জনশক্তি রপ্তানি বন্ধের হুমকি বায়রার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেতিবাচক প্রচারণা বন্ধ এবং মালয়েশিয়ায় সরকারিভাবে লোক পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে না এলে বিদেশে জনশক্তি রপ্তানি বন্ধ রাখার হুমকি দিয়েছে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ)। আজ বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বায়রার নেতারা এ কথা জানান।সংবাদ সম্মেলনে বায়রার সভাপতি শাহজালাল মজুমদার বলেন, ১৯৭৬ সাল থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত মোট ৮১ লাখ ৮১ হাজার ২৭৪ জন কর্মী বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে গেছেন। এর মধ্যে সরকারিভাবে হয়তো ৫০ হাজার লোক বিদেশে গেছেন। বাকি ৮১ লাখেরও বেশি লোক গেছেন বায়রার সদস্যদের মাধ্যমে। এত গুরুত্বপূর্ণ অবদান রাখা সত্ত্বেও জনশক্তি রপ্তানিকারকদের সম্পর্কে সাম্প্রতিক সময়ে মন্ত্রী, সচিবসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা নেতিবাচক মন্তব্য করছেন। তাঁদের এই অবস্থান বদলাতে হবে।বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেন, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ২০০৭ ও ২০০৮ সালে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কর্মী পাঠিয়ে বায়রা অনিয়ম করেছিল। কিন্তু বাস্তবতা হলো দূতাবাস বা হাইকমিশনের সত্যায়ন ছাড়া জনশক্তি রপ্তানিকারকেরা একজন লোকও পাঠাতে পারেন না। এ ক্ষেত্রে তাহলে হাইকমিশন ও মন্ত্রণালয় কী করল? সব দায় কেন জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের? আর রিক্রুটিং এজেন্সি কোনো অনিয়ম করলে সরকার তাদের সনদ বাতিল করতে পারে। এ ক্ষেত্রে সরকার তাহলে কী করল? শাহজালাল মজুমদার বলেন, ‘সুপরিকল্পিত নিয়মনীতি না করে মন্ত্রণালয়ের যখন যা ইচ্ছা হয় তা-ই করছে। মন্ত্রী মহোদয় প্রতিদিনই “রেট” বাড়চ্ছেন। একদিন তিনি বলছেন সরকারিভাবে মালয়েশিয়ায় যেতে ৪০ হাজার টাকা লাগবে, একদিন বলছেন ৫০ হাজার টাকা লাগবে আবার একদিন বলছেন ৮০ হাজার টাকা লাগবে। আমাদের কথা হলো, মালয়েশিয়ান নিয়োগ কর্তৃপক্ষই যদি বিমানভাড়াসহ অন্যান্য খরচ দেন, তাহলে ২০ হাজার টাকার বেশি কেন লাগবে?’তিনি আরও বলেন, ‘সরকারের কাজ নিয়ন্ত্রণ করা, লোক পাঠানো নয়। সরকারিভাবে লোক পাঠাতে গেলে কত অনিয়ম হয়, তা আমরা দক্ষিণ কোরিয়া, জর্ডানসহ অন্যান্য দেশের ক্ষেত্রে দেখেছি। সরকারের এসব অনিয়ম কে দেখবে?’ সংবাদ সম্মেলনে বায়রার মহাসচিব বলেন, ‘মালয়েশিয়ার ব্যাপারে কথা বলার জন্য আমরা তিনবার মন্ত্রীর সময় চেয়েছি। কিন্তু তিনি আমাদের অচ্ছুত মনে করছেন। আমরা জানি প্রধানমন্ত্রী এ খাতের ব্যাপারে অত্যন্ত আন্তরিক। আমরা এ ব্যাপারে তাঁর হস্তক্ষেপ চাই।’সংবাদ সম্মেলনে বায়রার কার্যকরী পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় বায়রার পক্ষ থেকে বলা হয়, মধ্যপ্রাচ্যের বন্ধ বাজারগুলো খুলতে সরকার ব্যর্থ হয়েছে। এখন মালয়েশিয়ায় শ্রমবাজার আশার জায়গা। সেখানে পাঁচ থেকে ছয় লাখ লোক লাগবে। কিন্তু সরকারের এত লোক পাঠানোর ক্ষমতা নেই। আর এ কাজ করতে গেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতিতে জড়িয়ে পড়বেন এবং তাঁদের অদক্ষতায় আবার মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে যাবে। কাজেই এ খাতের ব্যবসায়ীদের লোক পাঠানোর কাজে অন্তর্ভুক্ত করা উচিত ।