জনসংহতি সমিতির নেতা নিজ বাড়িতে খুন
সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির লক্ষ্মীছড়ি উপজেলা শাখার সভাপতি অনীল চাকমা (৪৮) খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে নিজের বাড়িতে দুর্বৃত্তের হামলায় নিহত হয়েছেন। আজ শনিবার ভোররাতে উপজেলা সদরের জুর্গাছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।ঘটনার সত্যতা নিশ্চিত করে লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান প্রথম আলো ডট কমকে বলেন, দুর্বৃত্তরা আজ ভোররাত সাড়ে তিনটার দিকে বাড়ির পেছনের দরজা দিয়ে অনীল চাকমার বাড়িতে প্রবেশ করে এই হত্যাকাণ্ড ঘটায়। অনীল চাকমার লাশ গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। লাশের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। হামলার পর দুর্বৃত্তরা অনীলের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ হামলায় ইন্দ্র চাকমা ও রিপন চাকমা নামে দুজন আহত হন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইন্দ্র চাকমা নিহত অনীল চাকমার ভাইয়ের ছেলে। দুর্বৃত্তদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। জনসংহতি সমিতি তাদের প্রতিপক্ষ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) এ ঘটনার জন্য দায়ী করেছে। অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা শাখার প্রধান সমন্বয়ক প্রদীপন খীসা প্রথম আলো ডট কমকে বলেন, অনীল চাকমার নেতৃত্বাধীন বাহিনীতে স্থানীয় লক্ষ্মীছড়ি ও বহিরাগতদের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এর জের ধরে হামলার ঘটনা ঘটতে পারে।