জনপ্রশাসনে চুক্তিভিত্তিক ও প্রেষণে নিয়োগ চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রশাসনে নানামুখী সমস্যা বিরাজ করছে। একদিকে নিয়মিত কর্মকর্তারা পদ পাচ্ছেন না, অন্যদিকে সরকারের বিভিন্ন প্রশাসনিক পদে চুক্তিভিত্তিক ও প্রেষণে নিয়োগ চলছে। বর্তমানে পৌনে ৩০০ কর্মকর্তা চুক্তিতে এবং বেসামরিক বিভিন্ন দপ্তরে শতাধিক সামরিক কর্মকর্তা প্রেষণে কর্মরত আছেন।জনপ্রশাসনের কর্মকর্তারা বলছেন, জনপ্রশাসনে এমনিতেই পর্যাপ্ত পদ নেই। পদোন্নতি পেয়েও অনেক কর্মকর্তাকে দীর্ঘদিন নিচের পদে কাজ করতে হচ্ছে। অনেককে কোনো দপ্তর না দিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে রাখা হচ্ছে। তা ছাড়া চাকরির বয়স দুই বছর বৃদ্ধির ফলে অনেকেই ওপরের প্রত্যাশিত পদেও যেতে পারছেন না। এ অবস্থায় চুক্তি ও প্রেষণে নিয়োগ কমানো দরকার।জানতে চাইলে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার প্রথম আলোকে বলেন, চাকরির মেয়াদ দুই বছর বেড়েছে। নিয়মিত কর্মকর্তাদের অনেকেই এখন যথেষ্ট দক্ষ। এ অবস্থায় চুক্তিতে নিয়োগ দেওয়ার আর আবশ্যকতা নেই। আর যেসব পদে ওই ধরনের অভিজ্ঞ জনবল নেই, সেখানে প্রেষণে অভিজ্ঞ লোক নিয়োগ হতে পারে। কিন্তু নিয়মিত কর্মকর্তাদের মধ্যে যদি অভিজ্ঞ লোক দেওয়ার মতো থাকে, তাহলে প্রেষণে নিয়োগ দেওয়া উচিত নয়।জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, বেসামরিক বিভিন্ন দপ্তরে শতাধিক সামরিক কর্মকর্তা প্রেষণে কর্মরত আছেন। গত আগস্ট মাসের শুরুতে এ সংখ্যা ছিল ১১৪ জন। তবে প্রেষণে নিয়োগ কিংবা প্রেষণ শেষ হওয়ার বিষয়টি নিয়মিত হওয়ায় এ সংখ্যা সামান্য হেরফের হতে পারে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন প্রায় সব সরকারি মেডিকেল কলেজের পরিচালকের পদ, সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ কয়েকটি পদ, বাংলাদেশ প্রফেশনাল ইউনিভার্সিটিসহ বেশ কিছু কলেজের অধ্যক্ষের পদ, ট্রেডিং করপোরেশনের চেয়ারম্যান, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান, কারা প্রশাসনসহ বেশ কিছু দপ্তরে বর্তমানে সামরিক বাহিনীর কর্মকর্তারা প্রেষণে কর্মরত আছেন।সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বেসামরিক প্রশাসনে সামরিক বাহিনীর কর্মকর্তাদের নিয়োগের ঘটনা নতুন নয়। গত বিএনপি সরকারের আমলে এ সংখ্যা ছিল সর্বোচ্চ ৮২ জন। স্বাধীনতার পর থেকেই এ ধরনের নিয়োগ হয়ে আসছে।চুক্তিভিত্তিক নিয়োগ: জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার হিসাব অনুযায়ী, বর্তমানে সরকারের বিভিন্ন দপ্তরে প্রায় ২৭০ জন কর্মকর্তা চুক্তিতে আছেন। এর মধ্যে শুধু প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আছেন ১২ জন। এর মধ্যে সাতজন সচিব, তিন যুগ্ম সচিব, একজন উপসচিব ও একজন সহকারী সচিব।