প্রশ্ন: আমি ইংরেজিতে অনার্স পড়ছি। পিআর বা জনসংযোগকে আমি পেশা হিসেবে নিতে চাই। আমি কীভাবে নিজেকে এ পেশায় প্রতিষ্ঠিত করতে পারব? মাহফুজ আহমেদউত্তর: আপনি জনসংযোগকে পেশা হিসেবে নির্বাচনের যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাকে সঠিক বলেই আমি মনে করি। কেননা, দেশ-বিদেশে এ পেশায় কাজ করার ক্ষেত্র অনেক বিস্তৃত, চাহিদাও ব্যাপক। যেমন, রাষ্ট্রপতির কার্যালয় থেকে শুরু করে একটি সাধারণ বাণিজ্যিক প্রতিষ্ঠানেও আজকের দিনে একজন প্রাতিষ্ঠানিক মুখপাত্র রাখে, যাঁকে জনসংযোগ কর্মকর্তা বা তথ্য কিংবা যোগাযোগ কর্মকর্তা বলা হয়। আপনার জন্যপ্রথম পরামর্শ হলো: লেখাপড়াটা ভালোভাবে শেষ করুন। পাশাপাশি সাধারণ কিছু চারিত্রিক গুণাবলি অর্জন ও কিছু প্রয়োগিক চর্চার ওপর জোর দিন।এ পেশায় যোগদানের আগে প্রস্তুতি হিসেবে ব্যক্তিগত পরিচিতি আরও বাড়ান। বিশেষ করে সংবাদকর্মীদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে শুরু করুন। একজন জনসংযোগ কর্মকর্তাকে নিজ প্রতিষ্ঠানের পণ্য-সেবার প্রচারযোগ্য তথ্যগুলো সংবাদ বিজ্ঞপ্তি, বিজ্ঞাপন ও সংবাদ সম্মেলনের মাধ্যমে জনসমক্ষে তুলে ধরতে হয়। কম্পিউটারের ক্ষেত্রে গ্রাফিকস, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট জানা থাকলে প্রতিষ্ঠানের যাবতীয় প্রকাশনার কাজে (ফ্লাইয়ার, ব্রশিউর, স্যুভেনির, নিউজ লেটার, ওয়েবসাইট, বিজ্ঞাপন ইত্যাদি) দক্ষতার প্রমাণ রাখা যায়। সংবাদ লেখা, বিজ্ঞাপন তৈরি ও কম্পিউটার জ্ঞানের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন রয়েছে। এ ক্ষেত্রে কমপক্ষে দু-তিনটি স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কোর্স করা জরুরি বলে মনে করি। প্রাতিষ্ঠানিক কোনো অনুষ্ঠান আয়োজন, অভ্যাগত দর্শনার্থী বা অন্য প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অভ্যর্থনা জানানো এবং আপ্যায়নে অংশ নেওয়া ইত্যাদিও জনসংযোগ কর্মকর্তার দায়িত্বের অংশ।তবে পেশায় প্রতিষ্ঠা পেতে হলে ব্যবস্থাপনা দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি নিজেকে যুগোপযোগী করে তোলার বিকল্প নেই।বেলাল আহমেদউপপরিচালক (জনসংযোগ),উপাচার্যের কার্যালয়নর্থ সাউথ ইউনিভার্সিটি।