জনসনের বার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় মঞ্চই মনে হয় তাঁর পছন্দ। না হলে মিচেল জনসন কেন জেগে উঠবেন সময়মতো? কেনই বা বিশ্বকাপ মঞ্চকে বেছে নেবেন নিজেকে প্রমাণ করতে! গত কয়েকটা মাস একদমই ভালো কাটেনি। ইংল্যান্ডের বিপক্ষে নভেম্বরে ব্রিসবেন টেস্টে ১৭০ রান দিয়ে কোনো উইকেট পাননি। এরপর বাদ পড়েছিলেন দল থেকে। সেই জনসনই বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই পেলেন ম্যাচ-সেরার স্বীকৃতি।ব্রেট লির মতো তারকা আর নিখুঁত বোলার আছেন দলে। আছেন শন টেইটের মতো গতিতারকা। তবু নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক জনসন। ৯.১ ওভারে ৩৩ রানে ৪ উইকেট—পরশু তাসমান প্রতিপক্ষের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন তিনিই।অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিং জনসনকে আক্রমণে এনেছিলেন তৃতীয় বোলার হিসেবে। প্রথম পরিবর্ত বোলারের এই দায়িত্বটা ভালোই লাগছে জনসনের, ‘আমি যে দায়িত্বটা পেয়েছি, সেটা উপভোগই করছি। এটা আমার বোলিংয়ের সঙ্গে মানিয়ে যায়।’তবে জনসনের ম্যাচ-সেরা হওয়ার পর সবচেয়ে বেশি কথা হচ্ছে উপমহাদেশের এই কন্ডিশন আর উইকেটেও এত ভালো পেস বোলিং কীভাবে করলেন? বোলারদের জন্য বধ্যভূমি এই উইকেটে কীভাবে জনসন নিজেকে এভাবে মেলে ধরেছেন, শুনুন তাঁর কণ্ঠেই, ‘আমি এখানে (নাগপুর) হল্যান্ড ও ইংল্যান্ডের ম্যাচটি দেখেছি। উইকেট দেখে খুব ভালো মনে হচ্ছিল। আমি জিম্বাবুয়ের বিপক্ষে যা করেছি, এই ম্যাচেও সেটাই করতে চেয়েছি। আমি আসলে এই কন্ডিশনে বোলিং করার চ্যালেঞ্জটা উপভোগ করছি।’প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষেও ৪ উইকেট পেয়েছেন জনসন। দুই ম্যাচে ৮ উইকেট। বিশ্বকাপের আগে যাঁকে সম্ভাব্য তারকার মধ্যে অনেকেই রাখেননি, সেই জনসনই কিনা দুই ম্যাচ যেতে না যেতেই চলে এলেন আলোয়। তাঁকে নিয়ে এখন নতুন করে ভাবতেই হয়। বিশ্বকাপটা শেষ পর্যন্ত তাঁরও তো হয়ে যেতে পারে! ওয়েবসাইট।