জনসংখ্যার তুলনায় পুলিশের জনবল পর্যাপ্ত নয়: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
দেশের জনসংখ্যার তুলনায় পুলিশের জনবল পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক।আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরপর্বে সাংসদ এ কে এম রহমতুল্লাহ এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা জানান।এক প্রশ্নের জবাবে শামসুল হক বলেন, বর্তমানে পুলিশ ও জনসংখ্যার অনুপাত ১:১১২৭। তবে পুলিশের জনবল বাড়ানোর কাজ করছে সরকার।সাংসদ শাহিন মনোয়ারা হকের অন্য এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীতে ৩২ হাজার ৩১ জন লোকবল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে বিভিন্ন পদবির ১৫ হাজার ৭৫৫ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। পাঁচ হাজার ১৫৫ জনের নিয়োগপ্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। আরও ৮৪৯ জনের নিয়োগ কার্যক্রম প্রক্রিয়াধীন।অন্য এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিশেষ ক্ষমতা আইনে ঢাকা মহানগরে গত বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।সাধনা হালদারের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দমকল বাহিনীতে আধুনিক সরঞ্জাম সংগ্রহে এখন পর্যন্ত ১৩৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। নতুন আরও সরঞ্জাম কেনার জন্য ১৬২ কোটি ৬০ লাখ টাকার প্রকল্প প্রস্তাব বর্তমানে পরিকল্পনা কমিশনে বিবেচনাধীন।শাহরিয়ার আলমের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, গত তিন বছরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ জরিমানা বাবদ ৬৮ কোটি ৯০ লাখ ৪৭ হাজার টাকা আদায় করেছে।অন্য এক প্রশ্নের জবাবে শামসুল হক জানান, সামুদ্রিক জলসীমায় কোস্ট গার্ডের কার্যক্রম বাড়াতে ৪৬০ কোটি মূল্যের বিভিন্ন ধরনের জলযান কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।তহুরা আলীর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে জাতিসংঘ মিশনে পুলিশের দুই হাজার ৫০ জন সদস্য কর্মরত।