোক আছে। অনেকে সৎভাবে উপার্জন করে সরকারকে কর দেয়। আরেক শ্রেণী সক্ষম হয়েও কর দেয় না। কিন্তু ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সক্ষম সবাইকে করের আওতায় আনতে হবে। প্রয়োজনে রাজস্ব বিভাগে আলাদা একটি বিভাগ খুলতে হবে। যাদের কাজ হবে আয় বিবরণী জমাদানকারীদের ব্যাপারে খোঁজখবর রাখা। এই বিভাগের তদন্তে কেউ তাঁর স্থাবর-অস্থাবর বা অন্য কোনো সম্পদের হিসাব গোপন করেছেন প্রমাণিত হলে গোপন করা সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার বিধান চালুরও প্রস্তাব করা হয়েছে। এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ না রাখার সুপারিশ করা হয়েছে জানিয়ে সভাপতি বলেন, ‘বিশ্ব অর্থনৈতিক মন্দা মোকাবিলায় গতবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল। এক-এগারোর পরিস্থিতির কারণে অনেক ব্যবসায়ী দেশের বাইরে চলে গিয়েছিলেন। তাঁদের বিনিয়োগের সুযোগ দেওয়ার জন্যও এ সুযোগের দরকার ছিল। কিন্তু এবার আমরা সে সুযোগ চাইছি না। তবে উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়ানোর জন্য কালো টাকা সাদা করার সুযোগ রাখলে সমস্যা নেই। অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং প্রতিষ্ঠান কমপক্ষে পাঁচ বছর টিকে থাকবে—বিনিয়োগকারীর কাছ থেকে এমন নিশ্চয়তা পেলে এমন সুযোগ দেওয়া যেতে পারে।’ কমিটির সভাপতি জানান, কমিটি করদাতাদের কর প্রদানে উৎসাহিত করার জন্য আয় বিবরণী ফরম সহজবোধ্য এবং সম্পদ মূল্যায়ন পদ্ধতি সহজ করার ওপর গুরুত্বারোপ করেছে। পাশাপাশি কর ন্যায়পাল প্রতি ছয় মাসে যাতে সংসদের কাছে প্রতিবেদন দাখিল করে, তার বিধান চালুরও প্রস্তাব করা হয়েছে। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোশাররফ হোসাইন, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান জিয়াউল হক খন্দকারসহ সংশ্লিষ্ট অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।