জনসংখ্যা নিয়ে আবার বিতর্ক
আদমশুমারি ও গৃহগণনার প্রাথমিক হিসাবে দেশের বর্তমান জনসংখ্যা প্রায় ১৫ কোটি। জাতিসংঘের বিভিন্ন সংস্থা কয়েক বছর ধরে বলে আসছে, দেশের জনসংখ্যা ১৬ কোটি বা তার বেশি। কিন্তু জনসংখ্যা না বেড়ে এক কোটি কমে গেল কীভাবে, এ নিয়ে আবার বিতর্ক দেখা দেবে।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কয়েক দিনের মধ্যে প্রাথমিক হিসাব আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে। তবে সঠিক সংখ্যা জানতে আরও বছর খানেক অপেক্ষা করতে হবে। বিবিএসের মহাপরিচালক মো. শাহজাহান আলী মোল্লা প্রথম আলোকে বলেন, দেশের জনসংখ্যা নিয়ে শতভাগ সঠিক হিসাব দেওয়া সম্ভব নয়। তবে সঠিক বা সত্যের কাছের সংখ্যাটি দেওয়ার চেষ্টা করা হচ্ছে।বিবিএসের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রাথমিক হিসাবটি নিয়ে তাঁরা জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান (নিপোর্ট), দাতা সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় করছেন।বিতর্ক: জাতিসংঘের বিভিন্ন অঙ্গ-সংস্থার ব্যবহার করা পরিসংখ্যানের সঙ্গে বিবিএসের পরিসংখ্যানের বেশ পার্থক্য রয়েছে। বিশ্ব শিশু তহবিলের (ইউনিসেফ) প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশের জনসংখ্যা ২০০৭ সালে ছিল ১৫ কোটি ৫৮ লাখ। ইউএনএফপিএ ২০০৮ সালের বিশ্ব জনসংখ্যা প্রতিবেদনে বলেছিল, তখন বাংলাদেশের জনসংখ্যা ছিল ১৬ কোটি ১৩ লাখ। আবার ২০১০ সালের জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন প্রতিবেদনে বলা হচ্ছে, ২০১০ সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল ১৬ কোটি ৪৪ লাখ।বিবিএস বলছে, ২০০৯ সালে দেশে জনসংখ্যা ছিল ১৪ কোটি ৬৬ লাখ এবং বার্ষিক বৃদ্ধির হার ১ দশমিক ৩৯ শতাংশ। সেই হিসাবে ২০১০ সালে জনসংখ্যা বেড়ে দাঁড়ায় ১৪ কোটি ৮৬ লাখে। বিবিএস ও ইউএনডিপির পার্থক্য এক কোটি ৫৮ লাখ।যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান পপুলেশন কাউন্সিলের এদেশীয় পরিচালক ওবায়দুর রব প্রথম আলোকে বলেন, জনসংখ্যা ১৫ কোটি না ১৬ কোটি এই বিতর্ক অর্থহীন। দেশের জনসংখ্যা অনেক আগেই অসহনীয় পর্যায়ে পৌঁছেছে, এটাই সত্য।বিবিএসের কর্মকর্তারা বলছেন, জাতিসংঘ বিভিন্ন ধারণার ওপর ভিত্তি করে জনসংখ্যার প্রাক্কলন (প্রজেকশন) করে বলে সঠিক তথ্য পাওয়া সম্ভব নয়। জাতিসংঘ সারা দেশে খানা ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করে না। এ ক্ষেত্রে জাতিসংঘের তথ্যের চেয়ে বিবিএসের তথ্য বেশি গ্রহণযোগ্য বলে তাঁরা দাবি করেন।