জনবিচ্ছিন্নতার অভিযোগে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের কর্মীদের সঙ্গে যোগাযোগ না রাখার অভিযোগ তুলে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সরকারদলীয় সাংসদ শাহরিয়ার আলমের বিরুদ্ধে আজ বুধবার চারঘাটে অর্ধদিবস হরতাল ডাকা হয়েছে। পৌর আওয়ামী লীগের সভাপতি মোজাফ্ফর হোসেন ওরফে মুংলা এই হরতাল আহ্বান করেন।তবে অভিযোগ প্রত্যাখ্যান করে সাংসদ শাহরিয়ার আলম বলেছেন, যাত্রাগানের অনুমতি না দেওয়ায় এই হরতাল ডাকা হয়েছে। রাতে শাহরিয়ার আলম প্রথম আলোকে বলেন, যিনি হরতাল ডেকেছিলেন, তিনি এ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, চারঘাট পৌর আওয়ামী লীগের সভাপতি মোজাফ্ফর হোসেন ওরফে মুংলার পক্ষ থেকে গতকাল মঙ্গলবার সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় হরতাল আহ্বান করে মাইকিং করা হয়। দুপুর ১২টার দিকে খবর পেয়ে চারঘাট থানার পুলিশ মাইকে প্রচারকারীদের দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে জানতে চাইলে মোজাফ্ফর হোসেন প্রথম আলোকে বলেন, সাংসদ শাহরিয়ার আলম নেতা-কর্মীদের কোনো খোঁজখবর রাখেন না। ফোন করলেও ধরেন না। এই ক্ষোভ ও হতাশার কারণে তিনি তাঁর বিরুদ্ধে হরতাল আহ্বান করে মাইকিং করাচ্ছিলেন। হরতাল সত্যিই পালন করা হবে কি না জানতে চাইলে গতকাল বিকেলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত সব ঠিক আছে।’ তবে পৌর আওয়ামী লীগেরই সাধারণ সম্পাদক শাহাজ উদ্দিন দাবি করেছেন, সাংসদের বিরুদ্ধে যে অভিযোগ এনে হরতালের জন্য মাইকিং করা হচ্ছিল তা একেবারেই ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। সাংসদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য একটি মহল এই অপপ্রচারে নেমেছে। শাহাজ উদ্দিন বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা চলছে। এই সময় যাত্রার অনুমতি চাইতে গেলে সাংসদ না করেন। এই ক্ষোভে তারা হরতাল আহ্বান করেছে। অভিযোগ প্রত্যাখ্যান করে সাংসদ শাহরিয়ার আলম বলেন, ‘আমি যাত্রাগানের অনুমতি না দেওয়ায় এই হরতাল ডাকা হয়েছে। এর সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। আর জনবিচ্ছিন্নতার প্রশ্ন ভিত্তিহীন। যারা হরতালের পক্ষে প্রচারণা চালিয়েছে, তারা অবৈধ মাদক ব্যবসায় জড়িত।’ এ ব্যাপারে চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রশিদ বলেন, তাঁর জানামতে কর্মীদের ফোন না ধরা এবং এলাকায় যাত্রা করতে না দেওয়ার অভিযোগে হরতাল আহ্বান করা হয়েছিল। ওসি বলেন, পরীক্ষার মধ্যে ‘অযথা’ হরতালের কর্মসূচি ঘোষণার কারণে তিনি মাইকওয়ালা শাহীন ও ভ্যানচালক লালনকে আটক করেছিলেন। আর মাইকিং না করার প্রতিশ্রুতি দিলে তাদের ছেড়ে দেওয়া হয়।