জনসমর্থন কমার ভয়ে হরতাল প্রত্যাহার বিএনপির: আশরাফ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘বাস্তবতা বুঝেই বিএনপি হরতাল প্রত্যাহার করেছে। হরতাল গণতান্ত্রিক অধিকার, কিন্তু তা মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। বিরোধী দল এটা বুঝতে পেরেই জনসমর্থন কমার ভয়ে হরতাল না দিয়ে বাস্তবমুখী হয়েছে।’আজ বুধবার সকালে মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সৈয়দ আশরাফ এসব কথা বলেন।এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ ছাড়া যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগসহ আওয়ামী লীগের সহযোগী কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে।সৈয়দ আশরাফ বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সংঘাতের পথ পরিহার করে নির্বাচনের আগে আলোচনার সুষ্ঠু পরিবেশ তৈরিতে সহায়তা করুন। আলোচনাই সমস্যা সমাধানের একমাত্র পথ। ধ্বংসাত্মক কর্মসূিচ দিয়ে কখনো দাবি আদায় করা যায় না। কারণ, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন জাতি প্রত্যাশা করে। গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখাই আজকের দিনে আমাদের প্রত্যাশা। একমাত্র নির্বাচনের মাধ্যমেই আগামী পাঁচ বছরের জন্য জাতি তাদের সরকার নির্বাচন করবে। অন্য কোনো পন্থায় সরকার নির্বাচিত হবে না।’সৈয়দ আশরাফ আরও বলেন, মুজিবনগর সরকার এক মাইলফলক। এখান থেকে সবারই অনেক কিছু শেখার রয়েছে—কীভাবে মন্ত্রিসভার মাত্র ছয়জন সদস্য মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে একটি জাতিকে স্বাধীন করেছেন।