জনবলসংকটে মৌলভীবাজারে সমন্বিত অন্ধ শিক্ষা কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে সমন্বিত অন্ধ শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে জনবলসংকট প্রকট হয়ে উঠেছে। দীর্ঘদিন শিক্ষক, দারোয়ান ও বাবুর্চির পদ খালি। একজন দৃষ্টিপ্রতিবন্ধী কর্মকর্তা (রিসোর্স পারসন) ও একজন নৈশপ্রহরী দিয়ে কোনো রকম কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অনেক দিন থেকে পদগুলো খালি হলেও তা পূরণ করা হচ্ছে না। কার্যক্রম পরিচালনা সহজ করতে নতুন পদও তৈরি করা হচ্ছে না।সমাজসেবা অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয় সূত্রে জানা গেছে, সমাজসেবা অধিদপ্তরের আওতায় ১৯৮৫ সাল থেকে সমন্বিত অন্ধ শিক্ষা কার্যক্রমের শুরু। মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠসংলগ্ন ভূমিতে ১০ আসনবিশিষ্ট একটি ছাত্রাবাস নির্মাণ করে কার্যক্রম পরিচালনা আরম্ভ করা হয়। মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের সঙ্গেই চলছে সমন্বিত অন্ধ শিক্ষা কার্যক্রম। দৃষ্টিমান শিক্ষার্থীদের সঙ্গে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা একই পাঠ্যসূচিতে পাঠ নিয়ে থাকেন। তবে দৃষ্টিপ্রতিবন্ধীরা পাঠ নিয়ে থাকেন অন্ধদের জন্য বিশেষভাবে তৈরি ব্রেইল পদ্ধতিতে। সমাজসেবা অধিদপ্তর সূত্র জানিয়েছে, ছাত্রাবাসে দৃষ্টিমান একজন হাউস প্যারেন্ট কাম শিক্ষক থাকার কথা। যিনি ছাত্রাবাসে অবস্থানকারী শিক্ষার্থীদের প্রতিদিনের পড়া তৈরি ও প্রাত্যহিক কাজকর্মে সহযোগিতা করবেন। কিন্তু গুরুত্বপূর্ণ এ পদটি ১৯৮৭ সাল থেকে শূন্য হয়ে আছে। অন্যদিকে, ১৯৯৮ সাল থেকে ছাত্রাবাসের দারোয়ান নেই। দৃষ্টিপ্রতিবন্ধীদের রান্নার কাজ করার জন্য একটি বাবুর্চির পদ আছে। ওই পদটিও শূন্য ২০০৪ সাল থেকে। এখন রান্নাবান্নার কাজ করে দেওয়ার জন্য স্থানীয়ভাবে মাসোহারার ভিত্তিতে একজন ‘বুয়া’ নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে একমাত্র কর্মকর্তা (রিসোর্স পারসন) হিসেবে যিনি কর্মরত আছেন তিনিও একজন দৃষ্টিপ্রতিবন্ধী। ২০০৪ সালে তিনি মৌলভীবাজার সমন্বিত অন্ধ শিক্ষা কার্যক্রমে যোগদান করেন। তাঁকে তাঁর দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে হাউস প্যারেন্ট কাম শিক্ষকের দায়িত্ব পালন করতে হচ্ছে। দৃষ্টিপ্রতিবন্ধী কোটার অধিদপ্তর থেকে তাঁকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। রিসোর্স পারসন হিসেবে তাঁর দায়িত্বের পাশাপাশি শিক্ষার্থীদের বাড়তি দেখাশোনার কাজ করা তাঁর পক্ষে কঠিন হয়ে পড়েছে। এদিকে সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে, সমন্বিত অন্ধ শিক্ষা কার্যক্রমের মৌলভীবাজার ছাত্রাবাসে এখন শিক্ষার্থী আছেন চারজন। প্রতি শিক্ষাবছরের শুরুতে ছয় থেকে ১০ বছর বয়সী শিক্ষার্থী ভর্তি করা হয়। প্রত্যেক শিক্ষার্থীর শিক্ষা উপকরণ, খাদ্য, চিকিৎসা ও অন্যান্য খরচ বাবদ মাসে বরাদ্দ আসে এক হাজার ১৫০ টাকা করে। তবে সমন্বিত অন্ধ শিক্ষা কার্যক্রমের এই ছাত্রাবাস সম্পর্কে প্রচার-প্রচারণা বেশি না হওয়ায় শিক্ষার্থীর সংখ্যা কম বলে জানা গেছে। অপরদিকে, মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠসংলগ্ন এই ছাত্রাবাসে অনেক দিন থেকে সংস্কার নেই। সংস্কারের অভাবে রিসোর্স কক্ষসহ ভবনটিতে জীর্ণদশা বিরাজ করছে। সমাজসেবা অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের উপপরিচালক মো. আবদুস সাত্তার মিয়া প্রথম আলোকে বলেন, সমন্বিত অন্ধ শিক্ষা কার্যক্রমে জনবলসংকট চলছে। এ কার্যক্রমের কর্মকর্তা ও ছাত্র সবাই অন্ধ। পদগুলো পূরণের চেষ্টা করা হচ্ছে। অধিদপ্তরে কিছু লোক নিয়োগ দেওয়া হয়েছে। হয়তো মাস কয়েকের মধ্যে জনবলসংকটের সমাধান হয়ে যেতে পারে। এ ছাড়া শিক্ষার্থী বাড়ানোর চেষ্টা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপপরিচালক।