জনপ্রশাসন ভারসাম্যহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রশাসনে পর্যাপ্ত পদ না থাকলেও ঢালাও পদোন্নতি দেওয়া হচ্ছে। আবার অসংখ্য কর্মকর্তাকে কাজ না দিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে রাখা হচ্ছে। বর্তমানে সহকারী সচিব থেকে সচিব পর্যন্ত ৩৪৩ জন কর্মকর্তা ওএসডি আছেন, যাঁদের পেছনে বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা বাবদ প্রতি মাসে রাষ্ট্রের ব্যয় হচ্ছে প্রায় দুই কোটি টাকা।সাবেক দুই মন্ত্রিপরিষদ সচিব বলেছেন, একদিকে ওএসডি আর অন্যদিকে ঢালাও পদোন্নতি প্রশাসনকে ভারসাম্যহীন করে তুলেছে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রমতে, গতকাল রোববার পর্যন্ত দুজন সচিব, ৩৯ অতিরিক্ত সচিব, ১০৭ যুগ্ম সচিব, ১১৬ উপসচিব, ৩২ জ্যেষ্ঠ সহকারী সচিব ও ৪৭ জন সহকারী সচিব ওএসডি হয়ে আছেন। এসব কর্মকর্তার কোনো কাজ নেই, বসারও জায়গা নেই। তবে শিক্ষাছুটি, সংযুক্তি, লিয়েন ও পদায়নজনিত কারণে আরও ৩০৬ জন কর্মকর্তা ওএসডি আছেন। সব মিলিয়ে ওএসডি কর্মকর্তার সংখ্যা ৬৪৯। এ সংখ্যা অবশ্য প্রতিদিন বাড়ে-কমে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, মূল বেতন ৪০ হাজার টাকাসহ গাড়ি-বাড়ি, টেলিফোন সুবিধাসহ আনুষঙ্গিক মিলিয়ে একজন সচিবের পেছনে সরকারের প্রতি মাসে ব্যয় হয় এক লাখ ১০ হাজার টাকার মতো। এই হিসাবে ওএসডি দুই সচিবের পেছনে খরচ দুই লাখ ২০ হাজার টাকা।একজন অতিরিক্ত সচিবের পেছনে খরচ হয় এক লাখ তিন হাজার। এই হিসাবে ৩৯ জন অতিরিক্ত সচিবের পেছনে ব্যয় হয় প্রায় ৪০ লাখ ১৭ হাজার টাকা। একজন যুগ্ম সচিবের পেছনে খরচ প্রায় ৯৮ হাজার টাকা। এই হিসাবে ১০৭ জন যুগ্ম সচিবের পেছনে ব্যয় প্রায় এক কোটি চার লাখ ৮৬ হাজার টাকা। একেকজন উপসচিবের পেছনে খরচ হচ্ছে প্রায় ৪২ হাজার টাকা। ১১৬ জন উপসচিবের পেছনে ব্যয় ৪৮ লাখ ৭২ হাজার টাকা।একজন জ্যেষ্ঠ সহকারী সচিবের মূল বেতন সাড়ে ১৮ হাজার থেকে ২৯ হাজার ৭০০ টাকা। সুযোগ-সুবিধা মিলিয়ে একজন জ্যেষ্ঠ সহকারী সচিবের পেছনে বেতন-ভাতা বাবদ খরচ হয় প্রায় ৪০ হাজার টাকা। এই হিসাবে ৩২ জন ওএসডি জ্যেষ্ঠ সহকারী সচিবের পেছনে খরচ হয় প্রায় পৌনে ১৩ লাখ টাকা।জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রমতে, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলেও অসংখ্য কর্মকর্তা ওএসডি ছিলেন। ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে ওএসডি কর্মকর্তার সংখ্যা ছিল এক হাজার ৬১৬ জন। তাঁদের পেছনে রাষ্ট্রের ব্যয় হয়েছে ৪৭ কোটি ৬৫ লাখ ৯৩ হাজার ৪৭০ টাকা।জানতে চাইলে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আকবর আলি খান প্রথম আলোকে বলেন, অযথা ওএসডি করে রাখার কারণে একদিকে যেমন সরকারের অর্থের অপচয় হচ্ছে, অন্যদিকে কর্মকর্তাদের মনোবল ভেঙে পড়ছে। সরকার চাইলে এটা এক দিনেই বন্ধ করতে পারে। তবে জনপ্রশাসন সচিব আবদুস সোবহান সিকদার বলেন, বেশির ভাগ কর্মকর্তাকেই নিজেদের সুবিধার জন্য ওএসডি করা হয়। যেমন শিক্ষাছুটি, মাতৃত্বকালীন ছুটি, লিয়েন ইত্যাদির কারণে ওএসডি করা হয়। তবে যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পর্যায়ে কিছু কর্মকর্তাকে বাস্তবতার কারণেই ওএসডি করতে হয়েছে।পদবিহীন পদোন্নতি: জনপ্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অভিযোগ করেছেন, পর্যাপ্ত পদ না থাকা সত্ত্বেও স্বজনপ্রীতি, দলীয়করণ ও অনুগত কর্মকর্তাদের ঢালাওভাবে পদোন্নতি দেওয়ার কারণে জনপ্রশাসনে উপসচিব থেকে ওপরের স্তরের পদগুলোতে মাত্রাতিরিক্ত কর্মকর্তা হয়ে গেছেন। ফলে জনপ্রশাসনের আদর্শ কাঠামো (পিরামিড কাঠামো) ভেঙে গিয়ে মাথা মোটা হয়ে গেছে। আদর্শ নিয়মে নিচের স্তরের পদগুলোতে কর্মকর্তা বেশি থাকে আর ওপরের স্তরে কম হয়। কিন্তু বর্তমানে প্রশাসনের কাঠামো উল্টো পিরামিডের মতো হয়ে গেছে।