জনশক্তি রপ্তানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা করা হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনশক্তি রপ্তানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এ ব্যাপারে কোনো গাফিলতি সহ্য করা হবে না বলে তিনি সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে দেন।আজ শনিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। জনশক্তি রপ্তানি খাতে বিভিন্ন অনিয়মের অভিযোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তির ব্যবস্থা রেখে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দা সত্ত্বেও প্রবাসীরা অর্থ পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রেখেছেন। গত বছর তাঁরা এক হাজার কোটি মার্কিন ডলারের বেশি অর্থাত্ ৭০ হাজার কোটি টাকা দেশে পাঠিয়েছেন। এ বছর তাঁদের পাঠানো অর্থের পরিমাণ ৭৪ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। প্রবাসীদের পাঠানো অর্থের কারণেই গড়ে উঠেছে রেকর্ড পরিমাণ বিদেশি মুদ্রার রিজার্ভ। প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এই কৃষিশ্রমিক ব্যবহার করে বিদেশের মাটিতে চাষাবাদ করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। বিশেষ করে যেসব দেশে বিপুল পরিমাণ জমি অনাবাদি পড়ে আছে, সেখানে অংশীদারির ভিত্তিতে চাষাবাদ করলে আমরা নিজেরা যেমন লাভবান হতে পারব, তেমনি সংশ্লিষ্ট দেশগুলোও লাভবান হবে।’ইতিমধ্যেই আফ্রিকার কয়েকটি দেশের সঙ্গে এ ব্যাপারে সরকারের আলাপ-আলোচনা হয়েছে। খুব শিগগির তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। জনশক্তি, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের মন্ত্রী মোশাররফ হোসেন।—বাসস