জনশক্তি রপ্তানিতে অচলাবস্থার জন্য সরকারকেই দায়ী করল বায়রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনশক্তি রপ্তানি খাতের ধ্বংসের জন্য সরকারের ভ্রান্ত নীতি এবং কূটনৈতিক ব্যর্থতাকে দায়ী করেছে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস অব বাংলাদেশ (বায়রা)। এ ছাড়া সরকারিভাবে লোক পাঠানোর বিরোধিতাও করেছেন সংগঠনের নেতারা।আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বায়রা এ দাবি করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন বায়রার সভাপতি আবুল বাসার।বায়রার সভাপতি বলেন, বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় মাধ্যম জনশক্তি রপ্তানি খাতে এখন চরম অচলাবস্থা বিরাজ করছে। গত তিন বছরে একের পর এক বাজার হাতছাড়া হয়ে গেছে। সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েত, কাতার, লিবিয়াসহ অন্যান্য দেশে জনশক্তি রপ্তানি নেই বললেই চলে। ফলে জনশক্তি রপ্তানির সঙ্গে জড়িত এক হাজার ১০০ ব্যবসায়ী চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।বায়রার সভাপতি বলেন, সাধারণ মানুষের কাছে জনশক্তি রপ্তানিকারক মানে আদম ব্যাপারী। তাঁরা অতি ঘৃণার পাত্র। অথচ এই খাতে এগার শ রপ্তানিকারকের বিনিয়োগের পরিমাণ অন্তত চার হাজার কোটি টাকা। গত অর্থবছরে বৈধভাবে প্রবাসীরা ৭০ হাজার কোটি টাকা পাঠিয়েছেন। কাজেই এই খাতের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের নিয়ে তাচ্ছিল্য করার সুযোগ নেই।সংবাদ সম্মেলনে বলা হয়, ২০০৯ সালে আগের বছরের চেয়ে জনশক্তি রপ্তানি অর্ধেকে নেমে আসে। ২০১০ সালে সেটি আরও কমেছে। এর একটি বড় কারণ সৌদি আরব ও মালয়েশিয়ার বাজার একই সঙ্গে বন্ধ হয়ে যাওয়া। সরকার দক্ষতার সঙ্গে সামাল দিতে পারেনি বলেই এই সমস্যা হয়েছে। সৌদি আরবের বাজারে যখন সমস্যা হয়, তখন বারবার সরকারকে ব্যবস্থা নিতে বলা হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।