জানতে চাইলে সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও সরকারি কর্মকমিশনের সাবেক চেয়ারম্যান সা’দত হুসাইন প্রথম আলোকে বলেন, পদ ছাড়া পদোন্নতি দেওয়ার কারণে প্রশাসনে এখন ভারসাম্যহীন অবস্থা বিরাজ করছে। রাজনৈতিক, সামাজিক ও আবেগপ্রবণ চাপের মুখে পদোন্নতি হচ্ছে। কিন্তু পদোন্নতি হওয়া উচিত পদ অনুযায়ী। এর বিকল্প নেই। এ বিষয়ে সরকারের শীর্ষ মহল থেকে উদ্যোগ নিতে হবে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রমতে, বর্তমানে উপসচিবের অনুমোদিত পদ আছে ৮৩০টি। কিন্তু বর্তমানে উপসচিব আছেন এক হাজার ৬৯৪ জন। যুগ্ম সচিবের পদ আছে ৪৩০টি। বিপরীতে কর্মরত আছেন ৬২২ জন। অতিরিক্ত সচিবের ১০৭টি পদের বিপরীতে কর্মরত আছেন ২৪২ জন। আর সচিব আছেন ৭১ জন।এ অবস্থায় এখন জ্যেষ্ঠ সহকারী সচিবের কাজ করছেন অসংখ্য উপসচিব। গত ১৪ মার্চ পদোন্নতি পাওয়া ১৮২ জন উপসচিবের প্রায় সবাইকে আগের পদে কাজ করতে হচ্ছে। একইভাবে উপসচিবের কাজ করেন অনেক যুগ্ম সচিব, আবার অতিরিক্ত সচিব হয়েও যুগ্ম সচিবের কাজ করতে হচ্ছে অনেক কর্মকর্তাকে। ফলে কার্যবিধি অনুযায়ী শাখার প্রধান হিসেবে যুগ্ম সচিবেরা যেখানে আগে সচিবের কাছে নথি পাঠাতেন, সেখানে এখন সেই কাজটি করছেন অতিরিক্ত সচিবেরা।এ বিষয়ে জনপ্রশাসন সচিব আবদুস সোবহান সিকদার বলেন, তিনটি বড় বিসিএস ব্যাচ থাকার কারণে কিছুটা সমস্যা হচ্ছে। তবে সমস্যা সমাধানের জন্য তাঁরা চেষ্টা করে যাচ্ছেন। নিচের স্তরে কম কর্মকর্তা: ওপরের স্তরে পদের চেয়ে কর্মকর্তার সংখ্যা মাত্রাতিরিক্ত হলেও নিচের স্তরের জ্যেষ্ঠ সহকারী সচিব ও সহকারী সচিব (মাঠপর্যায়ে সহকারী কমিশনার) পর্যায়ে এখনো অনেক পদ ফাঁকা। বর্তমানে জ্যেষ্ঠ সহকারী সচিব আছেন এক হাজার ৪৩৩ জন। কিন্তু পদ আছে প্রায় এক হাজার ৮০০। সহকারী সচিব (মাঠপর্যায়ে সহকারী কমিশনার) আছেন ৮৮১ জন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, এই পদে দরকার আরও ৭০০ থেকে ৮০০ কর্মকর্তা।নিচের স্তরে কর্মকর্তার অভাবে সহকারী কমিশনারের (এসি-ল্যান্ড) প্রায় অর্ধেক পদই ফাঁকা। বর্তমানে এসি ল্যান্ডের মঞ্জুরিকৃত পদ আছে ৪৮৫। বিপরীতে কর্মরত আছেন ২৭১ জন। ২১৪টি পদই ফাঁকা। অথচ ভূমি উন্নয়ন করসহ সরকারের বড় রাজস্ব আসে এই এসি ল্যান্ড কার্যালয়ের মাধ্যমে। জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনারের অভাবেও কাজের সমস্যা হচ্ছে বলে কয়েকজন জেলা প্রশাসক বলেছেন।পদোন্নতিতে নির্দলীয়রা বঞ্চিত হচ্ছেন: জনপ্রশাসনের কয়েকজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, পদোন্নতিতে যোগ্যতা থাকা সত্ত্বেও কোনো দলের সঙ্গে যুক্ত নন এমন অনেক মেধাবী কর্মকর্তা পদোন্নতিতে বাদ পড়ছেন। সাম্প্রতিক সময়ে এই প্রবণতা বেড়েছে। গত ১৪ মার্চ উপসচিব পদে পদোন্নতি দেওয়ার ক্ষেত্রেও নিয়মের লঙ্ঘন হয়েছে। এদিন ১৮২ জন কর্মকর্তাকে উপসচিব করতে গিয়ে যোগ্যতা থাকা সত্ত্বেও অর্ধশত কর্মকর্তা পদোন্নতিবঞ্চিত হয়েছেন। ওই পদোন্নতিতে একটি বিসিএস ব্যাচের দুই কর্মকর্তা বাদ পড়েছেন, যাঁদের মেধাতালিকা প্রথম পাঁচের মধ্যে। অথচ মেধাতালিকায় সবচেয়ে নিচে থাকা কর্মকর্তাও পদোন্নতি পেয়েছেন। এ ছাড়া প্রতিমন্ত্রী, সংসদীয় কমিটির সভাপতি ও সচিবের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালনকারী ১৩ জন কর্মকর্তার পদোন্নতি হয় খুব সহজেই। প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত কর্মকর্তা, ক্ষমতাশালী সচিবের মন্ত্রণালয়ের কর্মকর্তারাও পদোন্নতিতে প্রাধান্য পেয়েছেন।