এক যুগ প্রথম আলো তার যাত্রার ১২ বছর পূর্ণ করছে আগামী ৪ নভেম্বর। এক যুগ পূর্তি উপলক্ষে নেওয়া হয়েছে নানা অনুষ্ঠান ও আয়োজনের বিভিন্ন উদ্যোগ। প্রথম আলোর বিভিন্ন দিক ও বিষয় নিয়ে ১২টি ধারাবাহিক নিবন্ধের তৃতীয়টি ছাপা হলো আজ
জনমত গঠনে নতুন মাত্রা
২৮ অক্টোবর, ২০০৬। পরদিন বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের পাঁচ বছরের মেয়াদশেষে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার কথা। দিন-ক্ষণ ঘনিয়ে আসতেই রাজনৈতিক পরিস্থিতি সহিংস রূপ ধারণ করে। প্রধান উপদেষ্টা নিয়োগ নিয়ে এক অনিশ্চিত পরিস্থিতির সৃষ্টি হয়। শেষ পর্যন্ত রাষ্ট্রপতি নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে বসেন। আওয়ামী লীগ মেনে নেয়। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এম এ আজিজের বিতর্কিত পদক্ষেপ, ভুয়া ভোটারসর্বস্ব তালিকা দিয়ে নির্বাচনের উদ্যোগ, প্রধান উপদেষ্টার নিরপেক্ষ ভূমিকা রাখায় ব্যর্থতা প্রভৃতি কারণে ২২ জানুয়ারি, ২০০৭ সালের ঘোষিত (পরে বাতিল) নির্বাচন আদৌ হবে কি না, সে প্রশ্নটিই বড় হয়ে দেখা দেয়। দুই প্রতিপক্ষ রাজনৈতিক দল ও জোট অনমনীয়। মানুষ চাইছিল রাজপথে রাজনৈতিক হানাহানি ও রক্তপাত বন্ধ হোক। ভুয়া ভোটার তালিকা বাতিল করে নতুন ও সঠিক তালিকার ভিত্তিতে একটি সুষ্ঠু, বিশ্বাসযোগ্য নির্বাচন হোক। নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালিত হোক। এটাই ছিল মানুষের একান্ত কামনা। এই জটিল মুহূর্তে মানুষের আকাঙ্ক্ষার আলোকে প্রথম আলো জনমত শাণিত করা ও রাজনৈতিক নেতৃত্বের সামনে সম্ভাব্য নানা বিকল্প তুলে ধরার দায়িত্ববোধ থেকে একের পর এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত করে। ২০০৬ সালের অক্টোবর থেকে ২০০৭ সালের মে, এই সাত মাসে আটটি গোলটেবিল বৈঠক করে প্রথম আলো। সে সময়ের সংঘাতময় পরিস্থিতি ও রাজনৈতিক অচলাবস্থা থেকে উত্তরণের পথ সম্পর্কে বৈঠকগুলোতে আলোচনা হয়। তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা, নির্বাচন কমিশনের আশু করণীয়, রাজনৈতিক সংকট নিরসনে ব্যবসায়ীদের উদ্যোগ, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার, জরুরি আইনের ফলে উদ্ভূত পরিস্থিতি প্রভৃতি বিষয়ে করণীয় ও সুপারিশগুলো গোলটেবিল বৈঠক থেকে বেরিয়ে আসে। পরবর্তী বছর, ২০০৮ সালের নির্বাচন সামনে রেখে প্রথম আলো আরও চারটি গোলটেবিল বৈঠক করে। সেখানে দুর্নীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিয়ে যেমন আলোচনা হয়, তেমনি রাজনীতি, নির্বাচন ও দেশের ভবিষ্যৎ বিষয়েও মতামত তুলে ধরা হয়। প্রথম আলো শুধু অতীত ও বর্তমানের মধ্যে আটকে না থেকে আগামী দিনের কথাও সামনে নিয়ে আসে।