জনবলের অভাবে অকার্যকর ডিটিসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের সড়ক ও যান ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় সাধনে কাজ করার কথা ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের (ডিটিসিবি)। অথচ সমন্বয় ও জনবলের অভাবে এ প্রতিষ্ঠানটি অকার্যকর হয়ে আছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।অনুসন্ধানে জানা গেছে, ডিটিসিবি বর্তমানে যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও রেলপথ বিভাগের অধীনে কাজ করছে। কিন্তু পদাধিকারবলে এর চেয়ারম্যান পদে আছেন ডিসিসির মেয়র সাদেক হোসেন খোকা। ডিটিসিবির অনেক কর্মকর্তা-কর্মচারীর মধ্যে তাই দোটানা ভাব—তাঁরা যোগাযোগ মন্ত্রণালয়, না ডিসিসির অধীনে আছেন? তবে একাধিক কর্মকর্তা দাবি করেন, এটিকে পুরোপুরি যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে নেওয়া হোক।এদিকে ২০০১ সালে জন্ম নেওয়া ডিটিসিবি এখনো নিজস্ব জনবল পায়নি। উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা এখানে প্রেষণে কাজ করছেন। পরিবহন-বিশেষজ্ঞ থেকে শুরু করে চতুর্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত প্রতিটি স্তরে জনবল-সংকট থাকায় ডিটিসিবির বেশির ভাগ কার্যক্রমই মুখ থুবড়ে পড়ে আছে। অনুসন্ধানে জানা গেছে, ২০০৬ সাল পর্যন্ত ডিটিসিবির কাজ করা হয়েছে ডিইউটিপির (ঢাকা আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট) কর্মকর্তা-কর্মচারীদের দিয়ে। ওই বছর প্রকল্পটি শেষ হয়ে গেলেও এর ১৭ জন কর্মচারীকে ডিটিসিবিতে আত্তীকরণের উদ্যোগ নেওয়া হয়। স্থায়ী নিয়োগের আশায় তাঁরা বিনা বেতনেই এখানে কাজ করতে থাকেন। আত্তীকরণের বিষয়টি দীর্ঘদিন ঝুলে থাকায় একপর্যায়ে অনেকেই ডিটিসিবি ছেড়ে চলে যান। স্থায়ী নিয়োগ পাওয়ার আশায় ডিইউটিপির গুটিকয়েক কর্মচারী এখনো বিনা বেতনে কাজ করে যাচ্ছেন। তবে জনা ছয়েক কর্মচারী দিনভিত্তিক বেতনের বিনিময়ে ডিটিসিবিতে কাজ করছেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিটিসিবির জনবল-সংকট কমাতে ৩৭ জন কর্মচারী নিয়োগের একটি উদ্যোগ নেওয়া হয়েছিল বছরখানেক আগে। দীর্ঘ নিয়মতান্ত্রিক প্রক্রিয়া শেষে নিয়োগ প্রার্থীদের পরীক্ষাও নেওয়া হয়েছে। মাস চারেক আগে নিয়োগের সব কার্যক্রম সম্পন্ন হয়েছে; কিন্তু নিয়োগ কমিটির কোনো সভা না হওয়ায় উত্তীর্ণ ৩৭ জনকে নিয়োগপত্র দেওয়া যাচ্ছে না বলে ডিটিসিবির একজন কর্মকর্তা জানান।ডিটিসিবির বদলে এমটিএডিটিসিবির একটি সূত্রমতে, প্রতিষ্ঠানটির অবকাঠামো পরিবর্তনের প্রক্রিয়া চলছে। ডিটিসিবির চেয়ারম্যান পদে ডিসিসির মেয়রের বদলে যোগাযোগমন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এ জন্য জাতীয় সংসদে যে আইন পাসের মাধ্যমে ডিটিসিবি হয়েছে, সে আইন সংসদেই সংশোধন করতে হবে। এ প্রক্রিয়া সম্পন্ন হতে দীর্ঘ সময় লাগবে। আইন সংশোধনের মাধ্যমে ডিটিসিবিকে ম্যাস ট্রানজিট অথরিটিতে (এমটিএ) পরিণত করা হচ্ছে।পরিবহন-বিশেষজ্ঞরা মনে করেন, নগরের সড়ক ও যান ব্যবস্থাপনা সমন্বয়ে ডিটিসিবির মতো একটি প্রতিষ্ঠান অবশ্যই দরকার। সে ক্ষেত্রে বর্তমান ডিটিসিবিকে শক্তিশালী করেই সমন্বয়ের কাজ করার সুযোগ রয়েছে। এ প্রসঙ্গে ডিটিসিবির নির্বাহী পরিচালক মো. মশিউর রহমান জানান, সরকারের সিদ্ধান্তেই ডিটিসিবিকে এমটিএতে পরিণত করা হচ্ছে। এ ক্ষেত্রে ডিটিসিবি সমন্বয়ের দায়িত্বে থাকবে। নতুন করে যোগ হবে গণপরিবহন নিয়ন্ত্রণের কাজ। মূলত এমআরটি ও বিআরটির কথা চিন্তা করে এটা করা হচ্ছে। এমটিএ হলে জনবল-সংকট কেটে যাবে। তখন নগরের যানবাহন সমন্বয়ের কাজটি গতিশীল হবে বলে তিনি দাবি করেন।