পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণ-সংশ্লিষ্ট কমিটিগুলো নিষ্ক্রিয় হয়ে আছে। কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত ছয় ধরনের কমিটি থাকলেও নিয়মিত তাদের সভা হয় না। এর ফলে সিদ্ধান্ত বাস্তবায়ন ও পর্যালোচনার কাজ বাধাগ্রস্ত হচ্ছে। জ্যেষ্ঠ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা মনে করেন, এটি জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রম ঝিমিয়ে পড়ার অন্যতম কারণ।জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রমে বৃহত্তর জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা ও মনিটরিং-ব্যবস্থা জোরদার করতে ১৯৮৩ সালে এসব কমিটি গঠন করা হয়েছিল। এগুলো নিষ্ক্রিয় হওয়ায় মাঠপর্যায়ের কাজের তদারকি হচ্ছে না।জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের (নিপোর্ট) গবেষণায় দেখা গেছে, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে এসব কমিটি সম্পর্কে মানুষ বেশি কিছু জানে না। মাঠপর্যায়ের কমিটিগুলো সক্রিয় আছে, এমন এলাকায় পরিবার পরিকল্পনার সেবার মান তুলনামূলকভাবে উন্নত।বেশ কিছু সমস্যার কারণে এখন জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রমে একধরনের স্থবিরতা বিরাজ করছে। এই সরকার ক্ষমতায় আসার পর তিন বছর হতে চললেও জনসংখ্যানীতি চূড়ান্ত করতে পারেনি। জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ১৭ শতাংশ ঘাটতি মেটানোর কার্যকর উদ্যোগ নেই। চিকিৎসক-অচিকিৎসক, ক্যাডার-নন-ক্যাডারের দ্বন্দ্ব দূর হচ্ছে না। জেলা পর্যায়ে অধিদপ্তরের স্থায়ী কার্যালয় গড়ে ওঠেনি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কমিটিগুলো সক্রিয় হলে এসব সমস্যা দূর হতো। জাতীয় পর্যায়ে সর্বোচ্চ কমিটি ‘জাতীয় জনসংখ্যা পরিষদ’- এর সভাপতি প্রধানমন্ত্রী। বছরে দুটি সভা হওয়ার কথা থাকলেও গত এক বছরে একটিও হয়নি। এর পরে আছে ‘জাতীয় জনসংখ্যা পরিষদের নির্বাহী কমিটি’। এর সভাপতি স্বাস্থ্যমন্ত্রী। বছরে এর চারটি সভা হওয়ার কথা থাকলেও একটিও হয়নি। কেন্দ্রীয় পর্যায়ে তৃতীয় কমিটির নাম ‘জাতীয় জনসংখ্যা পরিষদের কার্যনির্বাহী ইউনিট’। এর সভা হলেও সদস্যরা ঠিকমতো যোগ দিচ্ছেন না। মাঠপর্যায়ের ইউনিয়ন ও উপজেলা কমিটি আর জেলা কমিটিগুলোর প্রতি মাসে সভা করার কথা। কিন্তু তা-ও নিয়মিত হচ্ছে না।ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের শিক্ষক ও জাতীয় জনসংখ্যা পরিষদের সদস্য এ কে এম নূরুন নবী এ বিষয়ে বলেন, জনসংখ্যা বিষয়ে নীতিনির্ধারণী সিদ্ধান্তগুলো সর্বোচ্চ পর্যায় থেকে আসবে বলে জাতীয় পরিষদের সভা নিয়মিত হওয়া দরকার। অন্যদিকে সঠিক নজরদারি ও মূল্যায়নের জন্য মাঠপর্যায়ের কমিটিগুলোকে সক্রিয় করা দরকার।১২ বছর পর একবার: পরিবার পরিকল্পনা বিষয়ে সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি জাতীয় জনসংখ্যা পরিষদের বছরে দুটি সভা করার কথা। মহাজোট সরকার ক্ষমতায় আসার পর পরিষদের প্রথম সভা হয় ২০১০ সালের ২ সেপ্টেম্বর। এর পর আর সভা হয়নি। এ পর্যন্ত একমাত্র সভাটির কার্যবিবরণীতে কমিটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্ধৃত করে লেখা হয়, ‘দীর্ঘ ১২ বছর পর পরিষদের সভা অনুষ্ঠিত হচ্ছে।...বিগত সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ জনসংখ্যার বিষয়টিকে অগ্রাধিকার দেয়নি।’গত বছরের ওই সভায় ছয়টি সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম সিদ্ধান্ত ছিল, জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং সম্পদের উত্তরাধিকার আইনের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করা। পরিবার পরিকল্পনা অধিদপ্তর সূত্র গত সপ্তাহে প্রথম আলোকে জানিয়েছে, এ বিষয়ে কোনো কাজ হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয় উত্তরাধিকার আইন পরীক্ষা-নিরীক্ষা কত দূর এগিয়েছে তা জানতে চেয়ে চিঠি দিয়েছে অধিদপ্তরকে। আর অধিদপ্তর বলেছে, এই গুরুত্বপূর্ণ কাজটি করার দায়িত্ব মন্ত্রণালয়ের।