জনরোষে পালিয়ে গেলেন তিউনিসিয়ার সাবেক প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিউনিসিয়ার সাবেক প্রেসিডেন্ট জাইন আল-আবিদাইন বেন আলী আজ শনিবার সকালে সপরিবারে সৌদি আরব পালিয়ে গেছেন। দেশজুড়ে অব্যাহত বিক্ষোভ আর প্রতিবাদের মুখে এর আগে তিনি পদত্যাগ করেছিলেন। জাইন আল-আবিদাইন বেন আলী পদত্যাগের পর বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ গানাউচি অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বলেছেন, একটি সরকার গঠনের লক্ষ্যে তিনি আজ দেশের রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন। জাইন আল-আবিদাইন বেন আলী গত ২৩ বছর তিউনিসিয়ার প্রেসিডেন্ট ছিলেন। তাঁর সরকারের বিরুদ্ধে দুর্নীতি, অপশাসন ও ব্যর্থতার ব্যাপক অভিযোগ রয়েছে। দুর্নীতি, বেকারত্ব ও দ্রব্যমূল বৃদ্ধিসহ নানা ইস্যুতে দেশটিতে গত কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ চলছিল। বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হয়। এ পরিপ্রেক্ষিতে বেন আলী গতকাল শুক্রবার তিউনিসিয়ায় জরুরি অবস্থা জারি করেন। জানা গেছে, ক্ষমতা ছেড়ে বেন আলী পরিবারের সদস্যদের নিয়ে একটি বিমানে করে গোপনে দেশত্যাগ করেন। ফ্রান্সের গণমাধ্যমের খবরে বলা হয়, প্রেসিডেন্ট নিকোলা সারকোজি সে দেশে বেন আলীর বিমান অবতরণের অনুমতি দেননি।তবে সৌদি আরব সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, আজ শনিবার সকালের দিকে বেন আলী সে দেশে পৌঁছান। সৌদি সরকার তাঁকে স্বাগত জানিয়েছে। বিবিসি।