পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় ওরফে সন্তু লারমা বলেছেন, আদিবাসীদের ওপর শোষণ-নির্যাতন বন্ধে ৩৮ বছর আগে যে বাস্তবতায় জনসংহতি সমিতি গঠন করা হয়েছিল, পার্বত্য চট্টগ্রামে এখনো তা বিদ্যমান।গতকাল সোমবার রাঙামাটির ব্যায়ামাগার চত্বরে আয়োজিত জনসংহতি সমিতির নবম জাতীয় সম্মেলন ও কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে সন্তু লারমা এ কথা বলেন।সন্তু লারমা বলেন, পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক স্বায়ত্তশাসনসহ আদিবাসীদের ভূমি ও সাংস্কৃতিক অধিকারের সুরক্ষা এবং শোষণ-নির্যাতন বন্ধে সমিতির প্রতিষ্ঠাতা ও তত্কালীন সাংসদ মানবেন্দ্র নারায়ণ লারমা ১৯৭৩ সালে সংসদে দাবি তুলেছিলেন। সে দাবি এখনো পূরণ হয়নি।পার্বত্য চট্টগ্রামের ভবিষ্যত্ পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়নের ওপরই নির্ভর করছে বলে জানান সন্তু লারমা।ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের কথা তুলে ধরে সন্তু লারমা বলেন, ‘খাগড়াছড়িতে সহিংস ঘটনা প্রমাণ করে আপনাদের নির্বাচনী ওয়াদা কতটুকু পূরণ হয়েছে।’ জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্বকারী আওয়ামী লীগের স্থানীয় নেতারা পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়ন চান না বলে সন্তু লারমা অভিযোগ করেন।সেনাবাহিনীর ‘অপারেশন উত্তরণ’ প্রত্যাহার, পার্বত্য এলাকা থেকে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা নির্মূল এবং যুদ্ধাপরাধীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা, পার্বত্য চুক্তিবিরোধী কার্যকলাপসহ ইউপিডিএফকে নিষিদ্ধ ঘোষণা, ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনসহ পার্বত্য ভূমি কমিশনকে কার্যকর করা এবং স্থানীয় পুলিশ বাহিনী গঠন করে আইনশৃঙ্খলার ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান সন্তু লারমা।গণফোরামের প্রেসিডিয়াম সদস্য পংকজ ভট্টাচার্য বলেন, ‘সেনাবাহিনীর মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে ‘শান্তকরণ প্রকল্পের’ নামে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে। এসব টাকা কোথায়, কার পকেটে যায়, সে হিসাব আমাদের দিতে হবে। চুক্তি বাস্তবায়ন হলে এসব টাকা জনগণের উন্নয়নে খরচ করা যাবে।’সম্মেলনে আরও বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. শাহ আলম, জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি উদয়ন ত্রিপুরা প্রমুখ।তবে সমিতির বেশ কিছু জ্যেষ্ঠ নেতা সম্মেলনে যোগ দেননি। তাঁদের অভিযোগ, সংগঠনের গঠনতন্ত্র লঙ্ঘন করে এ সম্মেলন আয়োজন করা হয়েছে।