জনমত ও জনসচেতনতা গঠনে নতুন মাত্রামানুষ দৈনিক পত্রিকায় অন্তত দুটি বিষয় চায়। প্রথমত তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদ। আর দ্বিতীয়ত, বিভিন্ন ঘটনা, সমাজ-রাজনীতি-অর্থনীতি ও সর্বোপরি দেশ ও দেশের মানুষের ভালো-মন্দ নিয়ে দায়িত্বশীল মতামত। জনমত গঠনের কাজটি প্রথম আলো খুব যত্নের সঙ্গে করে চলেছে। একদিকে চলতি ঘটনাবলির ওপর পত্রিকার অবস্থান যেমন দৃঢ়তার সঙ্গে প্রকাশ করেছে প্রতিদিনের সম্পাদকীয়তে, তেমনি আবার ভিন্নমত ও দুই বিপরীত মেরুর চিন্তাও সম্পাদকীয় ও খোলাকলম পাতায় গুরুত্বের সঙ্গে প্রকাশ করে চলেছে। কিন্তু এই গতানুগতিক ধারার বাইরে গিয়ে জনমত গঠনে প্রথম আলো একটি ভিন্ন মাত্রা যোগ করেছে। সেটা হলো নিয়মিত প্রথম আলো গোলটেবিল বৈঠক অনুষ্ঠান। প্রথম আলোর এ উদ্যোগ দেশে রাজনীতি-অর্থনীতি-সমাজসহ বিভিন্ন জরুরি ইস্যুতে তাৎক্ষণিক গোলটেবিল বৈঠক করে জনমতকে শক্তিশালী করতে সাহায্য করছে। সমাজে এর ইতিবাচক প্রভাব পড়েছে।শুধু গোলটেবিলই না, বিভিন্ন সময় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে প্রথম আলো সবার জন্য উন্মুক্ত নাগরিক সংলাপ বা মুক্ত আলোচনা করেছে। প্রতিষ্ঠার পাঁচ মাসের মাথায়, ১৯৯৯ সালের ২৯ এপ্রিল প্রথম আলোর প্রথম মুক্ত আলোচনার বিষয়বস্তু ছিল ‘দুর্নীতি প্রতিরোধ কি সম্ভব?’ ঢাকার সিরডাপ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাধারণ মানুুষ যেমন সমস্যার নানা দিক তুলে ধরেছেন, মতামত দিয়েছেন, তেমনি আবার প্রশ্নও করেছেন। সেদিনের মুক্ত সংলাপে উপস্থিত ছিলেন সে সময়ের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এম হাফিজউদ্দিন খান, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহীম খালেদ, ড. কামাল হোসেন, এ এম এ মুহিত (বর্তমান অর্থমন্ত্রী) প্রমুখ। তাঁরা মতামত শুনেছেন, নিজেরা কথা বলেছেন, নানা প্রশ্নের উত্তর দিয়েছেন। তাঁরা বলেন, কালো টাকা ও রাজনীতির গাঁটছড়া দুর্নীতিকে সর্বব্যাপী করে তুলেছে। এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা। প্রথম আলো এসব মতামত তুলে ধরার আয়োজন করা ও কথাগুলো পত্রিকায় বিস্তৃত আকারে ছাপানোর দায়িত্ব পালন করে আসছে প্রথমাবধি। তা ছাড়া প্রথম আলো প্রতিদিন অনলাইনে জনমত জরিপ পরিচালিত করে ও তার ফলাফল প্রকাশ করে। নিয়মিত চলতি ইস্যুতে জাতীয় জনমত জরিপ করে। প্রথম আলো নিষ্ঠার সঙ্গে এসব কাজ করে চলেছে। এসব গোলটেবিল ও সংলাপের মধ্য দিয়ে প্রথম আলো গণতন্ত্রের জন্য এবং বিশেষভাবে দেশ ও দেশের মানুষের জন্য দায়িত্ব পালন করে গেছে। আমরা তো জানি, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় জরুরি আইন জারি হলে দেশে নির্বাচন ও গণতন্ত্রের ধারাবাহিকতা নিয়ে কত সংশয়, কত প্রশ্ন দেশবাসীর মধ্যে দেখা দেয়। এ সময় প্রথম আলো গোলটেবিল বৈঠকগুলো দেশের নীতিনির্ধারক ও জনগণের বিভিন্ন অংশের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হয়েছে। বিগত নির্বাচনের আগের দুই বছর, ২০০৭-০৮ সাল ছিল আমাদের গণতন্ত্রের জন্য এক অগ্নিপরীক্ষা। এ সময় শুধু রাজনৈতিক বিষয়ে প্রথম আলো যে ১২টি গোলটেবিল বৈঠক করেছে, তার উদ্দেশ্য ছিল দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পূর্বশর্ত সৃষ্টিতে সহায়তা করা। সামরিক শাসন নয়, সুষ্ঠু নির্বাচন, জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা, গণতন্ত্র, উন্নয়ন ও প্রগতির পথ নিশ্চিত করার পক্ষে জনমত যেন রাজনৈতিক নেতৃত্বের ওপর ফলপ্রসূ প্রভাব বিস্তার করতে পারে, সেই অনুকূল পরিবেশ গড়ে তোলা। এ জন্য দেশের সেরা ব্যক্তিত্বদের কথা যেন ধ্বনিত হয় সে চেষ্টা ছিল। অধ্যাপক মোজাফ্ফর