উত্তরার ‘বন্দুকযুদ্ধ’ প্রত্যক্ষদর্শীরা বলছেন, শুধু র্যাবই গুলি করেছে
জনবহুল রাস্তায় নির্মম অভিযান!
রাজধানীর উত্তরায় জনবহুল রাস্তায় র্যাবের একতরফা গুলিতেই গত শুক্রবার রাতে পাঁচজন যুবক নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে বন্দুকযুদ্ধের কোনো ঘটনা তাঁরা দেখেননি। এদিকে নিহত যুবকদের মধ্যে গতকাল চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন: মো. হাছান (২২), মীর মোস্তফা হোসেন (২৫), মো. মারুফ (২২) ও গাড়িচালক সুরুজ মিয়া (২৪)। একজনের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। অন্যদের মৃতদেহ নিয়ে গেছেন স্বজনেরা। এঁদের মধ্যে হাছান ও মীর মোস্তফার বিরুদ্ধে আগে বিভিন্ন অপরাধের অভিযোগে মামলা ছিল বলে জানিয়েছেন তাঁদের স্বজনেরা। তবে চালক সুরুজ মিয়া ও মো. মারুফের পরিবার দাবি করেছে, তাঁরা কোনো ধরনের অপরাধে জড়িত ছিলেন না।এ ঘটনায় উত্তরা থানায় তিনটি মামলা দায়ের করেছে র্যাব। উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান বলেন, ডাকাতিচেষ্টার অভিযোগে একটি, একটি অস্ত্র আইনে ও আরেকটি সরকারি লোকের ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে।জনবহুল রাস্তায় নির্মম অভিযান: র্যাব কর্মকর্তারা বলছেন, শুক্রবার রাতে দুই দফা বন্দুকযুদ্ধে এই পাঁচজন নিহত হয়েছেন। প্রথমে লেকপাড়ে দেলোয়ারের চা-দোকানের পেছনে র্যাব সদস্যরা সন্দেহভাজন ছিনতাইকারীদের তল্লাশি করতে গেলে তারা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র্যাব সদস্যরা গুলি করলে দুজন নিহত হয়। এরপরই এই ছিনতাইকারীদের আরেকটি দল গাড়ি নিয়ে সেখানে এলে তারাও র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আরেক দফা গোলাগুলি হলে গাড়ির তিন আরোহী নিহত হয়।তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, সেখানে গোলাগুলি বা বন্দুকযুদ্ধ হয়নি। শুধু গুলি হয়েছে এবং র্যাব তা করেছে।ঘটনাস্থলের উল্টোদিকে ১১ নম্বর সেক্টর কল্যাণ সমিতির নিরাপত্তা চৌকির পাশেই দাঁড়িয়েছিলেন একজন তরুণ। নাম প্রকাশে অনিচ্ছুক এই তরুণ বলেন, যখন গোলাগুলি হচ্ছিল, তখন রাস্তার দুই পাশেই অনেক যানবাহন ও মানুষ চলাচল করছিল। দোকানগুলো সবই খোলা ছিল। গুলির শব্দ শুনে লোকজন দৌড়ে গলির ভেতরে চলে যায়। নূর ইসলাম নামের ঘটনার একজন প্রত্যক্ষদর্শী বলেন, শুক্রবার রাতে ঘটনার সময় ঘটনাস্থল থেকে ৫০-৬০ গজ দূরে চা-পান করছিলেন তিনি। তখন লেকপাড়ের দিকটায় (১৩ নম্বর সেক্টর) বিদ্যুৎ ছিল না। পুরো জায়গা ছিল অন্ধকারে ঢাকা। রাত সাড়ে আটটার দিকে ১৩ নম্বর সেক্টরের লেকপাড়ের চায়ের দোকানের পেছনের নার্সারিতে কিছুটা ধস্তাধস্তি হয়। তখনই ওই পথ দিয়ে যাওয়া একটি গাড়িকে থামানোর জন্য সংকেত দেন একজন। গাড়িটি না থামিয়ে চলে যেতে থাকলে গাড়ির দিকে গুলি ছোড়ে ওই লোকগুলো। এর কিছুক্ষণ পর গাড়িটি ঘিরে একনাগাড়ে গুলি করা হয়।লেকের পাড়ের একটি ফ্ল্যাটের বাসিন্দা নাম না প্রকাশ করার অনুরোধ জানিয়ে বলেন, ‘গুলির শব্দ শুনে আমার স্ত্রী বারান্দায় দাঁড়িয়ে দেখেছেন একটি গাড়ি থামানো হয়েছে। আর গাড়ির সামনে, বামপাশে ও পেছন থেকে ঘিরে কয়েকজন গুলি করেছেন। এ সময়ই অন্য মাইক্রোবাসে আরও কয়েকজন সেখানে আসেন।’অবসরপ্রাপ্ত চাকুরে একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি শুধু কয়েকজন র্যাব সদস্যকে বেশ কাছে থেকে গাড়িতে গুলি ছুড়তে দেখেছেন। ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী আরও জানান, গোলগুলির পর গলির ভেতর থেকে র্যাব অন্তত একজনকে ধাওয়া করে ধরেছে। তবে র্যাবের বক্তব্যে এ রকম কোনো ঘটনা পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীদের ধারণা, ওই তরুণকেও পরে হত্যা করা হয়েছে।