জনপ্রশাসনকে নির্বাচনমুখী করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা
জনপ্রশাসনকে নির্বাচনমুখী হওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, জনগণের সামনে সরকারের সাফল্যগুলো তুলে ধরতে সচিবদের আরও বেশি উদ্যোগী হতে হবে। মাঠপর্যায়ের উন্নয়নকাজে আরও স্বচ্ছতা আনতে সচিবদের সরাসরি তত্ত্বাবধান ও নজরদারি বাড়াতে হবে।গতকাল বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সচিব সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সভার একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বেলা ১১টায় শুরু হয়ে টানা চার ঘণ্টা সাত মিনিট সভা চলে।আগামী নির্বাচন সামনে রেখে সঠিকভাবে কাজ করার জন্য সচিবদের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কাজ দিয়েই প্রমাণ করতে হবে যে আমরা অন্যদের চেয়ে ভালো। জয়-পরাজয় আল্লাহর হাতে। আমরা কাজ করে যাব।’ তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয়, এ দেশেও সেভাবে নির্বাচন হবে।গণতন্ত্রের বিকল্প নেই উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘১/১১ পরিস্থিতির পুনরাবৃত্তির সুযোগ নেই। সেই তিক্ত অভিজ্ঞতা আমাদের সবার রয়েছে। আপনাদেরও এর ভেতর দিয়ে যেতে হয়েছে।’ জনপ্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, জনগণ যেন সরকারের অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা সঠিকভাবে জানতে পারে। তাদের যেন কেউ বিভ্রান্ত করার সুযোগ না পায়। তিনি আরও বলেন, সচিবদের কাজ ভোট দলীয়করণ করা নয়। তবে জনগণ যাতে সঠিক তথ্য জেনে-বুঝে নিজেদের ইচ্ছামতো ভোট দিতে পারে, সেই পরিবেশ সৃষ্টিতে সচিবদের ভূমিকা গুরুত্বপূর্ণ।বর্তমান সরকারের আর এক বছর দুই মাস সময় রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এরপর আপনারা থাকবেন। তাই এ দেশের মানুষের ভাগ্য নির্ভর করবে আপনাদের নেতৃত্ব ও পেশাদারিত্বের ওপর।’বর্তমান সরকারের প্রায় তিন বছর সাড়ে আট মাসে এখন পর্যন্ত ১১টি সচিব সভা হয়েছে। এর মধ্যে পাঁচটিতে প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর পর প্রধানমন্ত্রী বক্তব্য দেন। প্রধানমন্ত্রীর একটি লিখিত বক্তব্যও সচিবদের কাছে দেওয়া হয়।সভায় উপস্থিত ৫৯ জন সচিবের মধ্যে ২৮ জন বক্তব্য দেন। এসব বক্তব্যে সচিবেরা মূলত নিজ নিজ মন্ত্রণালয়ের অর্জনগুলো তুলে ধরেন। একপর্যায়ে একজন সচিব বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই শ্রবণ-ক্লান্ত।’ প্রধানমন্ত্রী ‘না’ সূচক জবাব দিয়ে বলেন, ‘আমি সব সময়ই এভাবে শুনি, আমার অভ্যাস আছে।’সভায় উপস্থিত একাধিক সচিব প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী গণতান্ত্রিক শাসনব্যবস্থা অক্ষুণ্ন রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন। তিনি বলেন, গণতন্ত্রের যে ধারা চলছে সেটা অব্যাহত রাখতে ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন প্রভৃতি সেবামূলক প্রতিষ্ঠান থেকে সেবা পেতে কোনো কোনো ক্ষেত্রে জনগণ ভোগান্তির শিকার হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসব ভোগান্তি লাঘবে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। মন্ত্রণালয় থেকে নিয়মিত তদারক করা হলে এসব প্রতিষ্ঠানের সেবার মান আরও উন্নত করা সম্ভব। তিনি দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে সচিবদের নির্দেশ দেন। তিনি বলেন, দুর্নীতি দমনে সরকারের সচিব হিসেবে আপনাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগে কঠোর নজরদারির মাধ্যমে দুর্নীতিমুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। তিনি বিভাগীয় মামলা ও নিরীক্ষার আপত্তি দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দেন।কয়েকজন সচিব পদ্মা সেতু প্রসঙ্গে বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীর যেকোনো সিদ্ধান্ত বাস্তবায়নে তাঁরা কাজ করবেন। প্রশাসনে পদোন্নতি পাওয়া ব্যক্তিদের দ্রুত পদায়নের ব্যবস্থা করতে বলেন কয়েকজন সচিব। সচিবদের ব্যবহূত গাড়িতে পতাকা ও মনোগ্রাম ব্যবহারের ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় প্রধানমন্ত্রীর কাছে।সরকারের মামলায় হেরে যাওয়া প্রসঙ্গে কয়েকজন বলেন, আদালতে মামলাগুলো ঠিকমতো উপস্থাপন করা হয় না। তাঁরা এ অবস্থা পরিবর্তনের জন্য বিদ্যমান ব্যবস্থার পাশাপাশি একটি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস করার প্রস্তাব করেন। আদালত অবমাননাসংক্রান্ত আইন দ্রুত প্রণয়নের জন্যও বলেন তাঁরা। তাঁরা বলেন, মন্ত্রিসভা আইনটি করার পরও ১১ মাস ধরে তা সংসদীয় স্থায়ী কমিটিতে পড়ে আছে। যদিও নতুন আইনটি অনেক ছোট।কয়েকজন সচিব মত দেন, অ্যাটর্নি সার্ভিস চালু করে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে মেধাবীদের সরকারি কৌঁসুলি হিসেবে নিয়োগ দেওয়া উচিত। সচিবালয়ে কর্মকর্তাদের বসার জায়গাসংকটের বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরে সমাধান প্রত্যাশা করা হয়।বক্তব্যে কয়েকজন সচিব বলেন, বর্তমান সরকারের অনেক অর্জন থাকলেও প্রচারের অভাবে সেগুলো মানুষ জানতে পারছে না। এ প্রসঙ্গে তথ্যসচিব বলেন, সরকারের প্রচার আরও ভালোভাবে চালানোর জন্য বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগে প্রচার সেল করা যেতে পারে।ব্রিফিং: সভা শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করার কথা বলেছেন। স্থানীয় সরকার, শিক্ষা ও স্বাস্থ্য প্রশাসনকে বেশি বিকেন্দ্রীকরণ করা হবে। প্রধানমন্ত্রী বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার বাড়ানোর ওপর জোর দিয়ে সভায় বলেছেন, বর্ষাকালে কাগজপত্র তৈরি করে শুকনো মৌসুমের শুরুতেই প্রকল্পের কাজ শুরু করতে হবে। বর্তমান নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে। নির্বাহী বিভাগের হস্তক্ষেপ ছাড়াই বর্তমান সরকারের আমলে সাড়ে ছয় হাজার (ইউনিয়ন ও উপজেলা পরিষদসহ) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই ধারা অব্যাহত রাখতে হবে।সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) উন্নয়নকাজ করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ নীতি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, এর বাস্তবায়নে অগ্রগতি কম, এটা বাড়ানো দরকার।