জনপ্রশাসনে বর্তমানে কোনো ধরনের বিশৃঙ্খলা নেই বলে জানিয়েছেন সংসদ কাজে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। আজ মঙ্গলবার সংসদে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। বেলা সোয়া ১১টার দিকে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর পর্বে বিএনপির সাংসদ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেন, পদোন্নতি, সিনিয়র কর্মকর্তাদের ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা), হয়রানিমূলক বদলি ইত্যাদি কারণে বর্তমানে জনপ্রশাসনে বিশৃঙ্খলা বিরাজ করছে। পত্র-পত্রিকায় প্রকাশিত এ জাতীয় খবর সত্য কি না, তিনি জানতে চান। জবাবে সৈয়দ আশরাফ বলেন, বর্তমানে জনপ্রশাসনে কোনো বিশৃঙ্খলা বিরাজ করছে না। সরকারের উপসচিব ও তাঁর ওপরের কর্মকর্তাদের পদোন্নতির জন্য সুনির্দিষ্ট বিধিমালা রয়েছে। পদোন্নতি বিধিমালা ২০০২ অনুযায়ী যোগ্য কর্মকর্তাদের উচ্চপদে পদোন্নতি হয়ে থাকে। প্রয়োজনীয় যোগ্যতা না থাকলে কোন কর্মকর্তার পদোন্নতি না পাওয়াটাই স্বাভাবিক। কোনো কারণে যথাসময়ে পদোন্নতি না পেলে পরবর্তী পদোন্নতির পর প্রচলিত বিধি অনুযায়ী তাঁকে তাঁর কনিষ্ঠ কর্মকর্তার তারিখ থেকে ধারণাগত জ্যেষ্ঠতা প্রদান করা হয়।মন্ত্রী বলেন, জনপ্রশাসনে ওএসডি সরকারের একটি রুটিন কাজ। প্রশাসনিক প্রয়োজনে তিন মাসের অধিক ছুটি, শিক্ষা ছুটি, পিআরএল প্রশিক্ষণ, উচ্চতর পদে পদোন্নতি, বিভাগীয় ও দুর্নীতির মামলা রজু, ব্যক্তিগতসহ বিভিন্ন কারণে কর্মকর্তাদেরকে ওএসডি করা হয়। একইভাবে নিয়োগ ও বদলিও একটি রুটিন কাজ। কোনো কর্মকর্তা একই কর্মস্থলে তিন বছর চাকরি করার সরকারি সিদ্ধান্ত রয়েছে। তবে সরকার জনস্বার্থে যেকোনো কর্মকর্তাকে যেকোনো সময়ে যেকোনো কর্মস্থলে নিয়োগ বা বদলি করতে পারে।আশরাফ উদ্দিন নিজানের অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, নিম্ন আদালতসহ বিচার বিভাগের ওপর সরকারের হস্তক্ষেপের কারণে স্বাধীন বিচারব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে বলে বিভিন্ন পত্র-পত্রিকায় যেসব সংবাদ প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন। বিচার বিভাগ ও বিজ্ঞ বিচারকেরা স্বাধীনভাবে তাঁদের বিচারকাজ সম্পন্ন করে থাকেন।