জনপ্রতিনিধিরা মেয়াদ শেষে ক্ষমতায় থাকতে পারবেন না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্ধারিত সময়ের পর কোনো জনপ্রতিনিধি যাতে ক্ষমতায় থাকতে না পারেন, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কারণ নির্ধারিত মেয়াদের পর জনপ্রতিনিধির আর জনগণের কাছে জবাবদিহি থাকে না। আর তখনই দুর্নীতি-অন্যায় শুরু হয়। সে জন্য মেয়াদ শেষে আর কেউ ক্ষমতায় থাকতে পারবেন না।জাতীয় সংসদে গতকাল বুধবার প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘বিতর্কিত ৮৫ উপজেলা নির্বাচনী কর্মকর্তার ওপর সরকার নজর রাখছে। এসব উপজেলা নির্বাচনী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে বিএনপি দলীয়করণ করেছিল। পরে তত্ত্বাবধায়ক সরকার তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল। কিন্তু তাঁরা মামলা করে আবার চলে এসেছেন। তাঁদের কেউ নির্বাচন প্রভাবিত করতে চাইলে ব্যবস্থা নেওয়া হবে।’জুনায়েদ আহমেদের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ভোটের অধিকার আমাদের সাংবিধানিক অধিকার। এই সাংবিধানিক অধিকার রক্ষায় আমরা যা যা করার তা-ই করব। গণতন্ত্র না থাকলে জবাবদিহিতা থাকে না। জবাবদিহিতা না থাকলে দুর্নীতি হয়।’ তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করতে হবে। এই সরকারের সময় কোনো নির্বাচনেই সরকারি হস্তক্ষেপ ছিল না।ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক ইউনিয়ন পরিষদ মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। আমরা সব ইউনিয়নেই বরাদ্দ দিচ্ছি। কিন্তু মেয়াদোত্তীর্ণ হলে যা হয়। যতই বরাদ্দ পাঠাই, যা হওয়ার তা-ই হচ্ছে। কিছু কাজ হচ্ছে, কিছু পেটে যাচ্ছে।’ তিনি বলেন, শুধু ইউনিয়ন পরিষদ নয়, জনপ্রতিনিধিরা যেন সময় পেরিয়ে যাওয়ার পর না থাকতে পারেন, সে জন্য ব্যবস্থা নেওয়া হবে। আইনের দুর্বলতা আছে। এ জন্য ব্যবস্থা নেওয়া হবে।সাংসদ শাহিন মনোয়ারা হকের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ২০০৬ সালে ভুয়া ভোটার তালিকা করার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়টি নির্বাচন কমিশন বিবেচনা করতে পারে। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যে বিচারপতি এ ধরনের কাজ করেন, তাহলে কী ধরনের বিচারপতি নিয়োগ দেওয়া হলো? তিনি একজন বিচারপতি হয়ে অবিবেচকের মতো কাজ করলেন কীভাবে?’ তিনি বলেন, ‘জনগণের শত শত কোটি টাকা যারা নষ্ট করেছে, অবশ্যই তদন্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। ভবিষ্যতে যেন কেউ আর এ ধরনের কাজ করার সুযোগ না পায়।যানজট নিরসনে পদক্ষেপ নিয়েছে সরকার: এ কে এম রহমতুল্লাহর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর যানজট নিরসনে সরকার ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। যানজট সমস্যা সমাধানে আরও অনেক ফ্লাইওভার ও এলিভেটর (দোতলা) রাস্তা করার পরিকল্পনা আছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজধানীর আশপাশের শহরগুলোতে জনসাধারণের যাতায়াতের সুবিধার জন্য সরকার কমিউটার ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ১০ জোড়া, ঢাকা থেকে জয়দেবপুর পর্যন্ত দুই জোড়া, নারায়ণগঞ্জ থেকে জয়দেবপুর পর্যন্ত এক জোড়া, ঢাকা থেকে দেওয়ানগঞ্জ পর্যন্ত দুই জোড়া এবং ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত দুই জোড়া কমিউটার ট্রেন সার্ভিস চালু আছে।শেখ হাসিনা জানান, ভারত থেকে স্টেট ক্রেডিটের আওতায় যে ১০টি ব্রডগেজ লোকোমোটিভ এবং ১২৫টি যাত্রীবাহী কোচ কেনার প্রক্রিয়া চলছে, তা ২০১১ সালের শেষ নাগাদ পাওয়া যাবে। এগুলো পেলে ঢাকার সঙ্গে আশপাশের জেলাগুলোতে কমিউটার ট্রেন সার্ভিস আরও সম্প্রসারিত করা হবে। অপু উকিলের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকার জন্য আরও বাস আনার পরিকল্পনা রয়েছে, যাতে প্রাইভেট কারের ব্যবহার কিছুটা কমে। অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, সরকার কক্সবাজারের সোনাদিয়া দ্বীপে গভীর সমুদ্রবন্দর স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। বন্দরটি নির্মাণের জন্য ১৪ হাজার কোটি টাকা সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে। ২০১৭ সাল নাগাদ এই প্রকল্পের কাজ শেষ হবে।