জনসংখ্যা বোঝা নয়, শক্তি মনে করি: সংসদে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশের বৃহত্ জনসংখ্যাকে আমি বোঝা নয়, শক্তি মনে করি। তাই জনসংখ্যা নিয়ন্ত্রণে কত দূর পর্যন্ত যাব, তা আমাদের ভাবতে হবে।’ তিনি বলেন, ‘বাংলাদেশে জনংখ্যার গণবিস্ফোরণ হয়েছে, এটাও মনে করি না। তবে সব মানুষের জন্য একটি সুন্দর জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে।’প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বের অনেক দেশেই অস্বাভাবিক হারে জনসংখ্যা হ্রাস পাচ্ছে। ফলে বিশ্বজুড়েই যুবসমাজের হার এখন কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে বৃদ্ধ-বৃদ্ধার হার। এ সুযোগে আমরা আমাদের ছেলেমেয়েদের শিক্ষিত করে সারা বিশ্বে ছড়িয়ে দেব।’আজ বুধবার জাতীয় সংসদে খান টিপু সুলতানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। খান টিপু সুলতান জনসংখ্যা নিয়ন্ত্রণে মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের কাজে লাগানো যায় কি না, প্রধানমন্ত্রীর কাছে তা জানতে চেয়েছিলেন। জবাবে হেসে প্রধানমন্ত্রী বলেন, ‘জনসংখ্যার বিষয়ে দেশের মানুষ এমনিতেই অনেক সচেতন। তবে ব্যক্তিগতভাবে আমি বাংলাদেশের জনসংখ্যাকে কোনো সমস্যা মনে করি না।’ আজ সংসদ ভবনে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে শুরু হওয়া বাজেট অধিবেশনে সাংসদদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী।জুনায়েদ আহমেদের অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ইসলামিক ফাউন্ডেশনের সর্বশেষ জরিপ অনুসারে দেশে মসজিদের সংখ্যা দুই লাখ ৪২ হাজার ৫০০ এবং ইমাম-মুয়াজ্জিনের সংখ্যা প্রায় ৪ লাখ ৮৫ হাজার। আর হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের জরিপ অনুসারে, দেশে মন্দিরের সংখ্যা প্রায় ২৪ হাজার।গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকদের জন্য এ সরকার সব সময় কাজ করছে। জামানত ছাড়াই কৃষকেরা এখন ব্যাংক থেকে ঋণ নিতে পারছেন। কৃষিশ্রমিকদের মজুরিও এরই মধ্যে বেশ বেড়েছে।প্রধানমন্ত্রী বলেন, হাওর অঞ্চলে এবার আকস্মিক বন্যায় ৫০ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। এসব এলাকার কৃষকদের জন্য সরকার বিশেষ ব্যবস্থার উদ্যোগ নিয়েছে।বেগম ফরিদুন্নাহারের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, মাতৃত্বকালীন ছুটির মেয়াদ চার মাস থেকে বাড়িয়ে ছয় মাসে উন্নীত করার কাজ চলছে। এ ছাড়া রাজধানীতে নারী চাকরিজীবীর সংখ্যা বৃদ্ধির কথা বিবেচনা করে ঢাকা শহরে আরও ১০টি নতুন দিবা যত্নকেন্দ্র চালুর ব্যবস্থা করা হচ্ছে।অন্য এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ভিজিডি প্রকল্পের আওতায় সারা দেশে সাত লাখ ৫০ হাজার দরিদ্র নারীকে স্বাবলম্বী করতে প্রতি মাসে ৩০ কেজি খাদ্যশস্য বিতরণের কাজ চলছে।