জনসংহতি সমিতির নেতাকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির এক নেতা নিহত হয়েছেন। উপজেলা সদরের জুর্গাছড়ি গ্রামে গতকাল শনিবার এ ঘটনা ঘটে। নিহত অনিল চাকমা (৫২) জনসংহতি সমিতির লক্ষ্মীছড়ি উপজেলা শাখার আহ্বায়ক। এ ছাড়া দুই গ্রামবাসী শান্তিরঞ্জন চাকমা ও মহেন্দ্র চাকমা গুলিবিদ্ধ হয়েছেন। তবে এ ঘটনার জন্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেছে জনসংহতি সমিতি। জনসংহতি সমিতি সূত্র জানায়, গতকাল ভোর রাত সাড়ে তিনটার দিকে ইউপিডিএফের একদল সশস্ত্র সদস্য জুর্গাছড়ি গ্রামে অনিলের বাড়ি গিয়ে তাঁকে গুলি করে হত্যা করে। এ সময় তাঁর বাড়িতে অবস্থানরত শান্তি রঞ্জন ও মহেন্দ্রকেও গুলি করা হয়। তাঁদের দুজনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হামলার পর সন্ত্রাসীরা অনিলের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।এদিকে অনিল চাকমার হত্যার প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি রাঙামাটি জেলা শাখা রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। জেলা প্রশাসন কার্যালয়ের দক্ষিণ গেটের সামনে বিকেলে এ সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির রাঙামাটি জেলা শাখার সভাপতি গুণেন্দু বিকাশ চাকমা। এতে বক্তব্য দেন জনসংহতি সমিতির তথ্য ও প্রচার বিভাগের সদস্য দীপায়ন খিসা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাধারণ সম্পাদক সুপ্রভা চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি রিপেশ চাকমা। সমাবেশে বক্তারা ইউপিডিএফকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে এটি নিষিদ্ধ ঘোষণার দাবি জানান। বক্তারা আরও বলেন, পার্বত্যচুক্তির শর্ত অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অস্ত্র জমা দেওয়ার সময় থেকে ইউপিডিএফ চুক্তির বিরোধিতা করছে। বারবার জনসংহতি সমিতির নেতা-কর্মী-সমর্থকদের হত্যা, অপহরণ; সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে পার্বত্য এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করছে। এর আগে শহরের কালিন্দীপুরের জনসংহতি সমিতির কার্যালয় থেকে জনসংহতি সমিতি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। ইউপিডিএফ খাগড়াছড়ি জেলা শাখার প্রধান সমন্বয়ক প্রদীপন খিসা বলেন, অনিল চাকমার নেতৃত্বাধীন বাহিনীতে স্থানীয় (লক্ষ্মীছড়ি) ও অস্থানীয় ব্যক্তিদের মধ্যে দীর্ঘদিন মতবিরোধ চলছিল। এর জের ধরে এ ঘটনা ঘটতে পারে।লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, দুর্বৃত্তরা বাড়ির পেছনের দরজা দিয়ে ঢুকে অনিলকে গুলি করে হত্যা করে। অনিলের শরীরে গুলি ও গলায় দা দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।