জনশক্তি রপ্তানিতে প্রতারণা বন্ধে প্রধানমন্ত্রীর নির্দেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনশক্তি রপ্তানিকারকদের প্রতি বিদেশে জনশক্তি রপ্তানিতে প্রতারণা বন্ধের নির্দেশ দিয়েছেন।‘আপনাদের কেউ কেউ জনশক্তি রপ্তানির ক্ষেত্রে প্রতারণার আশ্রয় নেয়’ উল্লে¬খ করে প্রধানমন্ত্রী বলেন, ‘অবশ্যই এই প্রবণতা বন্ধ করতে হবে।’ তিনি বলেন, জনশক্তি রপ্তানির ক্ষেত্রে কোনো ধরনের প্রতারণা সহ্য করা হবে না।আজ বৃহস্পতিবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) সভাপতি আবুল বাশারের নেতৃত্বে কমিটির সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত্ করলে শেখ হাসিনা এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এসব কথা জানান।শেখ হাসিনা বিশ্বের বিভিন্ন দেশের জেলখানায় বাংলাদেশের শ্রমিকদের আটক থাকার কথা উল্লে¬খ তাঁদের খোঁজখবর নিয়ে দেশে ফিরিয়ে আনার ওপর জোর দেন। তিনি এ ব্যাপারে বায়রাকে উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।শেখ হাসিনা বলেন, শ্রমিক পাঠানোর ব্যাপারে অবশ্যই শ্রমিককল্যাণ ও দেশের ভাবমূর্তির কথা বিবেচনায় রাখতে হবে। একজন শিক্ষককে ইট ভাঙার জন্য পাঠানো কখনই গ্রহণযোগ্য হতে পারে না। যে শ্রমিকের যে কাজের অভিজ্ঞতা রয়েছে, তাঁকে সে কাজেই পাঠানো উচিত বলে তিনি উল্লেখ করেন।প্রধানমন্ত্রী বলেন, বিদেশে চাকরি করতে গিয়ে কাউকে যাতে আর নিঃস্ব না হতে হয়, সেজন্যই সরকার প্রবাসীকল্যাণ ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। বিদেশে চাকরির উদ্দেশে যাওয়ার ব্যাপারে আগ্রহী ব্যক্তিরা এই ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন। তাঁরা ব্যাংক থেকে নেওয়া ঋণের টাকা চাকরি করেই শোধ করবেন। ফলে কাউকে জমি বিক্রি করে নিঃস্ব হয়ে বিদেশে যেতে হবে না।শেখ হাসিনা বলেন, যে শ্রমিক যে কাজের জন্য বিদেশে যাবেন, সেই কাজের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া যে যে দেশে যাবেন, সে দেশের ভাষা শেখানোর ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, ‘অর্থনৈতিক মন্দা সত্ত্বেও আমাদের রেমিট্যান্স কমেনি। বরং বৈদেশিক রিজার্ভের পরিমাণ অতীতের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে।’ তিনি নতুন নতুন শ্রমবাজার খোঁজার জন্য বায়রা নেতাদের প্রতি আহ্বান জানান।এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান ও প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। বাসস