জনশক্তি রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে মালয়েশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বাংলাদেশ থেকে আবার জনশক্তি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। তবে দালালপ্রথাসহ নানা অনিয়ম বন্ধে এবার সরকারিভাবে (জি টু জি) লোক পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে ইস্কাটনের প্রবাসীকল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রবাসীকল্যাণমন্ত্রী। মালয়েশিয়ার শ্রমবাজার আবার চালুর বিষয়ে দেশটির মানবসম্পদমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদলের সফরের ফলাফল জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। গত মঙ্গলবার দেশটির মানবসম্পদমন্ত্রী এম সুব্রিনিয়াম বাংলাদেশে আসেন। গতকাল বুধবার তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রবাসীকল্যাণমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। আজ বৃহস্পতিবার সকালেও মালয়েশিয়ার প্রতিনিধিদলের সঙ্গে যৌথ বৈঠক করে বাংলাদেশ। প্রায় সাড়ে তিন বছর ধরে মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য বন্ধ। দীর্ঘ এই সময় কয়েক দফায় কূটনৈতিক আলাপ-আলোচনা হলেও এ দেশ থেকে শ্রমিক নেওয়ার নিষেধাজ্ঞা তুলে নেয়নি দেশটি। তবে শেষ পর্যন্ত এবার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে যাচ্ছে। প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, অত্যন্ত আন্তরিক পরিবেশে মালয়েশিয়ার প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক হয়েছে। তাঁরা বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে রাজি হয়েছে। এ ছাড়াও দেশটি জনশক্তি নিয়োগে বাংলাদেশকে উত্স দেশ (সোর্স কান্ট্রি) ঘোষণা করতেও সম্মত হয়েছে। মন্ত্রী জানান, জনশক্তি রপ্তানির ক্ষেত্রে অনিয়ম বন্ধ করতে দুই দেশই এবার সরকারিভাবে লোক নেবে। এ ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীরা আর থাকবে না। এ ছাড়া অভিবাসন খরচও অনেক কমে আসবে। মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম সুব্রিনিয়াম সংবাদ সম্মেলনে বলেন, ‘বাংলাদেশ থেকে আমরা আবার লোক নেব। তবে কবে নাগাদ লোক নেব, কত লোক নেব সে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। আমাদের অর্থনৈতিক প্রয়োজন বুঝেই সেটি করা হবে। এ ছাড়া বাংলাদেশকে সোর্স কান্ট্রি করার চিন্তাও আমাদের আছে।’ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক শামসুন নাহার, মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার আতিকুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।