জনশক্তি ব্যুরোর সাবেক পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সাবেক পরিচালক সফিকুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।আজ মঙ্গলবার দুদক উপপরিচালক আবদুল আজিজ ভূঁইয়া বাদী হয়ে রমনা থানায় এ মামলা করেন।মামলার বিবরণ অনুযায়ী তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তি; এক কোটি দুই লাখ ৬৯ হাজার ৩০১ টাকা। এর মধ্যে তিনি জমি বিক্রি, ব্যাংকঋণ, ভবিষ্যত্ তহবিল, পেনশন, গ্র্যাচুইটি, চাকরির সঞ্চয় এবং বাড়ি ভাড়া বাবদ আয় দেখিয়েছেন ৭২ লাখ ৬৯ হাজার টাকা। বাকি ৩০ লাখ টাকার সম্পদের আয়ের কোনো উত্স দেখাতে পারেননি তিনি।সফিকুর রহমান চৌধুরীর অবৈধ সম্পদের বিষয়টি নিশ্চিত হয়ে গত বছরের ১৭ মে সম্পদের হিসাব চায় দুদক। ৩০ মে তিনি দুদকে সম্পদের হিসাব জমা দেন। তাঁর দাখিল করা সম্পদের হিসাব পর্যালোচনা করে দেখা যায়, অবৈধভাবে অর্জিত অর্থ দিয়ে সফিকুর রহমান চৌধুরী ১৯৭৭ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত সময়ে ৩১টি দলিলের মাধ্যমে কুমিল্লার চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোটের বিভিন্ন মৌজায় ৫ দশমিক ৩৬ একর জমি কিনেছেন। যার ক্রয়মূল্য তিন লাখ ৮২ হাজার ৯০০ টাকা দেখানো হয়েছে। সবুজবাগে ৪৭ হাজার টাকায় ৩ শতাংশ জমি কিনে একটি চার তলা বাড়ি নির্মাণ করেছেন। বাড়ি নম্বর ২৫/২ দক্ষিণ মুগদাপাড়া। বাড়ির নির্মাণ ব্যয় দেখানো হয় ছয় লাখ ৬০ হাজার ৫১৫ টাকা। তিনি কুমিল্লার কান্দির পাড় এলাকায় তিন লাখ ১০হাজার টাকা মূল্যের জমি কিনেছেন বলে সম্পদ বিবরণীতে উল্লেখ করেছেন।সম্পদ বিবরণী থেকে জানা যায়, ৫৫/এ, উত্তর মুগদাপাড়ায় তিনি ২০০২ সালের ১৪ আগস্ট ১৩লাখ ৫০ হাজার টাকায় জমি কিনেছেন ৫ শতাংশ। সেখানে ৬২ লাখ ৮৬হাজার ৮৪৬ টাকা ব্যয়ে নির্মাণ করেছেন ছয় তলা বাড়ি। দুদকের অনুসন্ধানে জানা যায়, অবৈধ টাকায় কেনা জমির রেজিস্ট্রেশন বাবদ ব্যয় হয়েছে ৯১লাখ ৭৮ হাজার ৩০১ টাকা। সফিকুর রাহমান চৌধুরীর রয়েছে ১০ লাখ ৯১ হাজার টাকার অস্থাবর সম্পত্তি।