ঘটনা ও ঘটনাস্থল: র্যাব ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে গুলির শব্দ শোনা গিয়েছিল লেকের পাড়ে চায়ের দোকানের পেছনের নার্সারি থেকে। এর ৩০ গজ দূরেই ওই তরুণদের বহনকারী গাড়িটি আটকিয়ে সেটিতে গুলি চালানো হয়।মাসকট প্লাজা ঘেঁষে সোনারগাঁও জনপথ সড়ক ধরে দেড় কিলোমিটারের মতো সামনে এগোতেই হাতের বাঁয়ে পড়বে লেকপাড়ের বন্ধ টং দোকানটি। এর পেছনেই লেকের পাড়ে ছোট একটি নার্সারি গড়ে উঠেছে। এখানেই র্যাবের গুলিতে নিহত হন দুই তরুণ। গতকাল সেই নার্সারিতে গিয়ে দেখা যায় ভেতরের গাছের টবগুলো এলোপাতাড়ি উল্টেপাল্টে পড়ে রয়েছে। একটি লতাগাছ পায়ের চাপে মাটিতে মিশে গেছে, এর পাশেই মাটিতে জমাটবাঁধা কালচে রক্ত। তার পাশেই পড়ে রয়েছে এক জোড়া স্যান্ডেল।নিহত যুবকদের পরিচয়: টঙ্গীর আরিচপুরের বাসিন্দা হাছানের বড় ভাই নূরুন্নবী প্রথম আলোকে বলেন, এর আগে হাছানের বিরুদ্ধে অস্ত্র আইনে ও মারামারির অভিযোগে মামলা হয়েছিল। অস্ত্র আইনের মামলাটি শত্রুতার কারণে হয়েছিল বলে তিনি দাবি করেন। নূরুন্নবী বলেন, ‘হাছান নিহত হওয়ার ঘটনায় আমার কারও বিরুদ্ধেই কোনো অভিযোগ নেই।’আটক গাড়িটির চালক ও মালিক ছিলেন সুরুজ মিয়া। নিহত এই যুবক টঙ্গীর পুবাইল সড়কের আমতলীতে মামার বাড়িতে থাকতেন ১১ বছর ধরে। স্কুলপড়ুয়া দুই মামাতো ভাইকে নিয়ে আশুলিয়ায় ঘুরতে গিয়েছিলেন তিনি। সুরুজের নবম শ্রেণীপড়ুয়া মামাতো ভাই আহাদ জানায়, আশুলিয়া থেকে এসে উত্তরায় স্কুলের হোস্টেলে একজনকে নামিয়ে দেন সুরুজ। এরপরই তিনি টঙ্গীর দিকে যাচ্ছিলেন। পথেই বারবার ফোন আসছিল। সুরুজ গাড়ি চালানো অবস্থায় ফোন ধরে বলেন এসি নষ্ট, তিনি যেতে পারবেন না। কিন্তু এর পরও ফোন আসতে থাকে। পৌনে আটটার দিকে সুরুজ আহাদকে টঙ্গীর কামারপাড়ায় নামিয়ে দেন। তিনি ‘ভাড়া মারতে’ উত্তরা আধুনিক হাসপাতালের সামনে যাচ্ছেন বলে আহাদকে বলেন। রাত ১০টার দিকে টিভিতে গাড়ির ছবি দেখে পরিবারের লোকজন ঘটনা সম্পর্কে প্রথম জানতে পারেন। মারুফ ওরফে লেদুর লাশ নিতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে আসেন তাঁর মা রানু বেগম ও বোন রাহিমা সোমা। কান্নায় ভেঙে পড়েন মারুফের (৩২) মা রানু বেগম। বারবার তিনি মূর্ছা যাচ্ছিলেন। মারুফের বাবার নাম মৃত আলী মর্তুজা। মা ও ভাইবোনের সঙ্গে উত্তরার রানাবোলায় ভাড়া বাসায় থাকতেন। রাহিমা সোমা প্রথম আলোকে বলেন, মারুফ জিন্স কারখানায় চাকরি করতেন। রাতে বাসায় ফেরেননি। সকালে একজন এসে টঙ্গীর মিরাশপাড়ার মোস্তফা মারা যাওয়ার কথা জানান। মোস্তফার সঙ্গে বন্ধুত্ব ছিল বলে তাঁরা তা শুনে হাসপাতালে এসে মারুফের লাশ দেখতে পান। এদিকে প্রথম আলোর গাজীপুর প্রতিনিধি জানিয়েছেন, মোস্তফা টঙ্গীর চিহ্নিত সন্ত্রাসী। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী রুহুল ইমাম বলেন, সম্প্রতি টঙ্গী থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান একটি বিদেশি পিস্তলসহ রহিম নামের একজনকে গ্রেপ্তার করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে অস্ত্রটি তিনি মোস্তফার কাছ থেকে এনেছিলেন বলে জানান। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি মামলার কথা জানা যায়।মোস্তফার ভগ্নিপতি বকুল বলেন, শুক্রবার উত্তরার মাসকট প্লাজার পেছনে হাছানের সঙ্গে মোস্তফাকে দেখেন তিনি। মোস্তফার বোন শান্তা বলেন, মোস্তফার সঙ্গে নিহত মারুফের বন্ধুত্ব ছিল। মারুফরা একসময় মিরাশপাড়াতেই থাকতেন।