জনশক্তির বাজার নষ্ট করবেন না: প্রবাসীকল্যাণমন্ত্রী
অবৈধভাবে লোক পাঠিয়ে কোনো শ্রমবাজার নষ্ট না করার জন্য জনশক্তি রপ্তানিকারক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, কারও প্রতারণার কারণে যেন কোনো বাজার নষ্ট না হয়। যারা এসব করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।আজ বুধবার রাজধানীর একটি হোটেলে জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর সংগঠন (বায়রা) আয়োজিত ইফতার অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।খন্দকার মোশাররফ বলেন, ইরাকে জিয়ারত ভিসায় প্রচুর শ্রমিক পাঠানো হচ্ছে বলে সরকারের কাছে তথ্য আছে। এই প্রতারণার কারণেই ইরাকের বাজারটি বন্ধ হয়ে যেতে পারে। বায়রার কেউ না কেউ এর সঙ্গে জড়িত। এদের বিরুদ্ধে বায়রা ব্যবস্থা না নিলে সরকার ব্যবস্থা নেবে। কারণ, চালু হওয়ার আগেই কোনো বাজার বন্ধ করা যাবে না।শ্রমমন্ত্রী বলেন, বিশ্বে আজ ৭০ লাখ প্রবাসী বাংলাদেশি আছেন। এঁদের বেশির ভাগই আছেন মধ্যপ্রাচ্যে। বায়রার কারণেই এত মানুষ বিদেশে গেছেন। কাজেই বায়রাকে নিয়েই কাজ করতে চায় মন্ত্রণালয়।অনুষ্ঠানের বিশেষ অতিথি এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, অনেকেই মনে করেন, পোশাকশিল্পের মাধ্যমে এ দেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আসে। কিন্তু এটি ঠিক নয়। পোশাক খাত থেকে বছরে ১২ বিলিয়ন ডলার আসে। এর অর্ধেকই আবার সুতার জন্য বিদেশে খরচ হয়ে যায়। কিন্তু প্রবাসীরা বছরে ১০ দশমিক ২ বিলিয়ন ডলার পাঠাচ্ছেন। এটিই সবচেয়ে বড় খাত। এই খাতের জন্য বায়রাকে সব ধরনের সহায়তা দেবে এফবিসিসিআই।অনুষ্ঠানটি পরিচালনা করেন বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী। বায়রার সদস্য ও সাবেক নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।