জনবলের অভাবে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাসেবা ব্যাহত
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার পাঁচ লাখ লোকের উন্নতমানের চিকিত্সা ও সেবার পরিধি নিয়ে প্রায় ১০ বছর আগে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সকের ১৯টি পদের মধ্যে ১৪টি শূন্য। এর মধ্যে গুরুত্বপূর্ণ পদগুলো দীর্ঘদিন ধরেই খালি। এ কারণে এখানে এসে রোগীরা যথাযথ চিকিত্সাসেবা পাচ্ছেন না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৯৯৯ সালে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। সাবেক স্বাস্থ্যমন্ত্রী সালাউদ্দিন ইউসুফ এ হাসপাতালকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণের ঘোষণা দেন। এজন্য তিন কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে আধুনিক ভবন নির্মাণ করা হয়। ২০০৮ সালের ৩১ ডিসেম্বর কুড়িগ্রামের সিভিল সার্জন লুত্ফর রহমান আনুষ্ঠানিকভাবে ৫০ শয্যার হাসপাতালের উদ্বোধন করেন। কিন্তু ৫০ শয্যার কার্যক্রম চালানোর জন্য প্রয়োজনীয় লোকবল না থাকায় জনগণ কোনো সুফল পাচ্ছে না। উপরন্তু এখানে ৩১ শয্যার হাসপাতালের জন্য যে লোকবল থাকার কথা, তাও নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাসহ স্ত্রীরোগ বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, সার্জারি বিশেষজ্ঞ, কার্ডিওলজি, শিশু বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ, মেডিকেল টেকনোলজিস্টসহ চিকিত্সকের ১৫টি পদ শূন্য রয়েছে। সেবিকার ১৫টি পদ থাকলেও কর্মরত আছেন পাঁচজন। চারজন মেডিকেল অফিসার কর্মরত আছেন। আবাসিক চিকিত্সকের পদটিও দীর্ঘদিন ধরে খালি। জেনারেটর ও এক্স-রে মেশিনটি দীর্ঘদিন ধরে অচল। এক্স-রে মেশিনটি অচল থাকায় রোগীদের স্থানীয় ক্লিনিক বা জেলা সদরে গিয়ে অর্থ ব্যয় করে এক্স-রে করাতে হয়। মেডিকেল অফিসার কানিজ সাবিহা বলেন, ‘প্রতিদিন এখানে গড়ে তিন শতাধিক রোগীকে বহির্বিভাগে সেবা দেওয়া হয়। প্রতি মাসে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিকিত্সাসহ অন্যান্য পদে লোক নিয়োগের জন্য ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি। কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না।’ কুড়িগ্রামের সিভিল সার্জন গোলাম মোস্তফা বলেন, ‘আমি এখানে নতুন এসেছি, সব কিছু জেনে জনবল নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ জানাব।’