জনসংখ্যা নিয়ন্ত্রণ ও এডিপি বাস্তবায়ন বাড়ানোর তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের এক নম্বর সমস্যা এখন জনসংখ্যা নিয়ন্ত্রণ। আশির দশকে ভালো থাকলেও দুই দশক ধরেই এ কার্যক্রম ঝুলে আছে।জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচির পাশাপাশি আঞ্চলিক বৈষম্য রোধ, বিনিয়োগ বাড়ে এমন কর্মসূচি নেওয়া, রাজস্ব বাড়াতে নানামুখী পদক্ষেপ নেওয়া, শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, বিদ্যুতের সঙ্গে জ্বালানি খাতকেও সমান গুরুত্ব দেওয়া এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দ বাড়ানোর আগে মন্ত্রণালয়গুলোর বাস্তবায়ন-দক্ষতা বাড়ানো দরকার।গতকাল সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় দেশের অর্থনীতিবিদেরা বলেছেন, ২০১০-১১ অর্থবছরের বাজেট প্রণয়ন করতে হবে এসব বিষয় মাথায় রেখে। এ ছাড়া তাঁরা ঢালাওভাবে ভর্তুকি না দিয়ে শুধু মঙ্গা বা নির্বাচিত কিছু এলাকায় ভর্তুকি দেওয়ার সুপারিশ করেন।বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন কর বছর ও অর্থবছর একই করার সুপারিশ করে প্রতিবছরই আয়কর রিটার্নের সময়সীমা বাড়ানোর তামাশা বন্ধ করার পরামর্শ দেন। রপ্তানিতে কিছুটা হলেও বহুমুখিনতা এসেছে উল্লেখ করে তিনি বলেন, জাহাজ রপ্তানি হচ্ছে। কিন্তু অর্থ বিভাগ এ খাতে পুনরায় অর্থায়ন করতে চায় না।পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, বছরের প্রথম দিন থেকে এডিপি বাস্তবায়ন এবং মন্ত্রণালয়গুলোর দক্ষতা না বাড়লে শুধু বরাদ্দ বাড়ালে তেমন কোনো লাভ হবে না। কৃষি ও জলবায়ু খাতে গবেষণা বাড়ানোর তাগিদ দেন তিনি।ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন বলেন, হঠাৎ করেই দেশে তামাক চাষ বেড়ে গেছে। ধানি জমিতে এখন তামাক চাষ হচ্ছে। সিগারেট কোম্পানিগুলোর ওপর টার্নওভার কর বাড়ানো এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে কনডম ও পিলের ওপর কর মওকুফের পরামর্শ দেন তিনি।এডিপি কেন বাস্তবায়িত হয় না, তার তদন্তের সুপারিশ করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হাফিজউদ্দিন খান। পরিবহন খাতে কোনো অগ্রগতি না হওয়ার কথা উল্লেখ করে আরেক সাবেক উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরী উন্নয়ন বাজেটের তিন শতাংশ তথ্যপ্রযুক্তি খাতে বরাদ্দের প্রস্তাব করেন।বাংলাদেশ উন্নয়ন গবেষণাপ্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক মোস্তফা কে মুজেরী বলেন, বিনিয়োগের হার দীর্ঘ বছর থেকেই ২৪ শতাংশে আটকে রয়েছে। এমন পদক্ষেপ নিতে হবে, যাতে এই হারটা বাড়ে। সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোর মধ্যে সামঞ্জস্যতা দরকার বলে তিনি মনে করেন।৩৮ হাজার কোটি টাকা এডিপি বাস্তবায়নে আগাম বাজেটে আভাস দেখতে চান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ভারতে শেয়ারবাজারে মূলধন আয়ের ওপর ১৫ শতাংশ কর দিতে হয়। এর ওপর এখনই কিছু করতে গেলে নেতিবাচক প্রভাব পড়বে বাজারে। সরকার এমন পূর্বাভাস দিতে পারে যে এবার নয়, বরং ভবিষ্যতে তা আরোপ করা হবে।সাবেক অর্থসচিব মতিউল ইসলাম, বেতন কমিশনের সাবেক চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান, সিপিডির গবেষক ফাহমিদা বেগম, উত্তম কুমার দেব, বিআইডিএসের গবেষক রুশিদান ইসলাম রহমান, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রতিষ্ঠান মসিহ্ মালিক চৌধুরীর জ্যেষ্ঠ অংশীদার মসিহ্ মালিক চৌধুরী প্রমুখ আলোচনায় অংশ নেন।