প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে হেলেন ক্লার্ক
জনসংখ্যা নিবন্ধনে বাংলাদেশকে সহায়তা দেবে ইউএনডিপি
ডিজিটাল পদ্ধতিতে জাতীয় জনসংখ্যা নিবন্ধনে (এনপিআর) ডেটাবেজ-ব্যবস্থা চালু করতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহী বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক এবং নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক। আজ শুক্রবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি তাঁর এ আগ্রহের কথা ব্যক্ত করেন। বিগত নির্বাচনের আগে ভোটার রেজিস্ট্রেশনের মাধ্যমে ১৮ বছর থেকে ঊর্ধ্বের নাগরিকদের ডেটাবেজে করা করা সম্ভব হলেও যাদের বয়স ১৮ বছরের নিচে, তারা রেজিস্ট্রেশনের বাইরে থেকে যায়। এনপিআরের মাধ্যমে দেশের সব নাগরিকের রেজিস্ট্রেশনের মাধ্যমে ডেটাবেজ করা সম্ভব হবে। আলোচনা শেষে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব এম নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, উদ্ভাবনী তহবিল গঠন, জলবায়ু পরিস্থিতি মোকাবিলা, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা এবং স্থানীয় সরকার শক্তিশালী করার বিষয়টি আলোচনায় অত্যন্ত গুরুত্বের সঙ্গে স্থান পায়। হেলেন ক্লার্ক সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে বাংলাদেশের অগ্রগতিতে প্রশংসা করেন এবং এমডিজি-৪-এ জাতিসংঘ অ্যাওয়ার্ড অর্জনে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। এ ছাড়া প্রধানমন্ত্রী ভোটার তালিকা তৈরি, ক্ষুদ্রঋণ, জলবায়ু রক্ষায় কর্মসূচি, ডিজিটাল তথ্যব্যবস্থা চালু, স্থানীয় সরকার শক্তিশালীকরণ, স্যানিটেশন কর্মসূচিসহ বাংলাদেশের বিভিন্ন অভূতপূর্ব অর্জনের কথা আলোচনায় তুলে ধরেন।ভোটার আইডি কার্ড তৈরি, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য ক্লিনিক স্থাপন করে স্বাস্থ্যসেবার ব্যবস্থা, লিঙ্গ সমতা অর্জন এবং স্কুলে ঝরে পড়া রোধে বাংলাদেশকে সহায়তার জন্য প্রধানমন্ত্রী ইউএনডিপিকে ধন্যবাদ জানান। ভবিষ্যতে বাংলাদেশে ইউএনডিপির সহায়তা অব্যাহত থাকবে বলেও হেলেন ক্লার্ক প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন। বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের দক্ষ শ্রমিক এবং ভূমির অপর্যাপ্ততার কথা উল্লেখ করে বলেন, যেসব দেশের পর্যাপ্ত জমি আছে, ওই দেশগুলোতে বাংলাদেশি অভিবাসীদের কাজের সুযোগ সৃষ্টি হলে বৈশ্বিক খাদ্যসংকট মোকাবেলা করা সম্ভব হবে। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অ্যাম্বেসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্যসচিব এম এ করিম, ইআরডির সচিব মোশারফ হোসেন ভূঁইয়া এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। —বাসস/ইউএনবি