আহমদ থেকে শুরু করে ড. আকবর আলি খান, অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী থেকে শুরু করে অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, সৈয়দ আশরাফুল ইসলাম থেকে শুরু করে ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক সেনাপ্রধান লে. জেনা. (অব.) হাসান মশহুদ চৌধূরী, লে. জেনা. (অব.) মাহবুবুর রহমান, লে. জেনা. (অব.) হারুন-অর-রশিদ, এম হাফিজউদ্দিন খান, ড. সালমা খান থেকে রাশেদা কে চৌধুরী, সুলতানা কামাল, অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ থেকে বিজ্ঞানী মুহম্মদ জাফর ইকবাল, শিল্পপতি সৈয়দ মঞ্জুর এলাহী থেকে শুরু করে কূটনীতিক ফারুক চৌধুরী, এক কথায় দেশের সেরা চিন্তাবিদ, বিশেষজ্ঞ, রাজনীতিবিদেরা এসব গোলটেবিল বৈঠকে আমন্ত্রিত হয়ে আসেন। তাঁরা দেশ নিয়ে কথা বলেন। কোথা থেকে কোথায় যেতে হবে, সেসব বিষয়ে মতামত তুলে ধরেন।২০০৮ সালের ২৯ ডিসেম্বর যে সুষ্ঠু ও সর্বমহলে গ্রহণযোগ্য নির্বাচনটি হতে পেরেছে, একটি সুষ্ঠু ভোটার তালিকা প্রণয়ন ও ভোটার আইডি কার্ড বিতরণ যে সুসম্পন্ন হয়েছে, তার পেছনে তত্ত্বাবধায়ক সরকার, রাজনৈতিক দল, জনগণসহ অন্যান্য প্রতিষ্ঠানের যেমন ভূমিকা রয়েছে, তেমনি প্রথম আলো আয়োজিত গোলটেবিল বৈঠকগুলোর অবদানও ছিল উল্লেখযোগ্য। প্রতিটি বৈঠক রাজনৈতিক মহল ও তত্ত্বাবধায়ক সরকারের সামনে নতুন চিন্তার দিগন্ত প্রসারিত করেছে। বিগত নির্বাচনের মাত্র চার দিন পর ৩ জানুয়ারি, ২০০৯ প্রথম আলো যে গোলটেবিল বৈঠক করে, তার শিরোনাম ছিল ‘সংসদের কাছে প্রত্যাশা’। আর অতিসম্প্রতি, ২১ অক্টোবর, ২০১০ যে গোলটেবিল বৈঠকটি হয়, শিরোনাম ছিল ‘গণমাধ্যমের স্বাধীনতা ও দায়বদ্ধতা’। যে সংসদের কাছে দেশবাসীর অনেক প্রত্যাশা, তার কাছেই সেদিনের গোলটেবিল বৈঠকে সম্পাদকেরা দায়িত্বশীল সাংবাদিকতার দ্বার অবারিত রাখার আহ্বান জানিয়েছেন। এর আগে গত ৫ সেপ্টেম্বর ‘পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল: আগামী দিনের রাজনীতি’ বিষয়েও একটি গোলটেবিল বৈঠক হয়েছে।গোলটেবিল বৈঠক ও এ ধরনের মুক্ত সংলাপ হয়েছে বিগত ১২ বছরে ১০৮টি। প্রতি দেড় মাসে একটি করে গোলটেবিল বৈঠক প্রথম আলোর জনমত সৃষ্টির প্রচেষ্টায় একটি নতুন ধারা, নতুন মাত্রা এনে দিয়েছে। নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিসশস্ত্র বাহিনী, নিরাপত্তা সংস্থা, বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রভৃতি বিষয়েও বেশ কয়েকটি গোলটেবিল বৈঠক হয়েছে। সেখানে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আমাদের এই প্রিয় দেশ ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব। বিভিন্ন সামাজিক ইস্যুশুধু রাজনীতি নয়, স্বাস্থ্য ও পুষ্টি, নারী ও শিশু, ব্যবসা-বাণিজ্য, চলচ্চিত্রসহ বিভিন্ন জরুরি ইস্যুতে প্রথম আলো ধারাবাহিকভাবে গোলটেবিল বৈঠকের আয়োজন করে। এর উদ্দেশ্য একদিকে যেমন ওই সব আলোচ্য বিষয়ে সুস্পষ্ট জনমত সৃষ্টি, দেশনায়কদের দৃষ্টি আকর্ষণ, অন্যদিকে তেমনি মানুষকে সচেতন ও সংঘবদ্ধ করা, সচেতনতা সৃষ্টি। যৌতুক, নারী নির্যাতন ও উত্ত্যক্ততা-বখাটেপনার (ইভ টিজিং) বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, এইডস