চুক্তিতে থাকা সচিব পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে রয়েছেন: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, মুক্তিযুদ্ধবিষয়ক সচিব মিজানুর রহমান, পল্লী উন্নয়ন ও সমবায় সচিব মিহির কান্তি মজুমদার, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, বিমানসচিব আতারুল ইসলাম ও পরিসংখ্যান বিভাগের সচিব রীতি ইব্রাহিম। চুক্তিতে থাকা শিক্ষা প্রশাসনের উল্লেখযোগ্য পদগুলোর মধ্যে আছেন: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিন, বদরুন্নেসা মহিলা কলেজের অধ্যক্ষ মেরিনা জামান ও কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কুণ্ডু গোপী দাস। জনপ্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সচিব হওয়ার মতো যোগ্য বেশ কয়েকজন কর্মকর্তা বর্তমান প্রশাসনে থাকলেও পদের অভাবে তাঁদের পদোন্নতি দিয়ে পদায়ন করা যাচ্ছে না। এসব কর্মকর্তা চান, প্রশাসনে চুক্তির ভিত্তিতে নিয়োগ বন্ধ করে নিয়মিত কর্মকর্তাদের সুযোগ করে দেওয়া হোক। চুক্তি ও প্রেষণে নিয়োগের বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন সচিব আবদুস সোবহান সিকদার প্রথম আলোকে বলেন, ‘আমরা চুক্তিভিত্তিক নিয়োগ নিরুৎসাহিত করছি। ইতিমধ্যে চুক্তিতে থাকা কর্মকর্তাদের মেয়াদ শেষে তাঁদের জায়গায় নিয়মিত কর্মকর্তাদের পদায়ন করা হচ্ছে। আর যেসব পদে নিয়মিত কর্মকর্তাদের দিয়ে একেবারেই চালানো সম্ভব হয় না, সেগুলোতে প্রেষণে নিয়োগ দেওয়া হবে।’পদোন্নতি পেয়েও ছয় মাস ধরে নিচের পদেই চাকরি: গত ৮ ফেব্রুয়ারি জনপ্রশাসনে অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিব পদে পদোন্নতি পান ৬৪৯ জন কর্মকর্তা। কিন্তু পদের অভাবে বেশির ভাগ কর্মকর্তাই এখনো এক ধাপ নিচের পদে কাজ করছেন। উপসচিব মর্যাদার জেলা প্রশাসকের পদে এখনো ২১ জন যুগ্ম সচিব দায়িত্ব পালন করছেন। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোতেও একই ধরনের সমস্যা দেখা দিয়েছে। দীর্ঘ ছয় মাসেও এ সমস্যার সমাধান না হওয়ায় কর্মকর্তারা হতাশ হয়ে পড়ছেন। শুধু পদই নয়, প্রাধিকার অনুযায়ী গাড়িসহ আনুষঙ্গিক সুযোগ-সুবিধা থেকেও অনেক কর্মকর্তা বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে যুগ্ম সচিবদের অনেকেই গাড়ি পাচ্ছেন না। তবে যুগ্ম সচিব হওয়া জেলা প্রশাসকদের শিগগিরই প্রত্যাহার করা হবে বলে জানা গেছে। পদোন্নতি পাওয়া ১৯৮৪ ব্যাচের (বিসিএস) একজন যুগ্ম সচিব প্রথম আলোকে বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রথম যখন পদোন্নতি দেওয়া হয়, তখন যোগ্য থাকা সত্ত্বেও বঞ্চিত করা হয়েছিল। আর এবার পদোন্নতি পেয়েও ওপরের পদে যেতে পারছি না। অথচ আমার ব্যাচেরই অনেক সহকর্মী এখন অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করছেন। এটা যে কত কষ্টের, সেটা বোঝানো যাবে না। তা ছাড়া নিয়মানুযায়ী জ্যেষ্ঠতা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না। এতে স্বাভাবিকভাবেই হতাশ হয়ে পড়েছি।’জনপ্রশাসন সচিব আবদুস সোবহান সিকদার এ বিষয়ে বলেন, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে। কারণ, চাকরির বয়স দুই বছর বৃদ্ধির কারণে পদ শূন্য হচ্ছে না। নতুন করে এত পদ সৃষ্টি করাও সম্ভব নয়।