‘ইউনিয়ন পরিষদ থেকে আমরা কোনো সহযোগিতা পাই না। নির্বাচনের আগে প্রার্থীরা অনেক কথা বলেন। কিন্তু নির্বাচনের পর তাঁদের দেখা মেলে না।’এই আক্ষেপ পঞ্চগড়ের দেবীগঞ্জের দেবীডুবা ইউনিয়নের চর সোনাপাতা এলাকার বাসিন্দা আবদুল মান্নানের (৫০)। একই অভিযোগ লক্ষ্মীরহাট বাবুপাড়ার বাসিন্দা দিলীপ চন্দ্র রায়ের (২৮)। দেবীডুবা ইউনিয়ন পরিষদে (ইউপি) কথা হয় তাঁদের সঙ্গে। একজন এসেছিলেন ভূমিহীন সনদ নিতে, আরেকজন জন্মনিবন্ধন সনদ নিতে। ইউপি চেয়ারম্যান-সদস্য কিংবা সচিবকে না পেয়ে তাঁরা অপেক্ষা করছিলেন দীর্ঘক্ষণ। অবশেষে কাউকে না পেয়ে ফিরে গেলেন। একই ইউনিয়ন পরিষদে সংরক্ষিত নারী সদস্য মরিয়ম বেগমের কাছে এসেছিলেন বেলতলীপাড়ার বাসিন্দা মরিয়ম (৪৫)। তাঁর ভাগনির ওপর পারিবারিক নির্যাতনের বিচার চাইতে এসেছিলেন তিনি। দীর্ঘক্ষণ অপেক্ষা করে ফিরে যান তিনি। খুটামারা অধিকারীপাড়ার অতুল চন্দ্র (২৬) তাঁর মেয়ের জন্মনিবন্ধন সনদের জন্য এসেছিলেন ইউনিয়ন পরিষদে। সবাইকেই অপেক্ষা করতে হয়েছে দীর্ঘক্ষণ। কারও সমস্যার সমাধান হয়েছে, কারও হয়নি।ওই এলাকার বাসিন্দা আরজু মিয়া (৫৫) বলেন, ‘ইউনিয়ন পরিষদে সরকারের কোন কোন দপ্তর আছে জানি না। নির্বাচন এলে আমরা ভোট দেই। নির্বাচনের পর চেয়ারম্যান-মেম্বারদের পাই না।’ পঞ্চগড়, জয়পুরহাট, নওগাঁর ১০টি ইউনিয়ন পরিষদ সরেজমিন ঘুরে একই ধরনের চিত্র মেলে। দেবীগঞ্জ ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন সনদ নিতে এসেছিলেন কয়েকজন নারী-পুরুষ। চেয়ারম্যান কিংবা সচিব কাউকেই না পেয়ে ফিরে গেছেন তাঁরা। নওগাঁর বদলগাছি উপজেলার পাহাড়পুর ইউনিয়ন পরিষদে সালিসের জন্য অপেক্ষা করছিলেন কয়েকজন। চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তাঁদের নিয়ে আলোচনায় বসলেন। বয়স্ক ভাতা নিতে এসেছিলেন কয়েকজন। সবার নাম উঠল না তালিকায়। ফিরে যেতে হলো অনেককেই। ইউপি চেয়ারম্যান ও সদস্যরা জানান, পরিষদের বার্ষিক বাজেট বরাদ্দ খুবই কম, নেই পর্যাপ্ত লোকবল। একজন মাত্র সচিব পরিষদের দাপ্তরিক কাজ করেন। পরিষদের আয়ের উৎস কমে গেছে, রাজস্ব আদায়ে নেই কোনো অগ্রগতি। জন্ম-মৃত্যু সনদ, চারিত্রিক সনদ আর ছোটখাটো সালিসি বৈঠক ছাড়া ইউনিয়ন পরিষদের বিশেষ কোনো কাজ নেই।ইউনিয়ন পরিষদে অনেক কাজ থাকলেও লোকবল আছেন মাত্র একজন। সচিব একাই করেন পরিষদের সব কাজ। এর ওপর কোনো কোনো সচিবকে একাধিক ইউনিয়ন পরিষদে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়। দেবীগঞ্জের দেবীডুবা ইউনিয়নের সচিব আছির উদ্দিন বুধ ও বৃহস্পতিবার দুই দিন বসেন দেবীডুবা ইউনিয়ন পরিষদে। বাকি সময় মূল দায়িত্ব পালন করেন দন্ডপাল ইউপিতে। দেবীগঞ্জ সদর ইউপির সচিব আবদুল আজিজ অতিরিক্ত দায়িত্ব পালন করেন সোনাহার ইউপিতে।নারী সদস্যরা সক্রিয় হতে পারেননি: এক যুগেরও বেশি সময় আগে ১৯৯৭ সালে ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনে নারী সদস্যের পদ সৃষ্টি করা হয়েছে। সরাসরি ভোটে নির্বাচিত হলেও তাঁরা পরিষদের কাজে সক্রিয় হতে পারেননি। পরিষদের চেয়ারম্যান ও পুরুষ সদস্যদের সঙ্গে তাঁদের বিরোধ লেগেই আছে। সরকারি পরিপত্র অনুযায়ী নারী সদস্যরা বিভিন্ন কমিটিতে থাকার সুযোগ পান না। নামেমাত্র কোনো কমিটিতে রাখা হলেও তাতে কোনো কাজ থাকে না। বিধবাদের নামের তালিকা নারী সদস্যদের তৈরি করার কথা থাকলেও এ ক্ষেত্রে তাঁদের কোনো ভূমিকাই থাকে না। সালিস-বিচার, পরিষদের বৈঠকসহ অন্যান্য ক্ষেত্রেও নারী সদস্যদের অংশগ্রহণ সীমিত।