জনসংহতি সমিতির সমর্থককে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির লংগদু উপজেলায় জনসংহতি সমিতির একজন সমর্থককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের নাম সূর্যচন্দ্র চাকমা (২৪)। গতকাল শুক্রবার সন্ধ্যায় তাঁকে গুলি করে হত্যা করা হয় বলে জানা গেছে। জনসংহতি সমিতির বিক্ষুব্ধ অংশের লোকজন সূর্যচন্দ্রকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। তবে বিরোধীপক্ষ বিষয়টি প্রত্যাখ্যান করেছে। জনসংহতি সমিতি ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সূর্যচন্দ্র চাকমা লংগদু উপজেলা সদরের তিনটিলা গ্রামের মঙ্গলচন্দ্র চাকমার ছেলে এবং জনসংহতি সমিতির সমর্থক। তিনি লংগদু উপজেলা সদর থেকে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মোটরসাইকেলে করে যাত্রী আনা-নেওয়া করেন। গত বুধবার তাঁকে ওই সড়ক থেকে অপহরণ করা হয়। জনসংহতি সমিতির বিক্ষুব্ধ অংশের সদস্যরা তাঁকে অপহরণ করে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লংগদু উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে আটরকছড়া ইউনিয়নের শিলছড়ি গ্রামের মানুষ গুলির শব্দ পায়। পরে তারা সূর্যচন্দ্রের লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ১১টার দিকে নিহতের লাশ লংগদু উপজেলা সদরে নিয়ে আসে।লংগদু থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান জানান, সূর্যচন্দ্রকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে সেখানে দুইপক্ষের বন্দুকযুদ্ধের কোনো আলামত পাওয়া যায়নি।জনসংহতি সমিতির সহ তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা জানান, সূর্যচন্দ্র চাকমা তাঁদের দলের সদস্য। তাঁর দাবি, জনসংহতি সমিতি (এম এন লারমা) নামে পরিচিত বিক্ষুব্ধ অংশের সশস্ত্র সদস্যরা সূর্যচন্দ্রকে অপহরণ করেছিল।তবে জনসংহতি সমিতির (এম এন লারমা) রাঙামাটি জেলা সাংগঠনিক সম্পাদক সুদীর্ঘ চাকমা এমন অভিযোগ অস্বীকার করেছেন। সূর্যচন্দ্র চাকমা অপহরণ ও হত্যার ঘটনার সঙ্গে তাঁদের কোনো সদস্য জড়িত নয় বলে তিনি দাবি করেন।