নিয়ন্ত্রণ, জনসংখ্যা নিয়ন্ত্রণ, ভূমিকম্প হলে কী করতে হবে, জলবায়ু পরিবর্তনের এই সন্ধিক্ষণে করণীয় প্রভৃতি বিষয়েও প্রথম আলোর গোলটেবিল বৈঠকগুলো তাৎপর্যপূর্ণ অবদান রাখছে। শুধু ঢাকায় নয় গোলটেবিল বৈঠক, মুক্ত সংলাপ, নাগরিক সংলাপ, আলোচনা—এসব অনুষ্ঠান শুধু ঢাকাতেই সীমাবদ্ধ নয়। ঢাকার বাইরে, বিভিন্ন বিভাগীয় শহরে, এমনকি তার বাইরেও প্রধান জেলাশহরগুলোতে নিয়মিতভাবে এর আয়োজন করা হয়। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, বগুড়া, কুমিল্লা, দিনাজপুর, ভোলা, যশোরসহ বিভিন্ন শহরে প্রথম আলো মুক্ত সংলাপের মাধ্যমে সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছাতে পারছে। এর ফলে যাদের কথা জানা ও শোনা বেশি দরকার, তাদের কথা প্রধান জাতীয় দৈনিকের প্রথম পাতায় উঠে আসছে। এতে ভারসাম্যপূর্ণ জনমত গড়ে ওঠার সুযোগ সৃষ্টি হয়। সাক্ষাৎকার প্রতি রোববার সম্পাদকীয় পাতায় দেশের কোনো না কোনো বিশেষজ্ঞের সাক্ষাৎকার নিয়মিত প্রকাশ করছে প্রথম আলো। বিগত ১২ বছরে ৬২৫ সপ্তাহে অন্তত ৬০০টি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। দেশের ও বিদেশের যখন যে বিষয়টি আলোচনার শীর্ষে থাকে, সাক্ষাৎকারে প্রথম আলো সে বিষয়ে পারদর্শী কোনো বিশিষ্ট ব্যক্তির সাক্ষাৎকার প্রকাশ করে। তাদের কথা সমাজে ইতিবাচক প্রভাব রাখতে সাহায্য করে।তাৎক্ষণিক মন্তব্য রাজনীতিতে আকস্মিক কোনো ঘটনা সমাজকে আলোড়িত করে। মানুষ উন্মুখ হয়ে থাকে, ওই ঘটনা সম্পর্কে রাজনীতির নীতিনির্ধারক অথবা বিশেষজ্ঞরা কে কী বলছেন তা জানার জন্য। এই চাহিদা পূরণের জন্য প্রথম আলো আলোচিত কোনো ঘটনার ওপর তাৎক্ষণিক মন্তব্য প্রকাশ করে। মানুুষ জানতে পারে কোন ঘটনা কোন দিকে নিয়ে চলেছে দেশ ও দেশের মানুষকে। মানুষের জানার অন্তহীন আকাঙ্ক্ষা প্রথম আলো পূরণ করে চলেছে নিরলসভাবে। এই ধারা অব্যাহত থাকবে। গণতন্ত্রের প্রধান শক্তি হলো সমাজে বহুমতের অবস্থান ও পরমতের প্রতি সহিষ্ণুতা। প্রথম আলো তার গোলটেবিল আলোচনা ও নানা পর্যায়ে সংলাপের মধ্য দিয়ে গণতন্ত্রের এই অপরিহার্য উপাদানটি শক্তিশালী করছে, এবং সেটা করছে সৃজনশীলভাবে। গণতন্ত্রে জনগণের ক্ষমতায়নে এভাবে প্রথম আলো তার ভূমিকা সাধ্যমতো পালন করে যাবে।মত-দ্বিমত আমাদের সমাজ, বিশেষভাবে রাজনৈতিক চিন্তাধারার দিক থেকে সুস্পষ্টভাবে বিভক্ত। দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী থেকে শুরু করে রাজনীতিবিদ, ব্যবসায়ী, লেখক, শিল্পী-সাহিত্যিক-সাংবাদিক সবাই একটি বিভাজনরেখার দুই পাশে অবস্থান করছে। এটাই সমাজের বাস্তবতা। এটা ঠিক না ভুল, কার কোন অবস্থানে থাকা উচিত বা অনুচিত, সেটা বিচারের একটা বিষয় তো নিশ্চয়ই আছে। কিন্তু সে বিচার যেন পাঠক তথা সাধারণ মানুষ সহজে করতে পারে, জানতে পারে কে কোন অবস্থানে থেকে কী বলছেন, সে জন্য প্রথম আলো নিয়মিত ছাপিয়ে চলেছে মত-দ্বিমত। কোনো একটি ঘটনা যখন সমাজে বিতর্ক সৃষ্টি করে, তখন সেই ঘটনার বিশ্লেষণে চিন্তার দিক থেকে দুই মেরুতে অবস্থানকারীদের পাল্টাপাল্টি মত প্রথম আলোতে পাশাপাশি সমগুরুত্ব দিয়ে ছাপানো হয়। এই মত-দ্বিমত দেশের জন্য মঙ্গলকর জনমত নির্মাণে সাহায্য করে চলেছে।