জনসংখ্যা নিয়ন্ত্রণকে নিজেদের দায়িত্ব ভাবতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, জনসংখ্যা নিয়ন্ত্রণের দায়িত্ব শুধু সরকারের একার ভাবলে হবে না। এতে জনগণকে সম্পৃক্ত হতে হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণকে নিজেদের দায়িত্ব ভাবতে হবে। বিশ্ব জনসংখ্যা দিবস-২০১১-এর উদ্বোধন ও মাঠ পর্যায়ে শ্রেষ্ঠ পরিকল্পনা কর্মী ও সেবা প্রদানকারী সংস্থাগুলোকে পুরস্কার প্রদান অনুষ্ঠান স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। আজ সোমবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ৪০ বছরে বাংলাদেশের জনসংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। দেশের জনসংখ্যা যেভাবে বাড়ছে তাতে ভবিষ্যতে কী হবে তা বলা যায় না। মন্ত্রী জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, আশা অনুযায়ী জনসংখ্যা কমছে না। জনবলসহ বিভিন্ন সমস্যার সমাধান, শিক্ষার প্রসার ও নারীর ক্ষমতায়নের ওপর তাঁরা জোর দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্যসচিব মুহম্মদ হুমায়ুন কবির। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা মোদাচ্ছের আলী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এম এম নিয়াজউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অধ্যাপক খন্দকার মোহাম্মদ সিফায়েত উল্লাহ প্রমুখ।