কুয়ালালামপুরে প্রবাসীদের সংবর্ধনায় প্রধানমন্ত্রী
জনশক্তি পাঠাতে প্রতারণা বন্ধে ব্যবস্থা নেওয়া হবে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার সুস্পষ্টভাবে বলেছেন, বিদেশে জনশক্তি পাঠানোর ক্ষেত্রে প্রতারণা বন্ধে অসাধু ‘রিক্রুটিং এজেন্সিগুলোর’ বিরুদ্ধে তাঁর সরকার কঠোর পদক্ষেপ নেবে। প্রধানমন্ত্রী গতকাল কুয়ালালামপুরে পুত্রা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে প্রবাসী বাংলাদেশিদের এক সংবর্ধনায় এ কথা বলেন। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রী বলেন, ‘বেসরকারি খাত বিদেশে জনশক্তি পাঠাবে। কিন্তু এ ক্ষেত্রে যাতে কেউ প্রতারিত না হয়, তা নিশ্চিত করতে সরকার প্রক্রিয়াটি নিয়মিতভাবে নজরদারি করবে।’ তিনি বলেন, প্রবাসীরা যাতে ভোটার আইডি কার্ড পান এবং তাঁরা যাতে বিদেশে কাজ করার জন্য সহজ শর্তে ঋণ পান, সরকার ইতিমধ্যেই সে প্রক্রিয়া শুরু করেছে। তিনি প্রবাসীদের দেশে গেলে ভোটার তালিকায় তাঁদের নাম অন্তর্ভুক্ত করে নেওয়ার অনুরোধ জানান।বিদ্যুৎ-সংকট প্রশ্নে পল্টনের মহাসমাবেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যকে নাকচ করে দিয়ে শেখ হাসিনা বলেন, মিথ্যাচারেরও একটা সীমা আছে। তিনি বলেন, বিরাজমান বিদ্যুৎ-সংকটের জন্য বিএনপিই দায়ী। ক্ষমতায় থাকাকালে তারা এক মেগাওয়াট বিদ্যুৎও উৎপাদন করতে পারেনি।প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ১৯৯৬-০১ পর্যন্ত সময়ে দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা এক হাজার ৬০০ মেগাওয়াট থেকে চার হাজার ৩০০ মেগাওয়াটে উন্নীত করেছিলাম। কিন্তু ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর দেশের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ খাতকে লাগামহীন দুর্নীতি ও অব্যবস্থাপনার মাধ্যমে ধ্বংস করে।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ আমলে যে চালের দাম মাত্র ১০ টাকা ছিল বিএনপি আমলে কেন তা বেড়ে ৪৫ টাকায় দাঁড়াল?’প্রধানমন্ত্রী দেশে ওয়ান-ইলেভেন আনার জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করে বলেন, তাদের দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদ দেশে ওয়ান-ইলেভেনের পথ সুগম করেছে।মালয়েশীয় উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান: এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল কুয়ালালামপুরে হোটেল ইস্তানার বলরুমে মালয়েশীয় বিনিয়োগকারীদের সঙ্গে এক গোলটেবিল আলোচনায় বিনিয়োগবান্ধব পরিবেশের সুযোগ নিয়ে বাংলাদেশের শ্রমঘন তৈরি পোশাকশিল্প, বস্ত্র, হালকা ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস, কৃষিভিত্তিক পণ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিদ্যুৎ ও অবকাঠামো খাতে মালয়েশীয় উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশ থেকে পাট, চামড়াজাত পণ্য, তৈরি পোশাক, সিরামিকস ও ওষুধসামগ্রীর মতো বিশ্বমানের পণ্য আমদানির অনুরোধ জানান। তিনি বলেন, বাংলাদেশ মুক্তবাজার অর্থনীতি অনুসরণ করছে এবং সরকার বাণিজ্য ও বিনিয়োগনীতি উদারীকরণ করেছে। সুদের হার হ্রাস, ব্যবসার ক্ষেত্রে ব্যয় হ্রাস ও অবকাঠামোগত বাধা দূর করার পাশাপাশি বন্দরসুবিধার উন্নয়ন ঘটিয়েছে। শেখ হাসিনা বলেন, আমদানিকৃত যন্ত্রপাতির ওপর রেয়াতি সুবিধা, রয়্যালটি ফেরত নেওয়া, কর অবকাশ ও রেয়াতি শুল্কের ব্যবস্থা, অবাধ কারিগরি সহযোগিতা, ১০০ ভাগ বিদেশি মালিকানা, মুক্ত বহির্গমননীতি, সহজে পুঁজি উঠিয়ে নেওয়ার সুবিধা ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকায় বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ এখন আকর্ষণীয় হয়ে উঠেছে। তিনি বলেন, এ ছাড়া বাংলাদেশে রয়েছে ১৬ কোটি জনসংখ্যার বিশাল অভ্যন্তরীণ বাজার।প্রধানমন্ত্রী ফিরেছেন: প্রধানমন্ত্রী তাঁর ছয় দিনের দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া সফর শেষে গতকাল মধ্যরাতে ঢাকায় ফিরেছেন। এর আগে মালয়েশিয়ার বাণিজ্য ও বনায়ন মন্ত্রী বার্নার্ড গিলুক দম্পক প্রধানমন্ত্রীকে কুয়ালালামপুর বিমানবন্দরে বিদায় জানান।