জনসভা হানিফের, তোরণ শিক্ষাপ্রতিষ্ঠানের সৌজন্যে!
ঝিনাইদহের কালীগঞ্জ শহর থেকে মহেশপুর পর্যন্ত ২৭ কিলোমিটার সড়ক সাজানো হয়েছিল নানা রঙের ব্যানার-ফেস্টুনে। ছিল বিশালাকৃতির ২৭টি তোরণ ও স্থানীয় সাংসদের ছবি। এসবই করা হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের আগমন উপলক্ষে।অভিযোগ উঠেছে, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের ওপর চাপ সৃষ্টি করে শিক্ষকদের টাকা খরচ করে ব্যানার-ফেস্টুন তৈরিতে বাধ্য করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার মহেশপুর উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে জনসভা হয়। জনসভার প্রধান অতিথি ছিলেন মাহবুব উল আলম। তাঁর আগমন উপলক্ষে জেলার কালীগঞ্জ শহর থেকে মহেশপুর পর্যন্ত সড়কটি সাজানো হয়। ব্যানার-ফেস্টুন ছাড়াও তোরণ ছিল ২৭টি। ছিল আওয়ামী লীগ থেকে নির্বাচিত স্থানীয় সাংসদ শফিকুল আজম খানের বিশাল ছবি। স্থানীয় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানান, ক্ষমতাসীন দলের স্থানীয় লোকজন কালীগঞ্জ থেকে কোটচাঁদপুর হয়ে মহেশপুর শহর পর্যন্ত সড়ক সাজানোর জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের ওপর চাপ সৃষ্টি করেন। শিক্ষকেরা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে নেতাদের চাপে সড়ক সাজাতে বাধ্য হন। একেকটি প্রতিষ্ঠান দুই থেকে তিনটি তোরণও নির্মাণ করে।সরেজমিনে দেখা যায়, কালীগঞ্জ থেকে সড়ক সাজানোর কাজ শুরু হয়। বিভিন্ন স্থানে তৈরি করা ২৭টি তোরণের বেশির ভাগ ছিল শিক্ষাপ্রতিষ্ঠানের সৌজন্যে করা। বিভিন্ন স্থানে কোটচাঁদপুর পৌর মহিলা ডিগ্রি কলেজ, কোটচাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়, কাগমারী মাধ্যমিক বিদ্যালয়, এসডি ডিগ্রি কলেজ, কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মহেশপুর উপজেলার খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কলেজ, শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ, মহেশপুর পৌর মহিলা কলেজ, জিএইচজিপি পৌর মাধ্যমিক বিদ্যালয়, জিআরএকেএস মাধ্যমিক বিদ্যালয়সহ বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের সৌজন্যে তৈরি তোরণ ও ব্যানার দেখা যায়। ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাদের নামেও আছে তোরণ ও ব্যানার। একজন শিক্ষক জানান, তাঁরা দুটি তোরণ বানিয়েছেন। প্রতিটির খরচ পড়েছে ছয় হাজার টাকা। তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাদের চাপে তাঁরা তোরণ নির্মাণ করতে বাধ্য হন। ওই শিক্ষক জানান, রাজনৈতিক দলের সমাবেশে তোরণ নির্মাণের খরচ প্রতিষ্ঠান থেকে দেওয়া সম্ভব নয়। ফলে শিক্ষকদের কাছ থেকে টাকা নিয়ে ব্যয় মেটানো হয়। অপর একজন শিক্ষক জানান, স্থানীয় নেতাদের নির্দেশ না মানলে তাঁদের ওপর নির্যাতন হবে। কারণ, রাজনৈতিক দলের নেতারাই তাঁদের প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের নেতৃত্বে। এ ব্যাপারে মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মইজদ্দিন হামিদ বলেন, ‘রাজনৈতিক সমাবেশে শিক্ষকদের এভাবে যুক্ত হওয়া বাঞ্ছনীয় নয়। স্থানীয় নেতা-কর্মীরা তাঁদের বাধ্য করে থাকলে সেটা ঠিক হয়নি। তবে বেশির ভাগ ক্ষেত্রে ক্ষমতাসীন দলের লোকজনকে খুশি করতে শিক্ষকেরা এটা করে থাকেন।’ ২০০৬ সালের ৬ সেপ্টেম্বর কোটচাঁদপুরে এসেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সে সময় স্থানীয় সাংসদ শহিদুল ইসলামের নির্দেশে শিক্ষকেরা সাজিয়েছিলেন তাঁর নির্বাচনী এলাকা কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা। বিষয়টি নিয়ে ২০০৬ সালের ৫ সেপ্টেম্বর প্রথম আলো প্রতিবেদন প্রকাশ করে। সংবাদ প্রকাশের পর বর্তমান ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর ও মহেশপুর) আসনের সাংসদ শফিকুল আজম খান প্রথম আলোকে ধন্যবাদ জানিয়ে বলেছিলেন, ‘রাজনীতিতে শিক্ষকদের টেনে আনা ঠিক নয়।’ গত মঙ্গলবারের জনসভার মূল আয়োজক ছিলেন সাংসদ শফিকুল আজম। এবার তিনি কী বলবেন, তা জানতে গতকাল তাঁর (শফিকুল আজম) মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এটা আমাদের দলীয় কর্মসূচি। দলের অঙ্গসংগঠনের নেতারাই তোরণ বানিয়েছেন। আমরা শিক্ষকদের ডাকিনি। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কলেজের পক্ষ থেকে একটি তোরণ বানানো হয়েছে বলে আমি জানি। এ ছাড়া অন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠান তোরণ বানিয়েছে কি না, তা আমার জানা নেই।’শিক্ষকদের অভিযোগের প্রসঙ্গে বক্তব্য জানতে গতকাল রাতে মাহবুব উল আলমের মুঠোফোনে কয়েকবার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।