জনযুদ্ধের চার সদস্য ‘গণপিটুনিতে’ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা স্টিল ব্রিজের কাছে গতকাল রোববার রাতে ‘গণপিটুনিতে’ চার ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের দাবি তারা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (এমএল) জনযুদ্ধের সক্রিয় সদস্য। নিহত ব্যক্তিরা হলো, রেজাউল ইসলাম (৩০), সিরাজুল ইসলাম (৩২), রবিউল ইসলাম (৪০) ও সাগর (৩৫)। তাদের সবার বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলায়। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সি এ হালিম রোববার রাত ১২টার দিকে মুঠোফোনে সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।সি এ হালিম বলেন, রোববার রাত ১১টার দিকে আইলচারা গ্রামের ওই জায়গায় চরমপন্থীরা নাশকতা সৃষ্টির জন্য গোপন বৈঠক করছে—এমন খবরের ভিত্তিতে জনতা তাদের ঘিরে ফেলে। এ সময় চরমপন্থীরা পালানোর চেষ্টা করলে জনতা চারজনকে ধরে গণপিটুনি দেয়। এতে তারা ঘটনাস্থলেই নিহত হয়। তিনি বলেন, তাদের বিরুদ্ধে তিনটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে। সি এ হালিম জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি বন্দুকসহ বেশ কিছু বোমা উদ্ধার করা হয়েছে। রাতেএ প্রতিবেদন লেখা পর্যন্ত লাশগুলো কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছিল।