জনশক্তি রপ্তানিতে কোনো রাজনৈতিক প্রভাব নেই: প্রবাসীকল্যাণমন্ত্রী
বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশারফ হোসেন বলেছেন, জনশক্তি রপ্তানিতে কোনো রাজনৈতিক প্রভাব নেই। কাজেই এ কারণে বাংলাদেশের জনশক্তি রপ্তানি কমেনি, কমেছে অর্থনৈতিক মন্দার কারণে।আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে জনশক্তি রপ্তানি নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।মন্ত্রী বলেন, ‘ইচ্ছা করলেই আমরা বিদেশে লোক পাঠাতে পারি না। প্রতিটি দেশেই লোক নেওয়ার একটি নির্দিষ্ট কোটা আছে। বাংলাদেশ অনেক আগেই এ কোটা পার করে এসেছে। জনশক্তি রপ্তানি বন্ধ—এটা বলা ঠিক হবে না। প্রতিদিনই লোক যাচ্ছে। বেশির ভাগ লোকই বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নিয়ে বাংলাদেশ থেকে বিদেশে যায়। কিন্তু ওই সব প্রতিষ্ঠানে এখন চাহিদা না থাকায় বিদেশে লোক যাওয়া কমে যাচ্ছে।’এর আগে পাপুয়া নিউগিনির শ্রম ও শিল্পবিষয়ক মন্ত্রী মার্ক মাইপাকাইয়ের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে অংশ নেন মন্ত্রী।এ বিষয়ে খন্দকার মোশারফ হোসেন জানান, বাংলাদেশ থেকে সাত-আট হাজার শ্রমিক নেবে পাপুয়া নিউগিনি। গ্যাস সেক্টর এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে এসব শ্রমিক নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ থেকে যেসব শ্রমিক পাপুয়া নিউগিনিতে পাঠানো হবে, তাঁদের প্রশিক্ষণ দেওয়ার জন্য সে দেশের একটি প্রতিনিধিদলকে এখানে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।