রাঙামাটির রাজস্থলী উপজেলায় গত রোববার গুলিতে পার্বত্য চুক্তির সমর্থক জনসংহতি সমিতির এক নেতা নিহত ও পাহাড়ি ছাত্র পরিষদের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনার জন্য চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেছে জনসংহতি সমিতি।নিহত উচিনু মারমা (২৮) জনসংহতি সমিতির রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক। আহত উবাচিং মারমা (২৩) পাহাড়ি ছাত্র পরিষদের কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন কমিটির সদস্য। এর আগের দিন জেলার জুরাছড়ি উপজেলায় চুক্তিবিরোধীদের হামলায় দুজন নিহত হন।জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা জানান, গত রোববার জনসংহতি সমিতি ও পাহাড়ি ছাত্র পরিষদের ১২ থেকে ১৫ জন নেতা-কর্মী রাজস্থলী উপজেলা সদরে সাংগঠনিক সফরে যান। রাত ১১টার দিকে তাঁরা উপজেলা সদরের ঝুলন্ত সেতুর পশ্চিম পাশে ‘রাজস্থলী ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা’ নামের একটি ক্লাবে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কয়েকজন অস্ত্রধারী সেখানে ঢুকে তাঁদের ওপর গুলি চালায়। বুকে গুলিবিদ্ধ হয়ে উচিনু মারমা ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত উবাচিং মারমাকে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক।রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, ঘটনাস্থল থেকে সাতটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত আছে। নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে।ওই ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার সকালে জনসংহতি সমিতি রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। জেলা প্রশাসন কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সমিতির রাঙামাটি জেলা সভাপতি গুণেন্দু বিকাশ চাকমা। সমাবেশ থেকে এ ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করে তাদের নিষিদ্ধ ঘোষণা ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।তবে ইউপিডিএফের রাঙামাটি জেলার তথ্য বিভাগের সদস্য মাইকেল চাকমা অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আমাদের জানা মতে চাঁদাবাজি নিয়ে জনসংহতির দুই পক্ষে কয়েক দিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে ওই হত্যাকাণ্ড ঘটতে পারে।’