জনপ্রশাসনে সামরিক নিয়োগে রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাজোট সরকারের আড়াই বছরে বেসামরিক প্রশাসনে রেকর্ডসংখ্যক ১৭৮ জন সামরিক কর্মকর্তাকে নিয়োগ করা হয়েছে। সরকারের এক বছর সময়ে এ সংখ্যা ছিল ১২২। অর্থাৎ বেসামরিক প্রশাসনে সামরিক কর্মকর্তাদের নিয়োগের প্রবণতা বাড়ছে। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় এ সংখ্যা ছিল সর্বোচ্চ ৮২ জন।প্রশাসন-সংশ্লিষ্টরা বলছেন, ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র প্রবর্তনের পর এত বেশিসংখ্যক সামরিক কর্মকর্তাকে বেসামরিক প্রশাসনে নিয়োগ দেওয়া হয়নি। সে বিবেচনায় এটি রেকর্ড। স্বাধীনতার পর দুটি সামরিক সরকারের বিদায় হলেও বেসামরিক প্রশাসনে সামরিক কর্মকর্তাদের নিয়োগের প্রক্রিয়া বন্ধ হয়নি। ’৯১ সালে নির্বাচিত সরকারের যাত্রা শুরু হলেও সামরিক কর্মকর্তাদের জনপ্রশাসনের ওপর কর্তৃত্ব সময়ভেদে কমবেশি ছিলই।জানা যায়, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রধান পদ ছাড়াও প্রশাসনিক কিছু পদেও সামরিক কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত এবং চাকরিরত সামরিক কর্মকর্তাদের প্রেষণে বা চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে জোট সরকারের আমলে অকালীন চাকরিচ্যুত করা কয়েকজন সামরিক কর্মকর্তাও রয়েছেন। দেখা যাচ্ছে, স্বাধীনতার পর প্রথম বঙ্গবন্ধুর সরকার মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে সেক্টর কমান্ডার মেজর জেনারেল সি আর দত্তকে প্রেষণে নিয়োগ দিয়েছিল। পরে জিয়াউর রহমান ক্ষমতায় এসে সামরিক কর্মকর্তাদের বেসামরিক প্রশাসনে নিয়োগের ক্ষেত্র আরও বিস্তৃত করেন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা পরিদপ্তর (এনএসআই), পুলিশ বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয় সামরিক কর্মকর্তাদের। পরে অনেক সামরিক কর্মকর্তাকে পররাষ্ট্র ও পুলিশে আত্তীকরণও করা হয়। এই ধারাবাহিকতা রক্ষা করা হয় পরবর্তী সামরিক সরকার এরশাদের আমলেও।সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ বলছে, আইনি দুর্বলতার সুযোগে এসব নিয়োগ সম্ভব হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এতে করে জনপ্রশাসনের কর্মকর্তাদের নিয়োগ-পদোন্নতির সুযোগ রহিত হওয়ায় তাঁদের মধ্যে ক্ষোভ-হতাশার সৃষ্টি হওয়াটাও অস্বাভাবিক নয়। কারণ ওপরের পদে চুক্তিভিত্তিক নিয়োগ বা প্রেষণে যে কাউকে নিয়োগ দেওয়া হলে নিয়মিত অধস্তন কর্মকর্তারা বঞ্চিত হবেন, এটাই স্বাভাবিক। তা ছাড়া সামরিক-বেসামরিক কর্মকর্তাদের মধ্যে দেশীয় বাস্তবতায় এক ধরনের মনস্তাত্ত্বিক বিরোধও আছে। ফলে সার্বিক প্রশাসনিক কাজে তার প্রভাব পড়াটাও স্বাভাবিক।জানতে চাইলে সাবেক মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আকবর আলি খান প্রথম আলোকে বলেন, সরকারের পদগুলোতে সামরিক বাহিনী থেকে নিয়োগ দেওয়া হলে তাতে জনপ্রশাসনের পদোন্নতি বিঘ্নিত হয়ে হতাশার সৃষ্টি হতে পারে। স্বাস্থ্য, পররাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনের বিভিন্ন সংস্থায় এ ধরনের নিয়োগের প্রবণতা বেশি দেখা দেয়। এতে ওই সব ক্যাডারের কর্মকর্তাদের ক্ষতি হবে। আকবর আলি খান বলেন, জনপ্রশাসনে সামরিক কর্মকর্তার নিয়োগ সামরিক সরকারের সময়ে চালু হলেও কোনো গণতান্ত্রিক সরকার তা বন্ধ করতে পারেনি। তবে এ ধরনের নিয়োগ যত কম রাখা যায় ততই ভালো।