জনপ্রিয়তায় সমান ওবামা-রমনি
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে পরিচালিত সর্বশেষ জনমত জরিপে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর প্রতিদ্বন্দ্বী মিট রমনি জনপ্রিয়তার দিক থেকে সমান অবস্থানে আছেন। বার্তা সংস্থা রয়টার্স ও আন্তর্জাতিক জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান আইপিসস এ তথ্য জানিয়েছে।গতকাল রোববার ছিল অনলাইনে ধারাবাহিকভাবে পরিচালিত ওই জরিপের সপ্তম দিন। গতকালের জরিপের ফলাফল অনুসারে, দুজনের জনপ্রিয়তাই এখন ৪৫ শতাংশ।রয়টার্স ও আইপিসসের গত বৃহস্পতিবারের জরিপ অনুসারে, রমনির জনপ্রিয়তা ছিল বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়ে দুই পয়েন্ট বেশি। শুক্রবার এ ব্যবধান এক পয়েন্ট কমে যায়। আর শনিবার জনপ্রিয়তার দিক থেকে রমনিকে টপকে যান ওবামা। এদিন ওবামার জনপ্রিয়তা ছিল ৪৪, আর রমনির ৪৩ শতাংশ।চলতি সপ্তাহে নর্থ ক্যারোলিনায় অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে ডেমোক্র্যাট দল বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামাকে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে আনুষ্ঠানিক মনোনয়ন দেবে। তখন ওবামার জনপ্রিয়তা বাড়বে বলে ধারণা করছে আইপিসস।ফ্লোরিডার টাম্পায় গত মঙ্গলবার রিপাবলিকান দলের সম্মেলনে আনুষ্ঠানিক মনোনয়ন পান রমনি। ওই সম্মেলন তাত্ক্ষণিকভাবে তাঁর জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছিল। তবে গবেষণাপ্রতিষ্ঠানটির অনুমান, আগামী ৬ নভেম্বরের নির্বাচনের আগ পর্যন্ত ওবামা ও রমনির মধ্যে জনপ্রিয়তার ব্যবধান খুব একটা বেশি হবে না।