জনপ্রশাসন মন্ত্রণালয়ের যাত্রা শুরু
নাম পরিবর্তনের মধ্য দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যাত্রা শুরু হয়েছে। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সচিব ইকবাল মাহমুদ এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।সংস্থাপন মন্ত্রণালয় এখন থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় নামে পরিচিত হবে। মন্ত্রিসভার গত বৈঠকে নাম পরিবর্তনের এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।সংবাদ সম্মেলনে জনপ্রশাসন সচিব আশা প্রকাশ করে বলেন, মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রশাসনের কাজে গতি ফিরে আসবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন থেকে বিধিমালার মাধ্যমে পদোন্নতি ও পদায়ন হবে। কেন পদোন্নতি হচ্ছে না, তা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানতে পারবেন।ইকবাল মাহমুদ বলেন, ‘পদোন্নতিবঞ্চিত শব্দটি আমার বোধগম্য নয়। তবে পদোন্নতি পাচ্ছেন না, এটা বলা যায়। সচিব বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় পদোন্নতি কার্যক্রম পরিচালিত হবে। কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা হবে।’ তিনি বলেন, আগে মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামো ছিল না। এখন অন্তর্ভুক্ত করা হয়েছে। মন্ত্রণালয়ের ভিশন, মিশন ও স্ট্র্যাটেজিরও পরিবর্তন করা হচ্ছে। আগে ই-গভর্নমেন্ট ছিল না, এখন করা হচ্ছে। আগামী ৫০ থেকে ১০০ বছরে কী হতে পারে, তা ধারণ করার ব্যবস্থা করা হয়েছে।সচিব আরও বলেন, আগের এসিআর (বার্ষিক গোপনীয় প্রতিবেদন) পদ্ধতির পরিবর্তন করে পিবিইএস (পারফরম্যান্স বেইজড ইভালুয়েশন সিস্টেম) করা হচ্ছে। এ-সংক্রান্ত প্রস্তাব সচিব কমিটিতে পাঠানো হয়েছে। সেখানে অনুমোদন হলেই এটি কার্যকর হবে।এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গ্রন্থাগারে অধীন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন সচিব ইকবাল মাহমুদ।প্রসঙ্গত, গত ২৮ এপ্রিল মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।