নাম প্রকাশে অনিচ্ছুক পরিষদের একজন সদস্য বলেছেন, জাতীয় জনসংখ্যা পরিষদের সভা হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহি করতে হতো। পরিষদের সদস্যসচিব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ হুমায়ুন কবিরের কাছে সভা না হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘পরবর্তী সভার প্রস্তুতি চলছে।’বছরে চারটি সভা করার কথা যে জাতীয় জনসংখ্যা পরিষদের নির্বাহী কমিটির, তারা কখনোই কোনো বৈঠক করেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট উপসচিব হাবিবুর রহমান। জাতীয় জনসংখ্যা পরিষদের সিদ্ধান্ত, সুপারিশ, পরামর্শ বাস্তবায়ন কতটুকু হলো তা পর্যালোচনা করার দায়িত্ব এ কমিটির।জাতীয় পরিষদ, নির্বাহী কমিটি ও মন্ত্রণালয়কে বিশেষজ্ঞ পরামর্শ দেওয়ার জন্য ‘জাতীয় জনসংখ্যা পরিষদের কার্যনির্বাহী ইউনিট’ গঠন করা হয় ২০১০ সালের ২৮ জুন। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকসহ এই ইউনিটের সদস্য চারজন। অধিদপ্তর জানিয়েছে, এই ইউনিট এ পর্যন্ত দুটি সভা করেছে। গত ২৩ জানুয়ারি অনুষ্ঠিত সর্বশেষ সভায় মহাপরিচালক (সভাপতি) ছাড়া বাকি তিন সদস্যের কেউই উপস্থিত ছিলেন না। মাঠের দুরবস্থা: জনসংখ্যা কর্মসূচি প্রণয়ন, লক্ষ্যমাত্রা নির্ধারণ ও অগ্রগতি পর্যালোচনা করা ইউনিয়ন পরিষদ পরিবার পরিকল্পনা কমিটির কাজ। মাসে একবার কমিটির সভা হওয়ার কথা। এই কমিটির সভাপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। কিন্তু দেশের তিন প্রান্তের ভোলা, সাতক্ষীরা ও সিলেট জেলার কয়েকটি ইউনিয়নের ব্যাপারে খোঁজ নিয়ে প্রথম আলোর প্রতিনিধিরা জানিয়েছেন, অনেক ইউনিয়নে কোনো কমিটি নেই। অনেক ইউপি চেয়ারম্যানের কমিটি সম্পর্কে ধারণাই নেই। ইউনিয়ন কমিটির সদস্যসচিব পরিবার কল্যাণ পরিদর্শক। তিনি সভা আহ্বান করেন। কিন্তু দেশের অনেক ইউনিয়নে এই পদ খালি আছে বলে কেউ সভা ডাকেন না। উপজেলা ও জেলা পর্যায়ে কাজ করে এখন অধিদপ্তরে কাজ করছেন এমন একজন কর্মকর্তা বলেছেন, রাস্তাঘাট, কৃষি, কাজের বিনিময়ে খাদ্য এসব বিষয়ে কোনো সভা হলে উপস্থিতির হার বেশি থাকে। জনপ্রতিনিধিদের আগ্রহ বেশি থাকে। কারণ সেখানে মানুষকে নগদ কিছু দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু জনসংখ্যা বিষয়ে সভায় সে আগ্রহ নেই। অধিদপ্তরের কর্মকর্তারা অনেক উপজেলায় চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মধ্যকার দ্বন্দ্বকে নিয়মিত সভা না হওয়ার কারণ হিসেবে চিহ্নিত করেছেন। জেলা পর্যায়ের অবস্থাও কমবেশি এক রকম। অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, দু-একটি বাদে অন্য কোনো জেলায় পরিবার পরিকল্পনা কমিটির পৃথক সভা হয় না। এই কমিটির সভাপতি জেলা প্রশাসক, যিনি একই সঙ্গে আরও বেশ কয়েকটি কমিটির সভাপতি। জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভার দিনে জেলা প্রশাসক পরিবার পরিকল্পনা কমিটির সভা ডাকেন। সভায় অনেক আলোচ্য বিষয়ের একটি থাকে পরিবার পরিকল্পনা। এসব ব্যাপারে জানতে চাইলে অধিদপ্তরের কর্মসূচি ব্যবস্থাপক ফিদা হোসেন বলেন, কমিটিগুলোকে সক্রিয় করার জন্য দেশব্যাপী কর্মশালা শুরু হয়েছে। তবে সরকারি কর্মকর্তারা বলেছেন, এ জন্য রাজনৈতিক প্রতিশ্রুতি অপরিহার্য। কারণ, ইউনিয়ন ও উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধিদের অধিকাংশ কোনো না কোনো রাজনৈতিক দলের সদস্য।