ইউএনএফপি শুমারির আর্থিক ও কারিগরি সহায়তা দিয়েছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক ইউএনএফপিএর সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, বিবিএস আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বলে কোনো মন্তব্য করবেন না।এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক এ কে এম নূরুন নবী বলেন, উন্নয়ন পরিকল্পনা ও গবেষণাকাজে নির্ভরযোগ্য পরিসংখ্যান খুবই জরুরি। পরিকল্পনাবিদ ও গবেষকেরা বিবিএসের পাশাপাশি বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, ইউএনএফপিএ, ইউএনডিপি—এদের পরিসংখ্যান ব্যবহার করে। সে জন্য একই বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের দুই রকম পরিসংখ্যান কারও কাছে কাম্য নয়।এবারের শুমারি: আদমশুমারি ও গৃহগণনা ২০১১ প্রকল্পের পরিচালক অসীম কুমার দে প্রথম আলোকে বলেন, শুমারি যথাযথ করার জন্য সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। অন্য যেকোনো শুমারির তুলনায় এ বছরের গণনা ও তথ্য সংগ্রহ ভালো হয়েছে।বিবিএস সূত্র জানায়, ১৫ থেকে ১৯ মার্চ সংক্ষিপ্ত প্রশ্নপত্র ব্যবহার করে দেশের সব অঞ্চলের গৃহ, খানা ও মানুষের মৌলিক তথ্য সংগ্রহ করা হয়। মাঠপর্যায়ে দুই লাখ ৯৬ হাজার ৭১৮ জন গণনাকারী প্রশ্নপত্র পূরণ করেন এবং ৪৮ হাজার ৫৩১ জন সুপারভাইজার তাঁদের কাজ তদারক করেন। শুমারির জন্য পুরো দেশকে দুই হাজার ৬২১টি অঞ্চলে ও ১৩০টি শুমারি জেলায় ভাগ করা হয়। প্রতিটি অঞ্চলের দায়িত্বে ছিলেন একজন করে আঞ্চলিক কর্মকর্তা ও শুমারি জেলা সমন্বয়কারী।প্রাথমিক, গণনাকৃত ও সমন্বয়কৃত সংখ্যা: বিবিএস সূত্র জানায়, এ বছর প্রায় সাড়ে তিন কোটি গৃহের তথ্য সংগ্রহ করেছেন গণনাকারীরা। প্রতি ১০০ পৃষ্ঠার একেকটি বই তাঁরা ব্যবহার করেছেন। গণনা শেষে বই জমা দেওয়ার সময় প্রতিটি বইয়ের মলাটে তাঁরা নিজেরা প্রাপ্ত তথ্যের যোগফল তুলে দিয়েছেন। প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাড়ে তিন লাখ মলাটের তথ্য যোগ করে সাময়িক জনসংখ্যার চিত্র দেওয়া হয়। এর আগেও সেভাবে দেওয়া হয়েছিল, এটাই রেওয়াজ।আর সাড়ে তিন কোটি পৃষ্ঠার প্রতিটির তথ্য একত্র করে পাওয়া যাবে গণনাকৃত সংখ্যা (এন্যুমারেটেড)। এই কাজ শেষ করতে আরও প্রায় বছর খানেক লাগবে। এই গণনাকৃত সংখ্যার সঙ্গে বিআইডিএসের প্রাপ্ত সংখ্যা সমন্বয় করা হবে। সেটাকে বলা হচ্ছে, সমন্বয়কৃত সংখ্যা (অ্যাডজাসটেড)। সমন্বয়কৃত সংখ্যাই একটি দেশের প্রকৃত জনসংখ্যা। প্রাথমিক, গণনাকৃত ও সমন্বয়কৃত সংখ্যার মধ্যে পার্থক্য হতে পারে। প্রকল্প পরিচালক অসীম কুমার দে বলেন, গণনাকারীরা একটি বইয়ের তথ্য হাতে গণনা (ম্যানুয়ালি) করে মলাটে (টালি শিট) লিখে রাখেন। এতে কিছু ভুল-ত্রুটি হওয়া স্বাভাবিক। বইয়ের প্রতিটি পৃষ্ঠার তথ্য যখন কম্পিউটারে প্রক্রিয়াজাত করা হয়, তখন ফলাফল তুলনামূলকভাবে আরও নির্ভুল হয় এবং হাতে গণনা করা তথ্য থেকে কিছু পার্থক্য হয়। অন্যদিকে মাঠপর্যায়ে প্রতিটি এলাকার তথ্য সংগ্রহ করার সময় কিছু খানা গণনা থেকে বাদ পড়ে। কত শতাংশ বাদ পড়ে, তা ধরা পড়ে শুমারি-পরবর্তী যাচাইয়ে (পোস্ট ইমিউনারেশন সার্ভে—পিইসি)। তিনি বলেন, এটা সব দেশেই হয়। ২০০১ সালের শুমারির সময়ও এটা হয়েছিল।২০০১ সালের ২৩ থেকে ২৭ জানুয়ারি দেশের চতুর্থ আদমশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়। মলাটের হিসাবের ভিত্তিতে প্রাথমিক ফলাফলে বলা হয়েছিল, বাংলাদেশের জনসংখ্যা ১২ কোটি ৩১ লাখ ৫১ হাজার ২৪৬। কিন্তু প্রতিটি পৃষ্ঠার তথ্য যোগ করে দেখা যায়, জনসংখ্যা আরও কিছু বেশি ১২ কোটি ৩৮ লাখ ৫১ হাজার ১২০। ওই বছর পিইসি করেছিল বিবিএস নিজে, ২৩ থেকে ২৭ ফেব্রুয়ারি। ২০০৩ সালের জুলাইয়ে বিবিএস শুমারির ওপর যে জাতীয় প্রতিবেদন প্রকাশ করে তাতে বলা হয়েছিল, মূল আদমশুমারি ও গৃহগণনা থেকে ৪ দশমিক ৯৮ শতাংশ মানুষ বাদ পড়ে গিয়েছিল। ওই হার সমন্বয় করে বলা হয়, বাংলাদেশে ২০০১ সালের ২৭ জানুয়ারি জনসংখ্যা ছিল ১৩ কোটি ২৯ হাজার ৭৪৯। অর্থাৎ ৬১ লাখ ৭৮ হাজার ৬২৯ জন মানুষ গণনা থেকে বাদ পড়েছিল।কর্মকর্তারা বলছেন, ২০০১ সালের শুমারির সময় অনেক অবহেলা, অনিয়ম ছিল। তাই প্রাথমিক, গণনাকৃত ও সমন্বয়কৃত সংখ্যার মধ্যে ব্যাপক পার্থক্য ছিল। এবার সেটা হবে না বলে তাঁরা দাবি করছেন। প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য বিবিএস নিজেরা পিইসি করেনি, দায়িত্ব দিয়েছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানকে (বিআইডিএস)। পিইসি ও গণনাকৃত তথ্য সমন্বয় করতে আরও বছর খানেক সময় লাগবে বলে তাঁরা জানান। দৃষ্টি বিআইডিএসের দিকে: ১০ থেকে ১৪ এপ্রিল বিআইডিএস শুমারি-পরবর্তী যাচাই (পোস্ট ইনিউমারেশন চেক-পিইসি) করে। ২৮০ জন গণনাকারীর ১৪০ জন গ্রামীণ এলাকায় এবং ১৪০ জন শহর-নগর এলাকায় এই যাচাইয়ের কাজ করেন। ৫০ জন সুপারভাইজার এবং ১৪ জন সমন্বয়কারী এঁদের কাজ তদারক ও সমন্বয় করেন। ৯ এপ্রিল রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে বিআইডিএসের মহাপরিচালক মোস্তফা কে মুজেরী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার কথা বলেছিলেন।যোগাযোগ করা হলে মোস্তফা কে মুজেরী প্রথম আলোকে বলেন, তথ্য প্রক্রিয়াজাতকরণের কাজ চলছে। আগামী সেপ্টেম্বরে তাঁরা প্রতিবেদন চূড়ান্ত করে বিবিএসকে দেবেন।