বরগুনার কেওড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের নারী সদস্য পাপিয়া সুলতানা বলেন, অনেক চেষ্টা করেও ইউনিয়ন পরিষদে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে পারছিলেন না। ইউএনও ও জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেও কাজ হয়নি। সক্রিয়ভাবে কাজ করতে না পারায় তিনি হাইকোর্টে মামলাও করেন। অবশেষে মামলার রায় তাঁর পক্ষে গেলে পরিষদের কাজ করার সুযোগ পান তিনি। তথ্যসেবা কেন্দ্রের বেহাল দশা: সরেজমিনে ঘুরে দেখা যায়, নানামুখী সংকটে ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্র কাজ করতে পারছে না। দেবীগঞ্জের দেবীডুবা ইউনিয়ন পরিষদের দোতলায় একটি কক্ষে স্থাপন করা হয়েছে তথ্যসেবা কেন্দ্র। কেন্দ্রের পরিচালক স্থানীয় যুবক ভবেশ চন্দ্র রায় জানান, এ কেন্দ্রের জন্য সরকারি কোনো বরাদ্দ নেই। অনুদান হিসেবে এসেছে একটি কম্পিউটার ও একটি ল্যাপটপ। কম্পিউটারে মুদ্রণ ও বাণিজ্যিকভাবে ছবি তোলার আয় থেকে কেন্দ্রের খরচ মেটানো হয়। ইউনিয়ন পরিষদ থেকে তথ্যকেন্দ্রের পরিচালকের বেতন দেওয়া হয়। ভবেশ জানান, এ কেন্দ্রে তথ্যসেবা নিতে কেউ আসেন না।দেবীগঞ্জ সদর ইউপিতে দেখা গেল, পুরোনো ভবনের একটি কক্ষ ছেড়ে দেওয়া হয়েছে ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের জন্য। কেন্দ্রের দায়িত্বে থাকা দুজন কর্মীকে প্রতি মাসে ২০ কেজি করে চাল দেওয়া হয়। এটাই তাঁদের মাসিক সম্মানী। ইউনিয়ন পরিষদ বিভিন্ন খাত থেকে অর্থ বাঁচিয়ে কেন্দ্রটি চালায়। তবে এ কেন্দ্রেও তথ্যসেবা নিতে আসে না কেউ।পরিষদের সরকারি দপ্তরগুলোতে তালা: পরিষদের কমপ্লেক্স ভবনে সাতজন সরকারি বিভাগীয় কর্মকর্তার বসার কথা থাকলেও তাঁদের দেখা মেলে না। বিভাগগুলো হচ্ছে—কৃষি, শিক্ষা, পশুসম্পদ, এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বিআরডিবি ও আনসার ভিডিপি। পরিষদের নতুন ভবন নির্মাণের পর একবারও খোলা হয়নি, এমন অনেক সরকারি দপ্তর রয়েছে। ফলে ওই সব দপ্তরের কাজে এলাকার মানুষকে ছুটতে হয় উপজেলা পরিষদে।দেবীডুবা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত সচিব আছির উদ্দিন বলেন, কৃষি, শিক্ষা, এলজিইডি, জনস্বাস্থ্য, বিআরডিবিসহ অনেক দপ্তর পরিষদে থাকলেও এগুলোর কাজ নেই। গ্রাম আদালত, হোল্ডিং ট্যাক্স আদায়, কিছু প্রকল্প বাস্তবায়ন আর সনদ দেওয়াই ইউনিয়ন পরিষদের প্রধান কাজ। তবে এসব কাজ বাস্তবায়নে আর্থিক ও জনবলসংকট প্রকট। আয়ের উৎস কমে গেছে: আগে স্থানীয় পর্যায়ে পরিষদের আয়ের অনেক উৎস থাকলেও এখন তা কমে গেছে। একসময় হাটবাজার, জলমহাল ইত্যাদির রাজস্ব আদায়ের বিষয়টি ইউনিয়ন পরিষদের আওতায় ছিল। পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।রাজশাহীর চারখাটের সরদহ ইউপি চেয়ারম্যান মতিউর রহমান বলেন, ইউনিয়ন পরিষদ নিজের আয় দিয়ে খুব সামান্য ব্যয় নির্বাহ করতে পারে। ফলে অন্যান্য স্থানীয় সরকারের তুলনায় ইউনিয়ন পরিষদকে সরকারের ওপর অনেক বেশি নির্ভরশীল হতে হয়। সরকারি বরাদ্দই একমাত্র ভরসা। কিন্তু যে বরাদ্দ পাওয়া যায়, তা দিয়ে পরিষদ চালানো কঠিন।স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, অর্থ ও লোকবলসংকট ইউনিয়ন পরিষদ পরিচালনার ক্ষেত্রে বড় বাধা। এর পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে কর্মরত সরকারি বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাদের কাজে সমন্বয়ের অভাব রয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও নেই ইউনিয়ন পরিষদের। এসব অসংগতি দূর করে ইউনিয়ন পরিষদকে কার্যকর করা যেতে পারে।