জনমত তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত সমর্থন করেননি বেশির ভাগ মানুষ। ৭৩ শতাংশ মানুষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দিয়েছেন। তবে ২৫ শতাংশ মানুষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করার পক্ষে। ২০১১-এর জনমত জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে।জরিপে আরও দেখা গেছে, ৭৪ শতাংশ মানুষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল সমর্থন করেন না। এই জনমত ইঙ্গিত করে, রাজনৈতিক সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে—এমন আস্থা মানুষের মধ্যে নেই।তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে গত বছরের ১০ মে আপিল বিভাগ একটি রায় দেন। রায়ে এও বলা হয়, রাষ্ট্রের প্রয়োজনে দশম ও একাদশ সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। এর পরপরই সরকার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে। এ বিষয়ে সরকার ও বিরোধী দল এখন মুখোমুখি অবস্থানে রয়েছে।নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারছে কি না, এ প্রশ্নের উত্তরে জনমত প্রায় দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। ৪৭ শতাংশের মত এর পক্ষে, ৪৬ শতাংশ মানুষ এর বিপক্ষে। ২০১০ সালের জরিপে এ প্রশ্নের উত্তরে ৫৭ শতাংশ উত্তরদাতা নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারছে বলে আস্থা প্রকাশ করেছিলেন। এর বিপক্ষে মত দেন ৩৮ শতাংশ উত্তরদাতা।