প্রাপ্ত তথ্যে জানা যায়, সর্বশেষ গত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় (২০০১-০৬ ) বেসামরিক প্রশাসনে ৮২ জন সামরিক কর্মকর্তার নিয়োগ ছিল। পাঁচ বছরের বিভিন্ন সময়ে এ সংখ্যা কমবেশিও হয়েছে। এখন দেখা যাচ্ছে, ১৯৭৩ সালের পরে এই প্রথমবারের মতো আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার জনপ্রশাসনে সামরিক কর্মকর্তাদের নিয়োগে একটি রেকর্ড তৈরি করেছে। এখন ১৭৮ জন সামরিক কর্মকর্তা সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত।জানা যায়, যেসব সরকারি প্রতিষ্ঠানে সামরিক কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে, তা হয়েছে প্রেষণে বা চুক্তিভিত্তিতে। এসব প্রতিষ্ঠানের নিয়োগবিধি অনুযায়ী প্রেষণে নিয়োগের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগের কথাও বলা আছে। কিন্তু সামরিক না বেসামরিক, সে কথা বলা নেই। এটিকে আইনের দুর্বলতা বলে উল্লেখ করছেন প্রশাসন বিশেষজ্ঞরা।এখন পর্যন্ত যেসব ক্ষেত্রে অবসরপ্রাপ্ত বা কর্মরত সেনা কর্মকর্তাদের নিয়োগ করা হয়েছে, এর উল্লেখযোগ্য কয়েকটি পদ হচ্ছে: স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন সবগুলো মেডিকেল কলেজের গুরুত্বপূর্ণ পরিচালকের পদ; জাতীয় নিরাপত্তা গোয়েন্দা পরিদপ্তরের পরিচালকসহ একাধিক পদ; দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক; বিআরটিসির চেয়ারম্যান; হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান; তিনজন রাষ্ট্রদূত; চেয়ারম্যান, বাংলাদেশ চা-বোর্ড; মহাপরিচালক, বিআইআইএসএস; চেয়ারম্যান, মংলা বন্দর কর্তৃপক্ষ; জেনারেল ম্যানেজার, খুলনা শিপইয়ার্ড লিমিটেড; প্রধান প্রকৌশলী, ঢাকা সিটি করপোরেশন; চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান; কম্পিউটার কনসালটেন্ট, পরিচালক (প্রা.), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়; কারা মহাপরিদর্শক, অতিরিক্ত কারা মহাপরিদর্শক, কারা অধিদপ্তর। এ ছাড়া বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক-পরিচালক পদেও অবসরপ্রাপ্ত ও কর্মরত সেনা কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।স্বাধীনতার পর কারা মহাপরিদর্শক পদে দীর্ঘদিন পুলিশ বাহিনী থেকে নিয়োগ করা হতো। কিন্তু সামরিক সরকারের আমলে সেখানে সেনা কর্মকর্তা নিয়োগ দেওয়া শুরু হয়। সেই ধারা অব্যাহত আছে।সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ প্রথম আলোকে বলেন, প্রশাসনে সামরিক বাহিনীর লোক নিয়োগ ব্রিটিশ আমল থেকে এ অঞ্চলে চলে আসছে। প্রকৃতপক্ষে সবাইকে যদি প্রজাতন্ত্রের কর্মচারী ধরা হয়, সে ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু সামরিক বাহিনীর লোকজন বেসামরিক প্রশাসনে ঢুকে যদি অন্য কোনো কিছুর সন্ধান করতে থাকেন, সমস্যা তখন হতে পারে।