জনবল ছাড়া স্থবির আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় নয় বছর আগে। আর গত বছর ইনস্টিটিউটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ইতিমধ্যে ইনস্টিটিউট-সম্পর্কিত প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে। তবে ইনস্টিটিউট কোনো কাজ শুরু করতে পারেনি। জনবল নিয়োগ দিয়ে কবে নাগাদ এটি কাজ শুরু করবে, তা সুনির্দিষ্ট করে কেউ বলতে পারছেন না।গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উদ্বোধন করেন। সে সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, আপাতত ভবনের তিনটি তলার কাজ শেষ করে ইনস্টিটিউটের কাজ শুরু করা হবে। কিন্তু এক বছরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের প্রাতিষ্ঠানিক কোনো কাজ শুরু করতে পারেনি সরকার। এ সম্পর্কে জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, মাতৃভাষা ইনস্টিটিউটের প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনার জন্য জনবল নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। জনবল নিয়োগ দিয়ে খুব শিগগির এটি চালু করার পরিকল্পনা সরকারের আছে।১৯৯৯ সালের ১৭ নভেম্বর জতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। ওই ঘোষণার পর সরকার দেশে একটি আন্তর্জাতিক মাতৃভাষা চর্চা ও গবেষণা কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেয়।এরপর ২০০০ সালের মাঝামাঝি ১৯ কোটি ৪৯ লাখ টাকার ‘আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট স্থাপন প্রকল্প’ সরকার অনুমোদন করে। ২০০১ সালের ১৫ মার্চ জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি আনানের উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর সেগুনবাগিচায় ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।২০১০ সালের একুশে ফেব্রুয়ারি ইনস্টিটিউটের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেছিলেন, ইনস্টিটিউট যাতে দ্রুত কর্মসূচি বাস্তবায়ন করতে পারে, তার জন্য শিগগিরই আইন পাস করা হবে। প্রয়োজনীয় লোকবল নিয়োগ দেওয়া হবে। কর্মসূচি বাস্তবায়নে ভাষাবিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে।শুরুতে প্রকল্পে ১২ তলা একটি ভবন নির্মাণের কথা বলা ছিল। তবে প্রাথমিকভাবে পাঁচতলা ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। তাতে একটি মিলনায়তন, চারটি সম্মেলন কক্ষ, কম্পিউটার ল্যাব, মিউজিয়াম, আর্কাইভ, ভাষা প্রশিক্ষণের জন্য ১০টি শ্রেণীকক্ষসহ প্রয়োজনীয় অফিস কক্ষের ব্যবস্থা রাখা হয়।এরপর বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসে। কিছু কাজ হওয়ার পর ইনস্টিটিউট ভবন নির্মাণের কাজ জোট সরকার সাময়িকভাবে বন্ধ করে দেয়। ২০০৪ সালের শেষ দিকে সরকার প্রকল্প সংশোধন করে নির্মাণকাজ শেষ করার উদ্যোগ নেয়। সংশোধিত প্রকল্পের আওতায় তিনতলা পর্যন্ত ভবন নির্মাণের কাজ শেষ হয় গত বছর।শিক্ষামন্ত্রী জানান, সংশোধিত প্রকল্প অনুযায়ী ভবনের তিনতলা পর্যন্ত নির্মাণকাজ শেষ হওয়ার পরই গত বছর ইনস্টিটিউট উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে মূল মিলনায়তনের নির্মাণকাজ আপাতত বন্ধ আছে। তিনি বলেন, ‘ভবনের উদ্বোধন করা হলেও শুধু জনবলসংকটের কারণে ইনস্টিটিউটের কার্যক্রম চালু করা যায়নি। জনবল নিয়োগের জন্য আমরা সংস্থাপন মন্ত্রণালয়ে প্রস্তাব দেওয়াসহ প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নিয়েছি। নিয়োগের বিষয়টি চূড়ান্ত হলেই চালু হয়ে যাবে আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউট।’সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমীর পাশে আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউটের অসমাপ্ত তিনতলা ভবন। গত সপ্তাহে সরেজমিনে দেখা যায়, ভেতরে কয়েকজন মানুষ ভবন পরিষ্কার করছেন। তবে ভবনটি দেখভালের জন্য কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে পাওয়া যায়নি। কেউ বলতে পারেনি প্রতিষ্ঠানটি বর্তমানে কার দায়িত্বে আছে। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মী বলেন, তাড়াহুড়ো করে ইনস্টিটিউট উদ্বোধন করা হলেও ভবনের অনেক কাজ অসম্পূর্ণ রয়েছে।শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী গত রোববার প্রথম আলোকে বলেন, ‘ইনস্টিটিউটের কাজ শেষ করার জন্য দ্বিতীয় পর্যায়ে প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। তবে এর আগে অস্থায়ীভাবে লোক নিয়োগ দিয়ে কিছু কাজ শুরু করা হবে।’ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে একুশে ফেব্রুয়ারি থেকে চার দিনব্যাপী অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে বলে জানান তিনি। এর মধ্যে পৃথিবীর প্রায় সব ভাষার বর্ণমালা, বাংলা ভাষা ও লিপির বিবর্তনের একটা বিশেষ প্রদর্শনীও থাকবে।কী কাজ হবে ইনস্টিটিউটে: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এ প্রতিষ্ঠানে পৃথিবীর সব ভাষা সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি হুমকির মুখে পড়া ভাষার বিস্তার ঘটানোর কাজও করা হবে। বিভিন্ন ভাষার উপাদান ডেটাবেইসে সংরক্ষিত থকেবে। অডিও ভিজ্যুয়াল পদ্ধতিতে বিলুপ্ত বা প্রায় বিলুপ্ত ভাষাগুলোকে দৃশ্যমান করা হবে। বিশ্বমানের লাইব্রেরি থাকবে, তাতে ভাষার ওপর লিখিত যাবতীয় বই, ব্যাকরণ থাকবে। এ ছাড়া ইনস্টিটিউট একটি ভাষা-জাদুঘর ও আর্কাইভ পরিচালনা করবে। অনুবাদ কার্যক্রম পরিচালনা, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ দোভাষী তৈরি করা, ভাষানীতি প্রণয়নে সরকারকে সহায়তা প্রদান, বাংলাসহ বিভিন্ন ভাষার ওপর গবেষণামূলক কর্মকাণ্ড পরিচালনা করা হবে এই ইনস্টিটিউটের অন্যতম কাজ। এই ইনস্টিটিউটের পক্ষ থেকে ভাষা ও সাহিত্যে অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করারও উদ্যোগ নেওয়া হবে।নজরুল গবেষক রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, বর্তমানে এ ধরনের ইনস্টিটিউটের বড় বেশি প্রয়োজন। তিনি বলেন, রাষ্ট্রভাষা বাংলা, কিন্তু সমাজজীবনে এ ভাষার যথাযথ ব্যবহার হচ্ছে না। অন্যদিকে ভুল ইংরেজি বলা হচ্ছে, শেখা হচ্ছে। এভাবে বাংলা ভাষাকে বিপন্ন করে তোলা হচ্ছে। তিনি বলেন, ভাষার শিক্ষক তৈরি ও দোভাষী সৃষ্টিতে এই ইনস্টিটিউটের একটা বড় ভূমিকা থাকতে হবে।